২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ টেস্ট ফাঁকি দেওয়ায় শোয়েব-আসিফের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়

ফিটনেস সমস্যা তো আছেই। তার সঙ্গে যোগ হয়েছে ডোপ টেস্ট ফাঁকি দেয়ার অভিযোগ। এ সব মিলিয়ে বিশ্বকাপে খেলতে না পারার আশঙ্কার সামনে দাঁড়িয়ে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্যোগে আয়োজন করা এই পরীক্ষায় অংশ না নেয়ায় দু জনকেই বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারে পাকিস্তান! পিসিবি’র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন্স সেলিম আলতাফ এ রকমই ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বকাপে অংশ নেয়ার আগে সংশ্লিষ্ট বোর্ডগুলোর এ ধরনের পরীক্ষা করানোর কোনো বাধ্যবাধকতা নেই। তবু কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পিসিবি নিজেদের উদ্যোগেই পাকিস্তান দলের ক্রিকেটারদের ড্রাগ করানোর সিদ্ধান্ত নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোয়েব--আসিফের সেই ড্রাগ--কেলেঙ্কারির কথা মনে রেখেই হয়তো! অথচ শনিবার পর্যন্ত এই পরীক্ষায় অংশ নেননি এই দুই ফাস্ট বোলার। এর মধ্যে ১৫ জনের বিশ্বকাপ দলের ১৩ জনই অংশ নিয়েছেন এই ড্রাগ টেস্টে, তার মধ্যে উতরে গেছেন ১১ জন। অধিনায়ক ইনজামাম-উল হক ও শহীদ আফ্রিদির টেস্টের রিপোর্ট দু--এক দিনের মধ্যেই পিসিবির হাতে এসে পড়ার কথা।

শোয়েব ও আসিফের এমন ‘রহস্যজনক’ অনুপস্থিতির অন্য মানে খুঁজছে পাকিস্তানের কয়েকটি পত্রিকা। কদিন আগে লন্ডনে গিয়েছিলেন তারা দুজন। পত্রিকাগুলোর ধারণা এখনো শরীরে নিষিদ্ধ ড্রাগ ন্যানড্রোলনের অবশিষ্টাংশ আছে কি না তা জানতে নাকি স্ব--উদ্যোগে তারা নিজেদের ড্রাগ টেস্ট করিয়েছিলেন সেখানে! অথচ পিসিবি’র ড্রাগ টেস্টে দু জনেই অনুপস্থিত। ব্যাপারটা তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় একটা কালো ছায়া ফেলেছে, জানিয়েছেন পিসিবি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা, “পরিস্থিতিটা তাদের জন্য মোটেই ভাল নয়। তাদেরকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। এবং তাদের বিশ্বকাপে খেলার ব্যাপারে আমরা তেমন আশাবাদীও হতে পারছি না।”

সেলিম আলতাফ তো শোয়েব--আসিফের এ ধরনের ‘নির্বুদ্ধিতায়’ ভীষণ ক্ষুব্ধ। তার পরিস্কার কথা, “আমি বুঝতে পারছি না তারা কেন এই পরীক্ষায় অংশ নিতে এত দেরি করছে। তারা যদি একান্তই অংশ না নেয় তাহলে বিশ্বকাপেও যেতে পারবে না।”

১ মার্চ পাকিস্তান দল রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজে।