ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। ১৪ জনের স্কোয়াডে নেই চারদিনের ম্যাচ দুটোর দলে থাকা নাসিরুদ্দিন ফারুক, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ শরীফ, জিয়াউর রহমান এবং মোশাররফ হোসেন রুবেল।
তাদের জায়গা নিয়েছেন জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ, কাজী মাঞ্জারুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা, ফরহাদ রেজা এবং নাজিমউদ্দিনরা। ৭ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ ও ১১ মার্চ হবে পরের দুটো ম্যাচ। ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ৪ মার্চ, রোববার বিকেল পাঁচটার মধ্যে বগুড়ার নাজ গার্ডেন হোটেলে ‘এ’ দলের হেড কোচ শন উইলিয়ামসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ৪ --- ১৩ মার্চের মধ্যে অনুষ্ঠেয় ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলো তারা মিস করবেন। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারা তুষার ইমরানের দল ১ মার্চ বগুড়ায় শেষ চারদিনের ম্যাচটা খেলতে নামছে।
১৪ জনের ওয়ানডে দল : তুষার ইমরান (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, মার্শাল আইয়ুব, নাদীফ চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম অমি, কাজী মাঞ্জারুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, ফরহাদ রেজা, নাজিমুদ্দিন এবং সগীর হোসেন পাভেলরা।
