লুকোচুরির সভায় সিসিডিএম চেয়ারম্যান বদল
আগেরদিনই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভার সংবাদ সংগ্রহের জন্য কোনো প্রতিবেদকের প্রবেশাধিকার থাকবে না ঢাকা ক্লাবে। এবং যা জানানোর তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে।
এতেই বোঝা গিয়েছিল গোপন কিছু সিদ্ধান্তই হবে ওই সভায়। তা হয়েছেও। কেননা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান হিসেবে গাজী গোলাম দস্তগীরকে দায়িত্ব দেওয়ার খবরটা বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নেই।
শনিবার দুপুরে সিসিডিএম, ডেভলপমেন্ট ও টিকেট অ্যান্ড সিটিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের কথা মৌখিকভাবে বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসারকে জানানোর জন্য ফোন করেন খন্দকার জামিলউদ্দিন। তখনই সিইওর কাছ থেকে গাজী গোলাম দস্তগীরকে সিসিডিএমের দায়িত্ব দেওয়ার কথা জানতে পারেন বলে জানিয়েছেন জামিল, “শনিবার বোর্ড বন্ধ। তাই সব কমিটি থেকে আমার পদত্যাগের চিঠি সিইওর কাছে পৌঁছাতে রোববার হয়ে যাবে। সেজন্যই দুপুরে তাকে ফোন করি। তখনই জানলাম আমাকে জিজ্ঞেস না করেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। একটা সৌজন্য দেখানোর প্রয়োজনও মনে করলো না বোর্ড।” সভায় শাহীন আফতাবুর রেজাকে ডেভলপমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতেও বলা হয়েছে।
মিডিয়ায় ব্যাপক লেখালেখির পর বোর্ডের খরচে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ দেখতে যাওয়ার ব্যাপারেও অনীহা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে সভার একটি সূত্র। কয়েকজন সাবেক ক্রিকেটারকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো যুক্তিযুক্ত অ্যাসাইনমেন্ট ছাড়া তারাও কেউ যেতে রাজি হননি বলে জানা গেছে। এছাড়া এ সভায় বিশ্বকাপে ভালো করলে ক্রিকেটারদের বাড়তি বোনাসের অঙ্কটা অনুমোদিত হয়েছে।
আর ভারতের মুম্বাইতে অনুষ্ঠেয় প্রথম মুক ও বধির এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জন্য আর্থিক অনুদান তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ বিশ হাজার টাকা করারও সিদ্ধান্ত হয়েছে সভায়।
