২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশে যখন সন্ধ্যা, অ্যান্টিগায় তখন সকাল। ঘুম থেকে আড়মোড়া ভেঙ্গে কেবলই জেগে ওঠা হাবিবুল বাশারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যোগাযোগটা এ সময়েই হয়ে এসেছে গত কিছূদিন। শনিবারও তার ব্যতিক্রম নয়।

স্পোর্টস ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমের পক্ষ থেকে এদিন জানার অন্যতম বিষয় ছিল পরদিন বারমুডার সঙ্গে ম্যাচের একাদশ।

ওয়ার্ম আপ ত্রিদেশীয় প্রতিযোগিতায় বাংলাদেশের আরেক প্রতিপক্ষ কানাডা। গত বিশ্বকাপে যাদের কাছে হেরে চরম লজ্জায় ডুবেছিল টাইগাররা। এবার অবশ্য তাদের পারফরম্যান্সের কারণেই তেমন আশঙ্কায় থাকার সুযোগ নেই। রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই হবে কোনো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে বারমুডার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

এ ম্যাচের জন্য একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অধিনায়ক হাবিবুল বাশার। তবে টেলিফোনে তিনি ১২ জনের দল জানিয়ে দিয়েছেন। এ ম্যাচের জন্য বিবেচিত হচ্ছেন না জাভেদ ওমর, রাজিন সালেহ এবং সৈয়দ রাসেল। এদের মধ্যে রাসেল অ্যান্টিগায় গিয়ে জ্বরের কবলেও পড়েছেন বলে জানা গেছে হাবিবুলের কাছ থেকে, “আমরা এ ম্যাচের জন্য একাদশ ঠিক করিনি। তবে জাভেদ, রাজিন ও রাসেল খেলছে না। মাশরাফির পায়ে সামান্য ইনজুরি আছে। রাজীবেরও (শাহাদাত) পায়ের পাতায় সমস্যা আছে কিছুটা। গুরুতর কিছুই নয় অবশ্য। দুজনেই গতকাল (শুক্রবার) প্র্যাকটিস করেছে। একাদশ ঠিক করার আগে আজকের (শনিবার) প্র্যাকটিস সেশনেও তাদের দেখবো আমরা। রাসেলেরও গতকাল (শুক্রবার) জ্বর ছিল। যে কারণে প্র্যাকটিসই করতে পারেনি সে।”

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ বারমুডা বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচও খেলে নিয়েছে অ্যান্টিগার সঙ্গে। রিক্রিয়েশন গ্রাউন্ডে হওয়া সেই ম্যাচে ১৪০ রান তাড়া করতে নেমে তারা ২৪ রানে হেরেছে।

২০ ফেব্রুয়ারি অ্যান্টিগায় পৌঁছানো বাংলাদেশ দলের অবশেষে রিক্রিয়েশন গ্রাউন্ডও দেখা হয়েছে। টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার রেকর্ডভাঙ্গা অপরাজিত ৪০০ ও ৩৭৫ রানের ইনিংস দুটোর সাক্ষী রিক্রিয়েশন গ্রাউন্ড দেখার উচ্ছ্বাস হাবিবুলের কথাতেও, “গতকাল (শুক্রবার) আমরা রিক্রিয়েশন গ্রাউন্ডে প্রথমবারের মতো প্র্যাকটিস করেছি।”

বাংলাদেশ দলের কঠোর অনুশীলন পর্ব অ্যান্টিগায় যাওয়ার পর থেকেই চলছে। অধিনায়ক নিজেই  সেন্ট জোনস থেকে টেলিফোনে সবিস্তারে সেসব জানিয়েছেন, “আমরা কঠিন ট্রেনিং করেছি এবং করছিও। প্রতিদিন আমরা তিনটি সেশনে প্র্যাকটিস করে আসছি। আমাদের হোটেলের ঠিক পাশেই দুর্দান্ত একটা সি বিচ। খুব সকালে সেখানে আমরা দেড় ঘন্টা দৌড়াই। তারপর আমরা নেট করতে যাই। আর বিকেলে বিকেলে হোটেলের জিমে  স্ট্রেন্থ ট্রেনিং করি।”