উইম্বলডনের সিদ্ধান্ত নিয়ে টেনিস বিশ্বে জমজমাট বিতর্ক
কেউ কেউ দারুণ খুশি, কেউ আবার বেশ ক্ষুব্ধ। অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনের পর উইম্বলডনেও পুরুষ ও মহিলাদের সমান অর্থ পুরস্কারের (প্রাইজমানি) ঘোষণাতে টেনিস বিশ্ব প্রায় দ্বিধাবিভক্ত! টেনিসের সবচেয়ে মর্যাদার আসরে এই ‘সাম্যাবস্থা’ কে স্বাগত জানানোর পাশাপাশি এই সিদ্ধান্তের বিরোধিতাও থেমে নেই।
স্বাগত জানানোদের একজন ভেনাস উইলিয়ামস। মহিলাদের সাবেক এক না¤া^র ও উইম্বলডনের ২০০০, ২০০১ ও ২০০৫-- এর চ্যাম্পিয়ন বহু দিন ধরেই পুরুষদের সমান অর্থ পুরস্কারের দাবীতে সোচ্চার। উইম্বলডনের নিয়ন্ত্রক সংস্থা অল ইংল্যান্ড অবশেষে সেই দাবী মেনে নেয়ায় ভেনাস একই সঙ্গে আনন্দিত ও আবেগাক্রান্ত,“আমি মনে করি আধুনিক পৃথিবীতে, আধুনিক ধ্যান--ধারণায় বলীয়ান হয়ে আমাদের বোঝা উচিৎ যে প্রত্যেকেই সমান। তাই কেউ যদি আধুনিক পৃথিবীতে বসবাস করতে এবং সঠিক কাজটা (বৈষম্য দূর করা) করতে না চায়, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ যে অল ইংল্যান্ড ক্লাবের বেশির ভাগ সদস্য সেটাই চেয়েছেন।”
টমি হাস কিন্তু এই সিদ্ধান্তে মোটেও খুশি নন। জার্মানির এই খেলোয়াড়ের মতে পুরুষদের টেনিস অনেক বেশি কষ্টসাধ্য হওয়ায় তাদের পুরস্কারের অর্থ বেশি হওয়াই উচিত,“আমি মনে করি না এটা উচিত হচ্ছে। আমার ধারণা, মহিলাদের চেয়ে পুরুষদের টেনিস অনেক বেশি কঠিন। তার সঙ্গে যোগ করুন সেরা ৫টি সেট (বেস্ট অফ ফাইভ) খেলার কষ্টটাও।” বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় হাস --- এর সঙ্গে কিন্তু এক মত নন বৃটেনের অ্যান্ডি মারে। তিনি বরং সিদ্ধান্তটাকে অভিনন্দন জানাচ্ছেন খোলা মনে,“মহিলাদের টেনিসের জন্য এটা নিঃসন্দেহে দারুণ ঘটনা। এক জন পুরুষ ৫ ঘন্টা এবং এক জন মহিলা ৪৫ মিনিট খেলে সমান পুরস্কার পেলে তা কাউকে ক্ষুব্ধ করে তুলতে পারে বটে, তবে এটাই আসল কথা নয়। বিশ্ব টেনিসে শীর্ষ কয়েক জন মহিলা খেলোয়াড়েরই ভাল স্পন্সরশিপ আছে। অথচ পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি। তাছাড়া ছোট টুর্নামেন্টগুলোতে পুরুষরা অনেক বেশি টাকা পায়। তাই গ্র্যান্ড স্লাম তো বটেই, অন্যান্য টুর্নামেন্টেও এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিৎ।”
চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মধ্যে এখন শুধু ফ্রেঞ্চ ওপেনেই পুরস্কারের বৈষম্য টিকে আছে। তবে সেখানেও এসে যেতে পারে ‘সমানাধিকার’! আগামী মাসেই এ নিয়ে আলোচনার জন্য টুর্নামেন্টের কর্মকর্তারা বৈঠকে বসছেন বলে জানিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের এক মুখপাত্র “১৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাহী কমিটির বৈঠকে এটা হবে অন্যতম এজেন্ডা।”
