২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি খেলে ইংল্যান্ড ‘এ’ দলের জয়

ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দেখভালের দায়িত্বে থাকা শফিকুল হক হীরা বলছিলেন,“টুয়েন্টি টুয়েন্টিতে ইংল্যান্ড খুবই ভালো।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

চারদিনের ম্যাচের পর বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের ২০ ওভারের ক্রিকেটের কথা তোলা অপ্রাসঙ্গিক নয় মোটেও। বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস ২৭৯ রানে শেষ হওয়ায় ইংলিশদের জন্য জয়ের টার্গেট দাঁড়ায় ১৩০ রান। আর ওই লক্ষ্যে পৌছানোর জন্য তাদের হাতে ছিল ২০ ওভার। তাই এ ম্যাচের শেষ বিকেলটা হয়ে উঠলো টুয়েন্টি টুয়েন্টির আমেজে ভরপুর।

তবে ২ বল বাকি থাকতে মাইক ইয়ার্ডির দলের ৫ উইকেটের জয়টা সহজ ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিন নিয়ে আসেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তুষার ইমরান। এনামুল হক জুনিয়র তার প্রথম ওভারের শেষ বলে ইংলিশ ওপেনার উইল জেফারসনকে ‘রাউন্ড দ্য লেগ’ বোল্ড করে সাফল্য এনে দেন দলকে। ১০ রানে তাকে হারানোর পর নিক কম্পটনকে (২৫) নিয়ে অন্য ওপেনার ম্যাট প্রায়োরের ৬৮ রানের জুটি ইংল্যান্ডকে সহজ জয়ের কথাই ভাবাতে থাকে আবার। অথচ নিজের ৩৫ রানে এনামুলের বলে কাভারে প্রায়োরের দেওয়া সহজ ক্যাচ আরেক বাঁ ---- হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল না ফেললে অবস্থা অন্যরকমও হতে পারতো। 

পঞ্চম ওভারে আক্রমণে আসা রুবেল এর প্রায়শ্চিত্ত করেছেন প্রায়োরকে শরীফের ক্যাচ বানিয়ে। ততক্ষণে ৫০ রান করা প্রায়োর ইংল্যান্ডকে ৯৯ রানে পৌঁছে দিয়েছেন। অবশ্য তখনও আঁচ করা যায়নি যে ম্যাচের শেষটা টানটান উত্তেজনার পারদ ছোঁবে। শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান  --- এ কথা বলেই শুধু উত্তেজনাটা বোঝানো যাচ্ছে না। ১৯ তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে ১১ বলে ১২ করে ফেলা মাইকেল কারবেরিকে (৭) পরের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রুবেল (৩৬ রানে ২ উইকেট)। ওই ওভারে ৬ রান  দেয়ায় জেতার জন্য শেষ ওভারে ইংল্যান্ডের সামনে ৮ রানের সমীকরণ দাঁড়ায়। প্রথম  বলেই এনামুল (৩৯ রানে ২ উইকেট) ইয়ার্ডিকে (২৭) শর্ট মিড উইকেটে তুষারের ক্যাচ বানিয়ে ড্র করার সম্ভাবনা উজ্জ্বল করেন অনেকটা। কিন্তু ওই পর্যন্তই। পরের বলেই অ্যালেক্স লাউডন বাউন্ডারি হাঁকিয়ে ইংলিশদের জয় নিয়ে আর কোনো সংশয়ই রাখেননি।

তুষার ড্রয়ের আশায় ছিলেন। পারলেন না যে? যখন ড্রয়ের জন্য শেষ দিনে পুরো দুটো সেশন ব্যাট করার লক্ষ্যও পূরণ হয়েছিল,“ওরা টুয়েন্টি টুয়েন্টিটা খুব ভালো খেলে। তাই ২০ ওভারে ১৩০ রান কঠিন ছিল না ওদের কাছে। আমরা দুই সেশন ব্যাটিং করেছি ঠিকই, কিন্তু রান কম করে ফেলেছি। ওদের দুই স্পিনারকে বেশি সাবধানে খেলতে গিয়ে রান কম হয়ে গেছে আমাদের।” আলাদা করেও একজনের কথা বললেন,“ওদের অফ স্পিনারটা (অ্যালেক্স লাউডন) খুব ভালো দুসরা করে। ব্যাটসম্যানদের তা বুঝতে বেশ সমস্যা হয়েছে।” ম্যাচের শেষদিনে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল একরকম একাই ধরে থাকা তুষার ইমরানও (৬২) ওই লাউডনের বলেই পড়েছেন লেগ বিফোরের ফাঁদে। ৭৬ রানে ৫ উইকেট নিয়েছেন, এতেই তো বোঝা যাচ্ছে লাউডনকে খেলায় বাংলাদেশী ব্যাটসম্যানদের সমস্যাটা!

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ : ১ম ইনিংস ২০৯ এবং ২য় ইনিংস ১৩০ দশমিক ৫ ওভারে ২৭৯/১০ (জহুরুল ৮৭, মেহরাব ৪১, রুবেল ৮, ফারুক ১৭, তুষার ৬২, শরীফ ২৬, অতিরিক্ত ২১, লাউডন ৫/৭৬, ওনিয়ন্স ২/৬৫, ব্রেসনান ২/২৩)

ইংল্যান্ড ‘এ’ : ১ম ইনিংস ৩৫৯ ও ২য় ইনিংস ১৯ দশমিক ৪ ওভারে ১৩০/৫ ( জেফারসন ২, প্রায়োর ৫০, কম্পটন ২৫, ইয়ার্ডি ২৭, কারবেরি ৭, লাউডন অপরাজিত ৮, ডেভিস অপরাজিত ২, অতিরিক্ত ৯)

ফল : ইংল্যান্ড ‘এ’ ৫ উইকেটে জয়ী