২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষে বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ ‘এ’

আগেরদিনের মতো ম্যাচের দ্বিতীয় দিনের সকাল নিয়েও আফসোস তুষার ইমরানের। প্রথম দিন যদি ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য করে থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক, তাহলে শুক্রবার তার আফসোসের কারণ বোলাররা,“দিনের শুরুতে বোলাররা মোটেও ভালো বল করতে পারেনি।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তা না করলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ড ‘এ’ দলের ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলায় হতাশার কিছুই দেখছেন না তুষার,“সবকিছূ মিলিয়ে দিনটা মন্দ যায়নি আমাদের। দিনের শেষে ৫৯ রানে পিছিয়ে আছি আমরা। (বাংলাদেশের প্রথম ইনিংস ২০৯ রানের)। ওদের লিড ১৩০ রানে আটকে রাখতে পারলে ম্যাচে আমরা ভালোভাবেই থাকবো।”

অবশ্য প্রথম ইনিংসে  দলের শুরুর দিকের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের কথা মাথায় রেখে একটা শর্তও জুড়ে দিচ্ছেন অধিনায়ক,“  সেজন্য আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে।” তবে প্রতিপক্ষ অধিনায়ক মাইক ইয়ার্ডিও তাকিয়ে আছেন তৃতীয় দিনের দিকেই,“তৃতীয় দিনে আমাদের লক্ষ্য থাকবে লিড যতোটা সম্ভব বাড়িয়ে নেওয়া।”

কথাটা হয়তো আরো গলা চড়িয়েই বলতে পারতেন ইয়ার্ডি, যদি তার দলের প্রথম সারির ব্যাটসম্যানরা বড়ো ইনিংস খেলায় ব্যর্থতা না দেখাতেন। একমাত্র ব্যতিক্রম মাইকেল কারবেরি। বিসিবি একাডেমী দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা কারবেরি করেছেন এখন পর্যন্ত ইংল্যান্ড ‘এ’ দলের প্রথম ইনিংস সর্বোচ্চ ৭০ রান। বাঁ --- হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে রিটার্ন ক্যাচ দিয়ে শেষ হয়েছে তার সেঞ্চুরির আশা। ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানের অন্য চারজন উইল জেফারসন (৩৮), নিক কম্পটন (২৩), ইয়ার্ডি (৩৪) ও অ্যালেক্স ডেভিস (৩৭) আশা জাগালেও বড় ইনিংস খেলতে পারেননি। এর মধ্যে শেষেরজনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এদিন বাংলাদেশ ‘এ’ দলের অন্যতম সেরা বোলার রুবেল নিয়েছেন ৬২ রানে ২ উইকেট। ‘অন্যতম’ বলার কারণ, আরেক বাঁ -- হাতি স্পিনার এনামুল হক জুনিয়রেরও ৬৭ রান খরচায় শিকার ২ উইকেট।

দিনের শেষে অ্যালেক্স লাউডন (২৫*) এবং টিম ব্রেসনান (২১*) তৃতীয় দিনে লিড যতোটা সম্ভব বাড়িয়ে নেওয়ার আশা বাঁচিয়ে রাখলেও একটা হতাশা ভুলতে পারেননি ইয়ার্ডি,“আমাদের প্রথম দিকের ব্যাটসম্যানরা সবাই সেট হয়েও বড়ো রান করতে পারলো না।” এই হতাশার মধ্যমণি বোধহয় তিনি নিজেই। তার ইনিংসটা যে শেষ করেছে প্রতিপক্ষ অধিনায়ক তুষার ইমরানের থ্রোতে রান আউটের  দুর্ভাগ্য!