২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বড় ম্যাচে বার্সেলোনার হার (সংশোধিত)

গত মৌসুমের সবচেয়ে সফল ক্লাবটির দিকে এবার যেন ভাগ্যদেবী মুখ তুলে চাইছে না! অবশ্য শুধু ভাগ্যকে দুষলেই চলবে না, গুরুত্বপূর্ণ ম্যাচে মুখ থুবড়ে পড়ার পেছনে বার্সেলোনার বাজে পারফরম্যান্সও কম দায়ী নয়। ইওরোপিয়ান সুপার কাপে সেভিয়া, বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের ইন্টারন্যাসিওনাল, স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে চেলসি কিংবা গত রোববার ভ্যালেন্সিয়াÑÑ সাম্প্রতিক সময়ে বড় ম্যাচে বার্সেলোনার পরাজয়ের সংখ্যা অনেক। বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তার সঙ্গে যোগ হল আরেকটি। প্রথম লেগে লিভারপুলের কাছে ১ ----- ২ গোলে হেরে গেছে তারা!। তার মানে চ্যাম্পিয়নস লিগের বর্তমান শিরোপা বিজয়ীরা এবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ার আশঙ্কার সামনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

কারণ দু সপ্তাহ পর ফিরতি লেগ হবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। প্রতিপক্ষের গ্যালারি ভরা সমর্থকের সামনে ‘অল রেড'দের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বার্সেলোনার জন্য শুধু কঠিন নয়, প্রায় অসম্ভবই হয়ে পড়বে নিঃসন্দেহে।

বুধবারের চ্যাম্পিয়নস লিগের চারটি ম্যাচের মধ্যে এক মাত্র বিজয়ী দল এই লিভারপুলই। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তিন বছর আগে হোসে মরিনহোর অধীনে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছিল পোর্তো। এবার দ্বিতীয় রাউন্ডের ‘ড্র’ হওয়ার পর যখন দেখা গেল চেলসি --- পোর্তো মুখোমুখি, তখন অনেক ফুটবলপ্রেমীই নড়েচড়ে বসেছিলেন। মরিনহো যে এখন চেলসির কোচ!

সাবেক ক্লাবের বিপক্ষে মরিনহো অবশ্য জয়ের আনন্দে ভাসতে পারেননি। পোর্তো সফরে ১ --- ১ গোলে ড্র করেছে চেলসি। দ্বাদশ মিনিটে রাউল মেইরেলেসের গোল স্বাগতিকদের এগিয়ে দিলেও ৫৮ মিনিটে ইংলিশ চ্যাম্পিয়নদের ম্যাচে  ফেরান ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কো। তবে প্রতিপক্ষের মাঠ থেকে চেলসির ড্র নিয়ে ফেরার স্বস্তি অনেকটাই ধূলিস্যাত করে দিয়েছেন অধিনায়ক জন টেরি। অষ্টম মিনিটেই গোড়ালিতে ব্যথা পেয়ে বাইরে চলে যাওয়া টেরি রোববার আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ফাইনালে মাঠেই নামতে পারবেন না। তার বদলি হিসাবে নামা ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনকেও দ্বিতীয়ার্ধের শুরুতে বেরিয়ে যেতে হয়েছে পেশিতে টান পড়ে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের মাঠ সান সিরোতে দু বার এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার মিলান। ম্যাচ শেষ হয়েছে ২ --- ২ গোলে। ইতালিয়ান সিরি ‘এ তে টানা ১৬ টি জয়ের রেকর্ড গড়া ইন্টারের গোল দুটো করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসো ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন। ভ্যালেন্সিয়ার দুই গোলদাতা ডেভিড ভিলা ও ডেভিড সিলভা।

অন্যদিকে গোলশূন্যভাবে শেষ হওয়া রোমা ---- লিওঁ ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন ইংল্যান্ডের রেফারি মাইক রিলে। ১১টি হলুদ কার্ড দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এর আগে ২০০০ সালের নভেম্বরে জুভেন্টাস ---- প্যানাথিনাইকোস ম্যাচে ১১টি কার্ড দেখানোর কৃতিত্ব (!) দেখিয়েছিলেন ডাচ রেফারি ডিক জল।

ন্যু ক্যাম্পে এলোমেলো, পরিকল্পনাহীন, উদ্দেশ্যবিহীন খেলার মাশুল দিতে হয়েছে বার্সেলোনাকে। লিওনেল মেসি প্রথম একাদশে ছিলেন, খেলেছেন রোনালদিনহো ---- ডেকোরাও।  তার পরও মাঠে ঔজ্জ্বল্য ছড়াতে তারা ব্যর্থ। ম্যাচের প্রথম গোলটা অবশ্য স্বাগতিকদেরই। ১৪ মিনিটে জিয়ানলুকা জামব্রোত্তার ক্রস থেকে ডেকোর হেড এগিয়ে দেয়ার পরের কয়েক মিনিট ম্যাচের রাশ ধরেও রেখেছিল তারা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নি®প্রভ হয়ে পড়ে ‘বার্সা’র বিশ্ববিখ্যাত আক্রমণভাগ। সঙ্গে যোগ হয় রক্ষণভাগের আত্মবিশ্বাসহীন খেলাও।

‘নির্ভরতার প্রতীক’ গোলরক্ষক ভিক্টর ভালদেসের মধ্যেও যেন সংক্রমিত হয় আত্মবিশ্বাসহীনতা। নইলে অমন একটা ভুল তিনি করবেন কেন? স্টিভ ফিন্যানের ক্রস লাফিয়ে উঠে হেড করেছিলেন ক্রেইগ বেলামি। ভালদেস বলটা গ্লাভসে নিলেও শরীরের ভারসাম্য রাখতে গিয়ে পড়ে গেলে, তাতে  বলও অতিক্রম  করে ফেলে গোললাইন (১ --- ১)।

এমন একটা ধাক্কা খাওয়ার পরও বার্সেলোনার এলোমেলো, খাপছাড়া খেলার ধারাবাহিকতায় ছেদ পড়েনি। আর তাতেই সর্বনাশটা হয়েছে ৭৪ মিনিটে। ডার্ক কুইটের শট ভালদেস ফিরিয়ে দিলে বল এসে পড়ে রাফায়েল মার্কেজের মাথায়। বার্সেলোনার এই মেক্সিকান ডিফেন্ডার ঠিক মতো বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যান জন আর্ন রিসে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা নরওয়েজিয়ান ডিফেন্ডার জয়সূচক গোল উপহার দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি।

মজার ব্যাপার হলো, গত সপ্তাহে পর্তুগালে অনুশীলনের সময় বেলামি ও রিসের বিবাদ নিয়ে কয়েক দিন ধরে ব্রিটিশ পত্র --- পত্রিকায় বহু লেখালেখি হয়েছে। অথচ সেই বেলামি ও রিসেই কি না লিভারপুলের স্মরণীয় এক জয়ের নায়ক! ম্যাচশেষে অবশ্য পুরনো দিনের তিক্ততা ভুলে যাওয়ার কথাই ঘোষণা করেছেন রিসে,“সে সব শেষ হয়ে গেছে , আমরা সব কিছু পেছনে ফেলে দিয়েছি। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।” বেলামির কথাতেও সতীর্থরই প্রতিধ্বনি,“আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। বড় কোনো সমস্যা থাকলে তো আর আমি এখানে থাকতাম না।”

লিভারপুল যখন জয়ের আনন্দে উদ্ভাসিত তখন বার্সেলোনা পরাজয়ের বেদনায় নীল। এর আগে ইওরোপীয় প্রতিযোগিতাগুলোতে ৭ বার নিজেদের মাঠে প্রথম লেগে হেরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এবারও কি তেমনটাই ঘটবে! বার্সেলোনা ভিত্তিক পত্রিকা ‘স্পোর্ট’-এর প্রথম পাতার শিরোনামে কিন্তু তেমনই আশঙ্কা,“আমাদের এখন এক অলৌকিক ঘটনা দরকার।” লিভারপুলের মাঠ থেকে জয় নিয়ে ফেরা যে ভীষণ কঠিন কাজ তা মানছেন বার্সেলোনা কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ডও,“এই ফলাফল নিয়ে কিছুতেই খুশি হতে পারি না আমরা। পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। তবে আমরা আশা ছেড়ে দিচ্ছি না।”