২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া : গ্লেন ম্যাকগ্রা

চারটি ম্যাচই তার কাছে দুঃস্বপ্নের মতো। মাইক হাসি ভুলবেন কী করে, তার অধিনায়কত্বে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে অস্ট্রেলিয়া? চার ম্যাচের মধ্যে ৩ ম্যাচের চ্যাপেল - হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাজনক স্মৃৃতি অন্তত ভুলতে চান হাসি। তার ভয়,নইলে তো বিশ্বকাপেও এর প্রভাব থেকে যাবে মনে! গ্লেন ম্যাকগ্রা অবশ্য অস্ট্রেলিয়ার এই কল্পনাতীত ব্যর্থতায় মুষড়ে পড়ার মতো কিছু আছে বলে মনে করছেন না। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট পাওয়া ফাস্টবোলার মনে করেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়া আবার পরাক্রমশালী রুপে ফিরে আসবেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

 শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার --- এমন হতাশাজনক পরিস্থিতিতেও ম্যাকগ্রা কি করে এত আশাবাদী? প্রথমত ‘দ্য পিজিয়ন’ মনে করেন, হতাশা কাটিয়ে নিজেদের ছোটখাটো ঘাটতিগুলো পুষিয়ে নেয়ার যথেষ্ট সময় আছে হাতে,“ বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি। সুতরাং যা কিছু আমরা অন্যভাবে করা দরকার মনে করি তা এ সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে নেয়া সম্ভব।”

এ ছাড়া চোট, বিশ্রাম ও ব্যাক্তিগত কারণে পন্টিং, সাইমন্ডস, গিলক্রিস্ট, ব্রেট লি ও মাইকেল ক্লার্ককে পায়নি বলে চ্যাপেল --- হ্যাডলি সিরিজে পুরো শক্তির অস্ট্রেলিয়া খেলেনি --- এ ইঙ্গিতও ছিল তার কথায়, “খেলোয়াড়দের চোট বেশ ভোগাচ্ছে  আমাদের। ওখানে তো (নিউজিল্যান্ডে) আমাদের ৫/৬ জন নিয়মিত খেলোয়াড়ই খেলতে পারেনি। তাই অনেকটা নতুন দল নিয়ে খেলেছি  -- এ কথা বলা যেতেই পারে। অন্য দল থেকে ২ জন খেলোয়াড় নিয়ে নিন, দেখবেন  একেবারে অগোছালো হয়ে গেছে তারা। ৫/৬ জনের অভাবে অন্য দলগুলো তো একরকম ধ্বংসই হয়ে যাবে!”

 মোদ্দা কথা, ম্যাকগ্রার বিশ্বাস পন্টিং,গিলক্রিস্ট, সাইমন্ডস, ব্রেট লি, ক্লার্করা ফিরলে দুঃসময় কেটে যাবে অস্ট্রেলিয়ার। ১৩ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে কিছু সমস্যা যদি থাকেও. সেগুলোই বা ঠিক করে নিতে কতক্ষণ!