২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল আর ম্যান ইউর জয়

এবার বোধহয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন রিয়াল মাদ্রিদের কোচ ফ্যাবিও ক্যাপেলো। রিয়ালের ধারাবাহিক বাজে পারফরম্যান্সে তার চাকরি হারানোর গুঞ্জনটা এখন যদি একটু স্তিমিত হয়! মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩ - ২ গোলে হারিয়েছে তার দল। তবে দলের এ জয়েও সম্ভবত বেশি খুশি হতে পারেনি রিয়াল। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দুই গোল হজম করায় প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে কিছুটা হলেও অস্বস্তিতে থাকবে তারা। সেই তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেড অনেকটাই নির্ভার। ফ্রান্সের লিল থেকে তারা যে ১ ---- ০ গোলের জয় নিয়ে ফিরতে পেরেছে। যদিও রায়ান গিগসের ফ্রিকিক থেকে করা জয়সূচক গোলটা যথেষ্টই বিতর্কিত। তবু জয় তো জয়ই। আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল একই ব্যবধানে উল্টো হেরেই গেছে পিএসভি আইন্দহোফেন সফরে। ইওরোপীয় ক্লাব ফুটবলের আরেক পরাশক্তি এসি মিলানও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছে তারা সেল্টিকের সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে সেরা গোলদাতার আসনটা তারই দখলে। রিয়াল মাদ্রিদের ‘ঘরের ছেলে’ রাউল গঞ্জালেস সেই রেকর্ডটাকে আরেকটু এগিয়ে নিলেন তার চির ---- পরিচিত মাঠে। তার দুই গোলই (চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে এখন রাউলের গোল সংখ্যা ৫৬) বার্নাব্যুতে গড়ে দিয়েছে রিয়ালের জয়ের ভিত্তি। দশম মিনিটেই রাউলের দারুণ বুদ্ধিদীপ্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। রুড ফন নিস্টলরয়ের বাড়ানো থ্রু ধরে এগিয়ে যাওয়া রাউলের শট প্রথম প্রচেষ্টায় ঠেকিয়ে দিয়েছেন বায়ার্নের গোলরক্ষক অলিভার কান। কিন্তু ফিরতি শট এই অভিজ্ঞ গোলরক্ষকের পক্ষে আর ঠেকানো সম্ভব হয়নি । ২৩ মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিওর হেড ম্যাচে  ফেরায় বায়ার্নকে।

তবে সমতায় ফেরার আনন্দ ৫ মিনিটের বেশি উপভোগ করতে পারেনি জার্মানির সফলতম ক্লাবটি। কর্নার থেকে ইভার হেলগেরার হেড গোললাইন অতিক্রম করার ঠিক আগে ছুঁয়ে যায় রাউলের মাথা (২--১)। ৬ মিনিট পর আবার স্বাগতিক সমর্থকরা উদ্ভাসিত হয়ে ওঠেন আনন্দে। ডেভিড বেকহামের ফ্রিকিকে ‘অরক্ষিত’ নিস্টলরয়ের ব্যবধান বাড়াতে সমস্যা হয়নি।

 আক্রমণ--পাল্টা আক্রমণের ঢেউ বিরতির পর অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। রিয়াল রক্ষণাত্মক হয়ে পড়ে দুই গোলের অগ্রগামিতা ধরে রাখার আশায়। বায়ার্নও তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। তবু ৮৮ মিনিটে ডাচ মিডফিল্ডার মার্ক ফন বমেলের লক্ষ্যভেদ অনেকটাই স্বস্তি  দেয় বায়ার্ন সমর্থকদের। কারণ, ঘরের মাঠে অনুষ্ঠেয় ফিরতি লেগ ১ --- ০ বা ২ --- ১ ব্যবধানে জিতলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বায়ার্ন।

মাত্র একটি গোল হলেও ম্যানচেস্টার ইউনাইটেড --- লিল ম্যাচটা ছিল আগাগোড়া উত্তেজনায় ভরা। সোমবারই উয়েফার নবনির্বাচিত প্রেসিডেন্ট, কিংবদন্তীতুল্য ফুটবলার মিশেল প্লাতিনি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬টি ক্লাবের কাছে খেলোয়াড়সুলভ আচরণের দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করেছিলেন। সম্প্রতি ইতালির একটা ম্যাচে এক জন পুলিশ কর্মকর্তার মৃত্যুসহ ইওরোপের ক্লাব ফুটবলাঙ্গনে  দর্শক -- সহিংসতা সাংঘাতিকভাবে বেড়ে যাওয়াই উদ্বিগ্ন করে তুলেছিল তাকে। অথচ তার সেই অনুরোধের পর দিনই কি না এমন কান্ড! উয়েফার নিরাপত্তাজনিত মানদন্ড পূরণ করতে না পারায় ম্যাচটা লিল--এ নয়, হয়েছে লেঁস--এর ফেলিক্স বোলার্ত স্টেডিয়ামে। কিন্তু ‘নিরপেক্ষ’ মাঠে হলেও শান্তভাবে ম্যাচটা উপভোগ করতে পারেননি দর্শকরা। ১৫ মিনিটেই ম্যানইউ’র এক সমর্থক লোহার বেড়া ডিঙ্গিয়ে ঢুকে পড়েন মাঠের মধ্যে। উদ্দেশ্য একটাইÑÑনিজ দলের গোলরক্ষক এডউইন ফন ডার সারের কাছাকাছি যাওয়া। তবে তা সফল হয়নি নিরাপত্তারক্ষীদের তৎপরতায়।

এই ঘটনার পর পরই উত্তেজিত হয়ে পড়া ম্যানইউ সমর্থকদের শান্ত করতে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। ছোট -- খাটো গোলমাল প্রায় সারাক্ষণই চলেছে গ্যালারির কোনো না কোনো প্রান্তে। সেটা বহু গুণ বেড়ে যায় ৮৩ মিনিটে, ম্যাচের একমাত্র গোলের পরে।

রায়ান গিগসের বাঁক খাওয়া শট জালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন লিল--এর খেলোয়াড়রা। রেফারি বাঁশি বাজানোর আগেই গিগস শট নেয়ায় গোলটা বাতিল করার দাবী জানান  তারা। ম্যাচশেষে গোলটা সম্পর্কে  মন্তব্য করতে গিয়ে স্বাগতিকদের অধিনায়ক ক্ষোভ চেপে রাখতে পারেননি কিছুতেই,“(ফি ্রকিকের আগে) যখন গোলরক্ষক দেয়াল গড়ে তোলা সতীর্থদের লক্ষ্য করে কিছু বলে তখন প্রতিপক্ষর উচিৎ রেফারির বাঁশির জন্য অপেক্ষা করা। অথচ বাঁশি বাজার আগেই সেই খেলোয়াড় (গিগস) সরাসরি শট করেছে আর তার ফলাফল  হলো গোল।”

যা হোক, এই গোলের পর লিল --- এর খেলোয়াড়দের প্রতিবাদের ধরনও মোটেই ভালো লাগেনি ম্যানইউ’র কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের,“এর আগে এমন ঘটনা আমি আর দেখিনি। ওরা একেবারে রেফারিকে ঘিরে ধরেছিল। আশা করি, ফুটবলে এ ধরনের ঘটনা আর দেখতে হবে না আমাদের।” সেজন্য তিনি লিল ---- এর শাস্তিও দাবী করেছেন ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে। এ ব্যাপারে উয়েফার মুখপাত্র রব ফকনার অবশ্য সঙ্গে সঙ্গে কিছু জানাতে পারেননি,“শৃঙ্খলা কমিটি কি ব্যবস্থা নেবে তা আমরা এখনই বলতে পারছি না। তবে তারা যদি লিল --- এর বিরুদ্ধে (শাস্তিযোগ্য) কিছু পায় তবে তার ফলাফল মারাত্মকও হতে পারে।” এটা যে স্রেফ কথার কথা নয় ,তা   ভালোই বুঝতে পারছে ডাচ ক্লাব ফেইনুর্ড রটারডাম। একাধিক ম্যাচে সমর্থকরা গোলমাল করায় এ মৌসুমের উয়েফা কাপ থেকে তাদেরকে বহিষ্কার করেছে উয়েফা।

ওদিকে সেল্টিক থেকে জয় নিয়ে ফিরতে না পারলেও একটা রেকর্ড ঠিকই গড়েছেন পাওলো মালদিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটাই ছিল এসি মিলান অধিনায়কের শততম ম্যাচ। তার আগে অলিভার কান, ডেভিড বেকহাম, রবার্তো কার্লোস এবং রাউলই শুধু দেখিয়েছেন শত ম্যাচ খেলার কৃতিত্ব।