জাতীয় ক্রীড়া পুরস্কারও এসেছে তদন্তের আওতায়!
বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মাঝবিরতি চলছে। এই বছর কয়েক আগেও ঘরে বসে ম্যাচটা দেখতে থাকা অনেক দর্শকই ইএসপিএন, স্টার কিংবা টেন স্পোর্টস থেকে বিটিভিতে চলে যেতেন। তখন ক্রিকেট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার মোড়কে উপস্থাপক চৌধুরী জাফরউল্লাহ শরাফত নির্মল বিনোদনের খোরাক যোগাতে পারেন বলে একটা ধারণা প্রচলিত ছিল। ওই বিনোদনের টানেই দর্শকরা ...!
কী এক কারণে ওই অনুষ্ঠানে সর্বাধিক আমন্ত্রিতদের একজন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ --- সভাপতি এবং সাবেক সাংসদ শাহ নুরুল কবীর শাহীন। তার সঙ্গে প্রায়ই আলোচক হিসেবে থাকতেন রকিবুল হাসানও। শাহীনের সঙ্গে আলোচনার বিড়ম্বনার কথা মনে করে রোববার বিকেলেও আঁতকে উঠছিলেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক,“উফ”।
নিজে কথা বলার সুযোগ পেতেন কম। কিন্তু আগে ব্যাট করে বাংলাদেশ খারাপ করলে আলোচক হিসেবে খড়গহস্ত শাহীনের প্রশ্ন তাকে বিব্রত করত ঠিকই,“আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন কিন্তু এরকম করতাম না। তাই না রকিবুল?” শাহীন সাংসদ এবং তার দল ক্ষমতায় বলে বাধ্য ছাত্রের মতো “হুঁ হুঁ” করে মাথা নাড়তেন রকিবুল।
অথচ ক্রিকেটার হিসেবে একেবারেই সাধারণ গোছের ছিলেন শাহীন। রকিবুলের তাকে নিজের ত্রিসীমানায় ঘেঁষার মতো মনে করার কোনো কারণও নেই। আর তাকেই কিনা শাহীনের সঙ্গে একই কাতারে গিয়ে দাঁড়াতে হয়! কারণ, তারা দুজনেই ভূষিত হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারে। রকিবুল ২০০০ সালে। ২০০৫ সালে ক্রিকেটে জাতীয় পুরস্কারের জন্য শাহীনের মনোনীত হওয়া নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে। বিসিবি থেকে আতাউল হক মল্লিকের নাম প্রস্তাব করা হলেও শাহীনও ব্যক্তিগতভাবে পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ আছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই সেবার পুরস্কৃত হয়েছিলেন তিনি।
শাহীন এখন আর সাংসদ নন। তার দলও ক্ষমতায় নেই। রকিবুলও তাই অনেকটাই নির্ভয়। তাছাড়া ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সোচ্চার হওয়াটাও সাহসী করে তুলেছে তাকে। ২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের স্যুভেনিরে শাহীনের পরিচিতিতে নির্জলা মিথ্যের ছড়াছড়ি সচেতন ক্রীড়া সংশ্লিষ্ট লোকদের চোখ এড়ায়নি তখনো। এ নিয়ে হাসাহাসিও হয়েছে বিস্তর।
এবার প্রতিকার চেয়ে রকিবুল হাসান ওই মিথ্যাচারের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীরও দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানালেন নফহবংি২৪.পড়স কে,“জাতীয় ক্রীড়া পুরস্কারের স্যুভেনির মানে এটা একটা রাষ্ট্রীয় ডকুমেন্ট। সেখানে মিথ্যে তথ্য দেওয়া কত বড়ো অপরাধ, ভাবতে পারেন! লেখা হয়েছে শাহীন সাহেব নাকি ১৯৮৩ র ইংল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছিলেন। আমি সেই দলের অধিনায়ক ছিলাম। তিনি থাকলে তো আমার সবার আগে জানার কথা। এক অনুষ্ঠানে মাননীয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। আমি তাকে বিষয়টা জানিয়েছি। ভারপ্রাপ্ত ক্রীড়া সচিবকেও অবহিত করেছি। ক্রীড়া উপদেষ্টা বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”
রকিবুলের কথায় স্পষ্ট, ওই মিথ্যাচার তার আবেগকেও কতটা ছুঁয়েছে,“ক্রীড়া উপদেষ্টার সঙ্গে একেবারে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে আমার। তাকে এ --- ও বলেছি যে, ব্যবস্থা নেওয়া না হলে এমনও হতে পারে, আমি হয়তো নিজের জাতীয় পুরস্কারটাই ফিরিয়ে দেব। এ ধরনের লোকদের সঙ্গে তো একই ব্র্যাকেটে বন্দী হয়ে থাকতে পারবো না।”
রোববার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে জানা গেল, এ ব্যাপারে তোড়জোরও শুরু হয়ে গেছে। তিনি বলেন,“এধরনের একটা খবর (শাহীনের মিথ্যাচার) আমিও শুনেছি। এটা দেখা হচ্ছে। ইতিমধ্যে আমাদের লোকজন এটা নিয়ে কাজও শুরু করে দিয়েছে।”
তবে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে শুধু এই একটা অভিযোগেই থেমে না থাকার ব্যাপারটাও জানাতে ভুললেন না ক্রীড়া উপদেষ্টা,“আসলে বিগত বছরগুলোতে জাতীয় পুরস্কার যারা পেয়েছেন, তাদের কেউ কোনো প্রভাব খাটিয়ে তা পেয়েছেন কিনা, এসবও খতিয়ে দেখা হচ্ছে। বললাম না, এরমধ্যেই এসব নিয়ে কাজ শুরু হয়ে গেছে! এটুকু বলতে পারি, প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবস্থার স্বরুপটা অবশ্য খোলাসা করেননি ক্রীড়া উপদেষ্টা। হয়তো প্রমাণিত হলে শাহীনদের পুরস্কার কেড়ে নেওয়াই ভবিতব্য। তাহলে হয়তো আর শাহীনের সঙ্গে একই ব্র্যাকেটে বন্দী হয়ে থাকার কষ্ট পুষতে হবে না রকিবুল হাসানকে!
