ইংলিশ ক্রিকেটারদের মাঝে ক্রিকেটপ্রেমী আনোয়ার চৌধুরী
একুশে ফেব্র“য়ারি এখন আর শুধুই বাংলাদেশের নয়। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এটাকে দিয়েছে সার্বজনীনতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন শেষ বিকেলে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর বাসভবনে ইংল্যান্ড ‘এ’ দলের সদস্যদের এ বিষয়ে একটু বাজিয়ে দেখার চেষ্টাও হলো। কিন্তু সংবাদ সম্মেলনে এ প্রশ্ন শুনে ‘থ’ মেরে গেলেন কোচ পিটার মুরস, ম্যানেজার গাই জ্যাকসন, অধিনায়ক মাইক ইয়ার্ডি এবং অ্যালেক্স লাউডন। ব্রিটিশ হাইকমিশনার নিজেই উদ্যোগী হয়ে এ বিষয়ে তাদের কিছুটা ধারণা দিলেন। “এদিনটাতে আমরা ওদের কিছূ বাংলা শব্দ শেখানোর চেষ্টা করতে পারি”- তার এই কথার পরপরই মাইক্রোফোন টেনে নিয়ে লাউডনের অদ্ভুত উচ্চারণের বাংলা হাসির রোলই তুললো সংবাদ সম্মেলন স্থলে,“ কেমোন আচেন, বালো? (কেমন আছেন, ভালো?) ”
বাংলা সম্পর্কে অল্পবিস্তর হলেও এদেশের ক্রিকেট নিয়ে এ কয়েকদিনেই তাদের বেশ ভালো ধারণা হয়ে গেছে বলে জানালেন কোচ পিটার মুরস। বিসিবি একাডেমী দলের সঙ্গে তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচ সে ধারণা পেতে সাহায্য করেছে বলেই মনে হলো,“দারুণ প্র্যাকটিস হয়েছে। এই ম্যাচটা আপনাদের খেলোয়াড়দের মান সম্পর্কে পরিষ্কার ধারণাই দিয়েছে আমাদের। প্রথম ইনিংসে কয়েকজন ব্যাটসম্যান তো দারুণ সব শট খেলছিল।” নাম মনে করতে না পারলেও, সন্দেহ নেই, নাসিরুদ্দিন ফারুক, নাদীফ চৌধুরী ও সগীর হোসেন পাভেলদের কথাই বলতে চেয়েছেন তিনি। ২২ ফেব্র“য়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া চারদিনের ম্যাচের আগে তাই বাংলাদেশ ‘এ’ দলও যথেষ্ট শ্রদ্ধা কুড়াচ্ছে,“ বাংলাদেশ ‘এ’ দলে তো তিন কি চারজন টেস্ট খেলোয়াড় আছে। সিরিজটা জমবে খুব।”
ব্রিটিশ হাইকমিশনার নিজেও ক্রিকেট অনুরাগী,“আপনারা হয়তো জানেন, আমি ক্রিকেট কতটা পছন্দ করি। এদেশে আসার পরপরই তাই আমার বাসায় নেট টানিয়ে নিয়েছিলাম। সেটা এখনো আছে। জীবনে যদি অন্য কিছু করার সুযোগ হতো, তাহলে বোধহয় ক্রিকেটারই হতাম।” অবশ্য শৌখিন ‘ক্রিকেটার আনোয়ার চৌধূরী’ যে খুব উঁচুমানের নন, এর উদাহরণ দিয়ে আরেকপ্রস্থ সবাইকে হাসালেনও,“হাইকমিশনার হওয়ার কিছু সুবিধাও আছে। একবার বাংলাদেশে ব্রিটিশ কোম্পানিগুলোর সঙ্গে হাইকমিশনের এক ম্যাচে খেললাম। তিনটি উইকেটও পেলাম (হাসি....)।” সেই উইকেটগুলো হাইকমিশনারের সন্মানার্থে বিলিয়ে দেওয়া --- এমন ইঙ্গিতই যেন ছিল তার কথায়।
তবে আনোয়ার চৌধুরীর ক্রিকেট প্রেমই তার বাসায় ইংল্যান্ড ‘এ’ দলের সংবাদ সম্মেলন আয়োজনের কারণ নয়। ইংল্যান্ডের হয়ে ভিন্ন দেশীয় বংশোদ্ভুত অনেক ক্রিকেটার খেলেছেন। এখনো খেলছেন। বাংলাদেশ সফররত ‘এ’ দলেও আছেন পাকিস্তানি বংশোদ্ভুত আমজাদ খান। এই যে জাতি, ধর্ম ও বর্ণ ভুলে এক হয়ে যাওয়ার উদারতা --- সেটাই ছিল এই সংবাদ সম্মেলন আয়োজনের মূল বিবেচ্য,“ খেলাধুলায় আমরা আমাদের সামাজিক বর্ণময়তার প্রতি শ্রদ্ধাশীল। ক্রিকেটের মাধ্যমে আমরা মানুষকে মানুষের কাছাকাছি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” অবধারিতভাবে বাংলাদেশও এসে যাচ্ছে তার কথায়,“আপনাদের দলও উঠে আসছে। সম্প্রতি বাংলাদেশ জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে। অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। কিন্তু আমাদের এখনো হারাতে পারেনি (হাসি...)। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সেতুবন্ধনও তৈরি হচ্ছে। বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করে, তখন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের তা উদযাপনের সঙ্গে আবেগ মিশে থাকে।”
আর এখানকার আবেগও তার দেখা আছে,“ ক্রিকেট ম্যাচের সময় ঢাকা স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ভরে ওঠে।” তো আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যেতে থাকা বাংলাদেশকে ক্রিকেটীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে কিনা, জানতে চাওয়া হলে আনোয়ার চৌধুরী বলেন,“এজন্য বাংলাদেশ থেকে (বিসিবি থেকে) আনুষ্ঠানিক অনুরোধ পেতে হবে আমাদের।”
