গোড়ালিতে অস্ত্রোপচার লাগবে ব্রেট লির
গোড়ালিটার অবস্থা সত্যিই খুব করুণ। বেশ কয়েকটা শিরা ছিড়ে যাওয়ায় বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করাতেই হচ্ছে ব্রেট লিকে। সম্ভবত দু সপ্তাহের মধ্যেই সেটা করাতে হবে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারকে।
শুক্রবারই দুঃসংবাদটা শুনতে হয়েছে তাকে। সেদিন এক জন অস্থি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার পরই ব্রেট লি জানতে পেরেছেন তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ! সেই অভিজ্ঞতার কথা তার মুখ থেকেই শোনা যাক,“ঐ অস্থি বিশেষজ্ঞ আমাকে বাঁ গোড়ালির ওপর পুরো শরীরের ভার নিয়ে দাঁড়াতে বলেছিলেন। কিন্তু আমি তা করতে পারিনি। আর যেহেতু আমি এক জন ফাস্ট বোলার, তাই বল করার সময় বাঁ গোড়ালির ওপর অনেক বেশি চাপ দিতে হয়। খুব দ্রুততার সঙ্গে, চার সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কিছুতেই সম্ভব হতো না আমার পক্ষে।’
সেই চিকিৎসকই জানিয়ে দিয়েছেন সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে দু থেকে তিন মাস সময় প্রয়োজন ব্রেট লি’র। আর তাই গত বিশ্বকাপে ২২টি উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফাস্ট বোলারকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ওয়েস্ট ইন্ডিজে যেতে হচ্ছে।
লির কারণেই শুধু নয় অবশ্য, পন্টিং----হেইডেন----সাইমন্ডস----মাইকেল ক্লার্কের চোট নিয়েও এ মুহূর্তে দুশ্চিন্তায় আছে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে সদ্য ডান কাঁধে অস্ত্রোপচার করানো সাইমন্ডকে নিয়ে একটা আশঙ্কা উঁকি দিচ্ছে সাবেক ফাস্ট বোলার টেরি অলডারম্যানের মনে, “সাইমন্ডসকে নিয়ে আমি শুধু এই টুর্নামেন্টের (বিশ্বকাপ) জন্যই চিন্তিত নই। তার বাকি ক্যারিয়ার নিয়েও আমি দুশ্চিন্তাগ্রস্ত। চোটটার মতো তার অস্ত্রোপচারটাও বেশ গুরুতর।” এ প্রসঙ্গে অলডারম্যানের মনে পড়ছে অস্ট্রেলিয়ার আরেক সাবেক ফাস্ট বোলার জেফ টমসনের এক ‘দুর্ঘটনা’র কথা, “আমরা সবাই জানি অনেক বছর আগে অ্যালান টার্নারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর জেফ টমসনের কি দশা হয়েছিল। তাকে (টমসনকে) আর আগের সেই বিধ্বংসী রূপে দেখা যায়নি। আমার আশঙ্কা এই চোট সাইমন্ডসের ফিল্ডিংয়ে না বাজে প্রভাব ফেলে!”
