২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সম্পর্কে সোবার্সেরও একই কথা

মাত্র ক’দিন আগেও তাদের শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নাতীত। অথচ সেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখার ব্যাপারেই কি না এখন অনেকে সন্দিহান! ফাইনালে উঠেও ১৪ বছর পর দেশের মাটিতে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে ব্যর্থ, এক দশক পর কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা, ৩৩৬ ও ৩৪৬ রানের পাহাড়ে উঠেও পরাজয়ের গ্লানিতে ডোবা, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট, ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোÑÑসব মিলিয়ে বিশ্ববিজয়ী দলটিকে ভীষণ দুঃসময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে তাই অস্ট্রেলিয়ার অবিসংবাদিত সেরার গৌরবটাও অনেকখানি প্রশ্নবিদ্ধ! তবে যে যা--ই মনে করুন, গ্যারি সোবার্স কিন্তু রিকি পন্টিংয়ের দলকে মোটেও হালকভাবে নিতে রাজি নন। সর্বকালের সেরা অলরাউন্ডার সোবার্সের ধারণা, বিশ্বকাপে ঠিকই ঘুরে দাঁড়াবে অস্ট্রেলীয় দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

“আমি মনে করি, এখন কি করা উচিৎ তা বুঝতে পারবে ওরা (অস্ট্রেলিয়া)। আর সে কারণে ক্যারিবিয়ানে পৌঁছাবার সময় সব কিছুই ঠিক হয়ে যাবে ওদের। অস্ট্রেলিয়া সব সময়ই এক সমীহ জাগানো শক্তি”Ñ ভারত সফরে আসা সোবার্স এভাবেই তুলে ধরেছেন বিশ্বকাপে গত দু বারের চ্যাম্পিয়নদের বর্তমান দুর্যোগ ও তা থেকে বেরিয়ে আসার ব্যাপারে নিজের অভিমত। যদিও বিশ্বকাপের ঠিক আগে চ্যাপেল--হ্যাডলি সিরিজে অংশ নেয়ার যৌক্তিকতাও বুঝতে পারছেন না তিনি,“তবে আমার ধারণা বিশ্বকাপের পরেই এই সিরিজ  খেলা উচিৎ ছিল তাদের।”

বিশ্বকাপে পন্টিংয়ের দলের পাশাপাশি নিজের দেশের সম্ভাবনাও দেখতে পাচ্ছেন সোবার্স। তার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ ঠিকই জ্বলে উঠবে  নিজেদের মাটিতে, “ তিন বছর আগেও কেউ এ ব্যাপারে আমার মতামত জানতে চাইলে তাকে বলতাম, ওয়েস্ট ইন্ডিজের কোনো সম্ভাবনাই নেই। তবে গত প্রায় এক বছর ধরে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হিসাব উল্টে দিতে সক্ষম। তাছাড়া নিজের দেশে খেলা তো কিছুটা  সুবিধা দেবেই।” এর সঙ্গে সাবেক তিন চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং সদ্য ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসা দক্ষিণ আফ্রিকাকেও শিরোপা জয়ের অন্যতম দাবীদার মনে করছেন এই জীবন্ত  কিংবদন্তী।