২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে বাংলাদেশ ‘এ’ দলের দিন

“দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানরা নিজেদের চেনাচ্ছেন”--- চারদিনের ম্যাচের তৃতীয় দিনের খেলাশেষে সরল স্বীকারোক্তি ইংল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক মাইকেল ইয়ার্ডির। তা বলাই স্বাভাবিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারানো তুষার ইমরানের দল দ্বিতীয়বার ব্যাটিংয়ের পালায় পুরো অন্যরকম। আরেকটু হলে কোনো উইকেট না হারিয়েই তৃতীয় দিনটা পার করে ফেলতে পারতো তারা। ১৫০ রানে পিছিয়ে থেকে (ইংল্যান্ড ১ম ইনিংস ৩৫৯ ও বাংলাদেশ ১ম ইনিংস ২০৯ রান) দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ‘এ’ দল ওপেনার জহুরুল ইসলাম অমির উইকেটটি হারিয়ে তুলেছে ১৩৭ রান।

সেঞ্চুরির বঞ্চনায় পুড়লেও নিজেদের চেনানোর ক্ষেত্রে জহুরুলই সবচেয়ে বেশি এগিয়ে। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গে নিয়ে ওপেনিংয়েই তিনি বাংলাদেশ ‘এ’ দলকে এনে দিয়েছেন ১৩১ রানের জুটি। এর ওপর দাঁড়িয়ে ড্রয়ের কথা নিশ্চিন্তে ভাবতে পারছেন অধিনায়ক তুষার ইমরান, “আমি ড্র হলেই খুশী।”

কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক ইয়ার্ডি এখনো ছাড়েননি জয়ের আশা, “কাল (রোববার) সকালে যদি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারি, তাহলে জেতার আশা কেন করবো না?”

বাংলাদেশ এখন তাদের চেয়ে মাত্র ১৩ রানে পিছিয়ে। তুষার কমপক্ষে ২০০ রানের লিড নিয়ে ছাড়তে চাইছেন। তা হলেও ইংলিশদের জন্য কাজটা যে সহজ হবে না, জহুরুলই ঘোষণা করে দিচ্ছেন সেটা, “উইকেটে বল নীচু হয়ে আসছে। তাছাড়া স্পিনাররাও টার্ন পাচ্ছে।” ইয়ার্ডিকেও তাই মানতে হচ্ছে,“চতুর্থ ইনিংসে ব্যাট করাটা এমনিতেও সহজ কাজ নয়। তার ওপর এই উইকেটে স্পিনও ধরতে শুরু করেছে।”

তৃতীয় দিনে লাঞ্চের পর থেকে ইংলিশদের কেবল হতাশাতেই পুড়িয়েছেন জহুরুল আর মেহরাব। শুরুটা ধীরলয়েই, তবে সময়ে তাদের হাতও খুলেছে। জহুরুলের ২০৭ বলে খেলা ৮৭ রানের ইনিংসটায় বাউন্ডারির মার আছে আটটি। অবশ্য তার ইনিংসটা একেবারে নিখুঁত নয়। বাহাতি স্পিনার ইয়ার্ডির বলে কাভারে নিক কম্পটন তার ক্যাচ ফেলার সময় জহুরুলের রান ছিল ৭১। এভাবে জীবন ফিরে পাওয়ার পরও সেঞ্চুরি না পাওয়াটা তার জন্য হতাশার তো অবশ্যই। তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে অল্প দূরত্বে দাঁড়ানো জহুরুলকে টলিয়ে দিয়েছে অফস্পিনার অ্যালেক্স লাউডনের ‘রং ওয়ান’। তাতেই উইকেটের পেছনে ক্যাচ। “বলটা দুসরা ছিল”Ñ বলেছেন জহুরুল।

দিনের খেলা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে তাকে তুলে নেওয়াটাই ছিল ইংলিশদের একমাত্র স্বান্তনাটা। ৪১ রান নিয়ে ব্যাট করতে থাকা মেহরাব বাকিটা সময় নাইটওয়াচম্যান মোশাররফ হোসেন রুবেলকে (১*) নিয়ে নিরাপদেই পার করে দিয়েছেন।

সকালে তৃতীয় ওভারেই আগেরদিনের ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শুরু করা ইংলিশদের প্রথম ধাক্কাটা দেন ডলার মাহমুদ। তার বলে ফ্লিক করতে গিয়ে ডিপ মিডউইকেটে রুবেলের ক্যাচ হন টিম ব্রেসনান (৩২)। তবে অ্যালেক্স লাউডন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংস সর্বোচ্চ ৭১ রান করায় ইংল্যান্ড ‘এ’ দল গিয়ে পৌছায় ৩৫৯ রানে। লাউডনকে লেগ বিফোরের ফাঁদে ফেলা ডলার মাহমুদ ৮২ রানে ৩ উইকেট নিয়ে ইংলিশদের খুব বেশি বাড়তে না দেওয়ায় ভূমিকা রেখেছেন ।