২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি-আর্সেনাল ম্যাচ হয়ে গেলো ‘ফুটবল কলংকের’ প্রতিশব্দ

শেষ বাঁশি বাজতে তখন আর কয়েক মুহূর্ত বাকি। হঠাৎই কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়াম যেন পরিণত হল যুদ্ধক্ষেত্রে! ফুটবল নয়, চেলসি ও আর্সেনালের খেলোয়াড়দের ন্যাক্কারজনক মারামারিতে গ্যালারি ভরা দর্শকও স্তম্ভিত। শেষ পর্যন্ত গোলমাল থামাতে রেফারি বের করলেন লাল কার্ড, আর্সেনালের কোলো টুরে ও ইমানুয়েল আদেবায়োর এবং চেলসির জন ওবি মিকেলের উদ্দেশে। রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালকে কলঙ্কিত করে বেরিয়ে গেলেন এই তিন জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তিন লালকার্ডের মতো এই ম্যাচের গোল সংখ্যাও তিনটি। দিদিয়ের দ্রগবার দুই গোলের কল্যাণেই গন্ডগোলে ভরা ম্যাচটাতে শেষ পর্যন্ত ২----১ ব্যবধানে জয়ের হাসি হেসেছে চেলসি। তবে ‘ব্লুজ’-এর বিজয়ের উৎসব অনেকখানি ম্লান করে দিয়েছেন অধিনায়ক জন টেরি। একটি কর্নারের সময় প্রতিপক্ষের আবু দিয়াবির সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। দুর্ঘটনাক্রমে দিয়াবির লাথি মুখে লাগার সঙ্গে সঙ্গে অজ্ঞানও হয়ে যান চেলসি অধিনায়ক! তাকে বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।

শেষটা খুব খারাপ হলেও ম্যাচের শুরুটা কিন্তু ছিল আর্সেনালের। ‘লন্ডন ডার্বি'তে পরিণত হওয়া ফাইনালে ১৭ বছর বয়সী স্ট্রাইকার থিও ওয়ালকটের গোল এগিয়ে দিয়েছে ‘গানার্স'কে। বিশ্বকাপে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েও মাঠে নামার সুযোগ না পাওয়া ওয়ালকটের আর্সেনালের জার্সি গায়ে এটাই প্রথম গোল। দ্বাদশ মিনিটেই এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপরা। ৭ মিনিট পর প্রতিপক্ষের অফসাইড ফাঁদ এড়িয়ে দ্রগবাকে লক্ষ্য করে বল বাড়িয়েছেন মাইকেল বালাক। তা থেকেই চেলসির সমতাসূচক গোলের জন্ম। জয়সূচক গোলটা এসেছে ৮৪ মিনিটে, দ্রগবার হেড থেকে।

২----১ গোলে এগিয়ে যাওয়া চেলসি যখন শিরোপার আনন্দে মেতে ওঠার জন্য রেফারির লম্বা বাঁশির অপেক্ষায় ঠিক তখনই ম্যাচের সবচেয়ে কলঙ্কজনক ঘটনার সূচনা। টুরে মিকেলের জার্সি ধরে টান দিলে মারামারি বেধে যায় দু জনের মধ্যে। এই গোলমালে যোগ দেন আদেবায়োরও। দুই দলের কোচ চেলসির হোসে মরিনহো ও আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার নিরুপায় হয়ে নেমে পড়েন মাঠের মধ্যে, খেলোয়াড়দের শান্ত করতে। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও লালকার্ড দেখানো থেকে রেফারি বিরত করতে পারেননি তারা। এই লজ্জাজনক ঘটনার জন্য দু দলই এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কঠিন শাস্তির আশঙ্কার সামনে দাঁড়িয়ে। দু দলকেই বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। তাছাড়া লালকার্ড পাওয়া তিন খেলোয়াড়ের ওপর নেমে আসতে পারে তিন ম্যাচের সাসপেনশন।

একে টেরির ঐ রকম মারাত্মক চোট। তার ওপরে এই ন্যাক্কারজনক ঘটনা। ম্যাচশেষে তাই জয়ের আনন্দ ছাপিয়ে মরিনহোর কন্ঠে ফুটে উঠেছে বিস্ময়মিশ্রিত বিষাদ,“শেষ মুহূর্তে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ঘটনাটা আমি গুছিয়ে বলতে পারছি না। তবে ব্যাপারটা একদমই ভাল হয়নি।” অন্যদিকে ওয়েঙ্গার শাস্তি নিয়ে ভীষণ দুশ্চিন্তায়,“আমাদের কি শাস্তি দেয়া হবে তা নিয়ে আমি চিন্তিত।  এফএ ইতিমধ্যেই ঘটনাটায় হস্তক্ষেপ করায় আমাদের দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে।”