২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙ্গসরকারের হুঁশিয়ারি আর পাঠানের প্রতিজ্ঞা

“আগে ফিটনেস, তার পর বিশ্বকাপ যাত্রা”ÑÑকোনো রাখ-ঢাক নয়, কোনো লুকোচুরি নয়, ইরফান পাঠানের উদ্দেশে দিলীপ ভেঙ্গসরকারের সরাসরি হুঁশিয়ারি। রোববার থেকে শুরু হতে যাওয়া দেওধর ট্রফিতে নিজেকে ফিট দেখাতে না পারলে পাঠানকে যে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হবে, সে কথা জানাতে একদমই দ্বিধা করেননি ভারতের প্রধান নির্বাচক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বছর তিনেক আগে বেশ আলোড়ন তুলেই তার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। ২০০৩---০৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ভারত যে বিশ্বসেরাদের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করেছিল, তার পেছনে পাঠানের অবদান অনস্বীকার্য। এর পর স্বপ্নের মতো পাকিস্তান সফর। সেবারই প্রথম বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের অনন্যসাধারণ আনন্দ পেয়েছিল ভারত। শুধু তীক্ষè সুইং মেশানো বল দিয়েই নয়, ব্যাট হাতেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। গত বছর করাচি টেস্টে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করার কৃতিত্বও মনে রাখতে হবে বহু দিন। ব্যাটসম্যান---বোলার দু ভূমিকাতেই তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পাঠানের মধ্যে কপিল দেবের ছায়াও দেখতে পাচ্ছিলেন কেউ কেউ।

তবে সাফল্যের সেই আকাশছোঁয়া আনন্দ থেকে তাকে ব্যর্থতার কঠিন জমিতে নামিয়ে আনলো ২০০৬--এর ওয়েস্ট ইন্ডিজ সফর। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেট মাত্র ৬টি, রান ২৪। ফলাফল ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সময় তিনি শুধুই এক জন দর্শক। আর তার থেকেই পাঠান ভারতের প্রথম একাদশে হয়ে পড়েন অনিয়মিত। এর সঙ্গে চোটও হানা দেয়ায় তার বিশ্বকাপ স্বপ্নই ধূলিস্যাত হতে বসেছিল। সেটা শেষ পর্যন্ত হয়নি, ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে ভেঙ্গসরকার জানাচ্ছেন দেওধর ট্রফিতে সুস্থতার প্রমাণ দিতে না পারলে পাঠানকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে পারে ভারতীয় দল,“পশ্চিমাঞ্চলের পক্ষে ফিট হয়ে বল করতে না পারলে সে যাবে না। ইরফানের জন্য ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। নিজের ফিটনেস দেখানোর জন্য এটা তার সামনে একটা বিরাট সুযোগ। আমি অবশ্য নিঃসন্দেহ যে সে তার ফিটনেসের প্রমাণ দিতে পারবে। তবে সোজা কথা হলো ফিট না হলে সে ওয়েস্ট ইন্ডিজে যাবে না।”

প্রধান নির্বাচকের এমন হুঁশিয়ারিতেও কিন্তু সেই পরিচিত স্মিত হাসি ম্লান হয়নি পাঠানের। একটি বিজ্ঞাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে হাসি মুখেই সংকল্পের কথা জানিয়েছেন তিনি,“আমার চোটটা তেমন বড় কোনো সমস্যা নয়। প্রত্যেক ব্যক্তিকেই এ ধরনের সমস্যার ভেতর দিয়ে যেতে হয়। এক দিক দিয়ে ব্যাপারটা ভাল যে এই বয়সে এটা হয়েছে। এটা আমাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। আর উইকেট পেলে কেউই আপনার সুইং বা পেস নিয়ে কোনো কথা বলবে না।”