ফলোঅনে পড়েও ম্যাচ বাঁচালো চট্টগ্রাম
ঢাকার ৫০০ রানের একমাত্র ইনিংসটাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে বলে মনে হচ্ছিল। ফতুল্লা স্টেডিয়ামে সেই পথেই এগুচ্ছিল ম্যাচটা। প্রথম ইনিংসে ২৮৯ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়া চট্টগ্রাম তৃতীয় দিনের শেষেও বিপদের গন্ধ পাচ্ছিল।
দ্বিতীয় ইনিংসে ৬ রানে ২ উইকেট হারালেও ম্যাচের শেষদিনে ঘূরে দাঁড়িয়ে ঠিকই হার এড়িয়েছে তারা। ওপেনার নাফিস ইকবাল (৪৯), নাজিমউদ্দিন (৫৩), এহসানুল হক (৬৩*) ও ধীমান ঘোষদের (৩২) সম্মিলিত প্রয়াসে ৬ উইকেটে ২২৯ রান তোলা চট্টগ্রাম ম্যাচে ড্র মেনে নিতে বাধ্যই করেছে ঢাকাকে।
খুলনায় স্বাগতিকরা ম্যাচের শেষ দিনে বরিশালের বিপক্ষে কোনো ঝুঁকিই নেয়নি। ৩৭৯ রানের টার্গেটের পেছনে না ছুঁটে তারা দিনটা ৫ উইকেটে ২২৬ রান তুলে পার করে দিয়েছে। তাই ফলাফল ড্র। দুই ওপেনার মনিরুল ইসলাম (৪৯) ও ইমরুল কায়েসের (৮৩) ১৩৭ রানের জুটিই আসলে ড্র নিশ্চিত করে দেয়। পরে ২ রানের ভেতর তারা দুজন ফিরে গেলেও অন্যরা হারের আশঙ্কা জাগতে দেননি।
