অস্ট্রেলিয়ার জন্য অধিনায়ক পন্টিংয়ের সহজ পরামর্শ
ক’দিন আগেও সবাই তাদের অজেয় ভাবতো, তবে এখন ভাবে না - এটা মানতে তার আপত্তি নেই। তাই বলে টানা কয়েকটা ম্যাচ হারায় অস্ট্রেলিয়া দল বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা স্বীকার করতে একটুও রাজি নন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার অধিনায়কের বিশ্বাস তার এবং আরো কয়েকজন অপরিহার্য ক্রিকেটারের অনুপস্থিতিতে তিন বারের বিশ্ব কাপ চ্যাম্পিয়নেরা বেশ খারাপ খেললেও তাতে মুষড়ে পড়ার কিছু নেই। গত ১৪ মাসে বড় স্কোর গড়েও যে তিনটি ম্যাচে হেরেছে তার প্রত্যেকটিতেই ব্যাটিং উইকেটে আগে ব্যাট করার প্রচলিত রীতি অনুসরন করেছে অস্ট্রেলিয়া। তাই বড় স্কোর গড়েও হার এড়াতে না পারার ব্যাপারটি থেকে দলকে বের করে আনার সহজ একটা পথ বাতলে দিয়েছেন পন্টিং --- টসে জিতে পরে ব্যাট করা!
বিশ্বকাপেও বিশেষ কিছু ম্যাচে এই কৌশলই অনুসরন করা ঠিক মনে করছেন ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক,“ বিশ্বকাপেও ছোট কয়েকটা মাঠে খেলতে হবে আমাদের। তাই আমি মনে করি ওয়ানডেতে পরে ব্যাট করার কৌশল অবলম্বনের কথা বিবেচনায় রাখা ভালো। তাতে বোলারদের ওপর চাপ খানিকটা কমে যাবে।”
সিডনিতে এক ব্যবসা প্রতিষ্ঠান আয়োজিত মধ্যাহ্ন ভোজে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অনেক কথা বলেছেন পন্টিং। সাংবাদিকদের প্রশ্নের মুখে এক পর্যায়ে জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল --- হ্যাডলি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়াকে বড় বিপর্যয় মনে করেন না, বরং ওই সিরিজেও দলের পারফরম্যান্সে ইতিবাচক অনেক কিছু তিনি দেখেছেন, “এ মুহুর্তে (অস্ট্্েরলিয়া) দল কোনো বিপর্যয়ে পড়েছে তা মনে করি না আমি। আমাদের বেশ কয়েকজন চোট পাওয়ায় খেলতে পারেনি। আপনি যদি শুধু ফলাফল দেখেন, তাহলে টানা পাঁচ ম্যাচ হারা ছাড়া ভালো কিছুই চোখে পড়বে না। কিন্তু সত্যি কথা হলো, ওই ম্যাচগুলোতে আমাদের প্রায় প্রত্যেকেই অনেক বিষয়েই খুব ভালো করেছে। শুধু ওই ভালোটাকে ভালো একটা পর্যায় পর্যন্ত বা যথেষ্ট দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে পারেনি। ”
পন্টিংয়ের বিবেচনায় টানা পাঁচ ম্যাচ হারায় অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস কমেনি, কমবেও না। তাই বলে একেবারেই ক্ষতি যে হয়নি তা তিনি বলছেন না। তার মতে, মাইকেল হাসির অধিনায়কত্বে ম্যাচের পর ম্যাচ হারায় প্রতিপক্ষের আত্মবিশ্বাস বেড়েছে এবং অস্ট্রেলিয়ার জন্য সেটাই সবচেয়ে বড় ক্ষতি,“কয়েক সপ্তাহ আগেও আমাদের সঙ্গে কীভাবে প্রতিদ্বন্দিতা করবে --- অন্য দলগুলো সে কথাই ভাবতো, অথচ এখন ওরা ভাববে অস্ট্রেলিয়াকেও তো হারানো সম্ভব!” তাই শেষমেশ দলকে অজেয় বা তার কাছাকাছি জায়গায় ফিরিয়ে নিতে খুব তাড়াতাড়ি কিছু উদ্যোগ নেয়া দরকার -- এ্ সত্যকে মেনে নিয়েছেন রিকি পন্টিং,“ হ্যাঁ, কিছু জায়গা আমাদের ঠিক করে নিতে হবে। এদিকে সময়ও কিন্তু বেশি নেই।”
