বিশ্বকাপে ‘অন্য’ শেবাগ!
তার ক্রিকেটদর্শনটা খুব সোজা। ‘বল হচ্ছে পেটানোর জিনিস, ওটাকে পেটাও।” সেই বীরেন্দর শেবাগ এখন অন্য কথা ভাবছেন। বিশ্বকাপে সাদা ক্রিকেট বলটাকে নাকি সমীহ করেই খেলবেন শেবাগ!
বেশ কিছুদিন ধরেই ‘বীরুর’ দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাট হাতে ফর্ম এত খারাপ ছিল যে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাখাই হয়নি তাকে। শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে অবশ্য আবার দেয়া হয় সুযোগ। সে সুযোগে সিরিজের শেষ ওয়ানডেতে ৪৪ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিতও রেখেছেন। তারপরও আত্মবিশ্বাসী শেবাগকে ফিরে পাওয়া যাচ্ছে কই! রয়টার্সকে বলা নানান কথার ভীড়ে ২৮ বছর বয়সী দিল্লীর এই ব্যাটসম্যান বরং জানিয়েছেন আত্মবিশ্বাস ফিরে পেতে নিজের সঙ্গে বেমানান কৌশলই অনুসরন করবেন বিশ্বকাপে, “ আমি আমার শট নির্বাচনে কিছুটা পরিবর্তন এনেছি। যখন খুব বেশি রান পাচ্ছেন না তখন শট নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই (বিশ্বকাপে) ইনিংসের শুরুর দিকে আমি আমার দু একটা শট খেলা থেকে বিরত থাকবো। তবে উইকেটে কিছ্ক্ষুণ কাটানোর পর ওই শটগুলোও খেলতে শুরু করবো।”
শেবাগ অফ স্টাম্পের বাইরের বল দেখে --- শুনে ছেড়ে দিচ্ছেন --- এমন দৃশ্য কদিন আগেও ছিল কল্পনাতীত। এখন তা --- ই বাস্তব, কারণ, গত আগস্ট থেকে এ পর্যন্ত ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন শেবাগ। ১৬৭ ম্যাচে ৪,৮৩৩ রান করা ব্যাটসম্যানটিকে হালে পরামর্শের সুরে একটা নির্দেশই দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার,“শুরুর দিকের ওভারগুলো সামলাও, তারপর মারা শুরু করো।”
আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য বোলারদের ত্রাস আর দর্শকদের প্রিয় হয়ে ওঠা ব্যাটসম্যানকে এমন পরামর্শ দেয়ার যে কারণ আছে তা শেবাগও বুঝতে পারছেন, “ আমি সম্ভবত শুরুর দিকে খুব বেশি শট খেলার কারণে তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিলাম।”
তো সেই ভুল থেকে বেরিয়ে আসার জন্যই রণকৌশল নতুন করে ঠিক করছেন শেবাগ। তবে ‘পেটানোর জিনিস'কে সারাক্ষণ শুধু সমীহই করে যাবেন, তা হবে না। কেননা তার তো জানা আছে শুরু থেকেই পেটানোর মজাটা কোথায়,“নেমেই পেটাতে শুরু করলে বোলার কিছুটা ভড়কে যায়। তার (বোলার) ওপর চাপ বজায় রাখলে ওভারে চার ÑÑÑ ছয় মারার মতো দু’একটা বল অন্তত ও দেবেই।”
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা বীরেন্দর শেবাগ। কারণ,ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটগুলোর মতোই স্লো আর নিচু বাউন্সের। তবে এ --- ও বললেন এমন উইকেটে ভারত কেন ,বিশ্বের সেরা দলটিও নিরাপদ নয়,“ওখানে অস্ট্রেলিয়ারও জিততে কষ্ট হবে। ওরা তো বাউন্সি আর ফাস্ট উইকেটে খেলে অভ্যস্ত। সে কারণেই (ওয়েস্ট ইন্ডিজে) নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।
বিশ্বকাপ কে জিতবে --- এই প্রশ্ন এ মুহুর্তে বেশি ভাবায় না বীরেন্দর শেবাগকে। তার ভাবনায় ঘুরপাক খাচ্ছে একটাই কথা ----- ব্যর্থতার বৃত্ত থেকে নিজেকে বের করতেই হবে। সে জন্য ছোট্ট একটা লক্ষ্যও স্থির করে ফেলেছেন,“আমার লক্ষ্য হলো, দলকে ভালো সুচনা দেওয়া এবং তা করতে পারলে বড় ইনিংসের দিকে এগিয়ে যাওয়া।”
শুরুতে না হয় দেখে খেলবেন, কিন্তু বড় ইনিংসের দিকে গেলে? তখন নিশ্চয়ই ‘আসল’ শেবাগকে ফিরে পাওয়া যাবে!
