‘হেইডেনের ম্যাচ’ হেরে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ
রিকি পন্টিং নেই, অ্যাডাম গিলক্রিস্ট নেই, নেই অ্যান্ড্রু সাইমন্ডস,ব্রেট লি, মাইকেল ক্লার্ক। তার ওপর সিরিজের শেষ ম্যাচে খেলছেন না গ্লেন ম্যাকগ্রাও। এত নেই, নেই -এর ভিড়েও একজন ম্যাথু হেইডেন ছিলেন বলে টসে জিতে ব্যাট করতে নেমে যেমনটি চেয়েছিল হয়তো তার চেয়েও বড় স্কোর পেয়েছিল অস্ট্্েরলিয়া। ৫ উইকেটে ৩৪৬ রান! অকল্যান্ডে সিরিজ পরাজয় নিশ্চিত হওয়া ম্যাচের চেয়েও ১০ রান বেশি। কিন্তু হেইডেনের অপরাজিত ১৮১ রানের অসাধারণ এক ইনিংসের সুবাদে পাওয়া এই স্কোরেরও মান রাখতে পারেননি ব্র্যাকেন,ওয়াটসন, মিশেল,টেইটরা। ক্রেইগ ম্যাকমিলানের ঝড়ো সেঞ্চুরি (১১৭) আর ম্যাককালামের ৯১ বলে বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস আবার অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে নিউ জিল্যান্ডকে। অস্ট্রেলিয়াকে এবার ১ উইকেটে হারিয়ে ৩-০ তে চ্যাপেল-হ্যাডলি সিরিজ জিতে নিয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের দল।
অস্ট্রেলিয়া এ ম্যাচ শুরু করেছিল অনেক হতাশার পর সামান্য কিছু অর্জনের আশায়। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তাতে হতাশা আর বিশ্বকাপে নিজেদের ভরাডুবির আশঙ্কা আরো বেড়েছে। ম্যাচটাকে “হেইডেন বনাম নিউজিল্যান্ড লড়াই” বানিয়ে ফেলা হেইডেনও এবার পড়েছেন ইনজুরিতে। ওপেনিংয়ে শেন ওয়াটসনকে (৬৯) নিয়ে ২৫.৪ ওভারে ১২২ রান তোলার পর বাঁ --- হাতি এই ব্যাটসম্যান তখন সবে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটা করেছেন, এমন সময়ে গিলেস্পির একটা বল এসে লাগে তার ডান পায়ের পাতার ওপরের দিকে। তারপর থেকে রানার নিয়ে ব্যাট করেছেন। তবে রানার না াকলেও চলতো। কারণ, বাকি সময়ে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্ব্বোচ্চ ইনিংসের মালিক ওয়ানডেতেও দেশের পক্ষে সর্ব্বোচ্চ ইনিংস খেলার পথে মেরেছেন আরো ৮টি ছক্কা ও ৩টি চার! সব মিলিয়ে ১৬৬ বলে অপরাজিত ১৮১ রানের ইনিংসে ১১ টি চার ও ১০ টি ছক্কা মেরেছেন হেইডেন। এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে আর কেউ এক ইনিংসে এত বেশি ছক্কাও মারেননি। কিন্তু এভাবে ৩৪৬ রান পর্যন্ত নিয়ে গেলেও অস্ট্রেলিয়াকে নিশ্চিন্ত করতে পারেননি। পায়ের পাতা সারতে কতটা সময় নেবে তা এক্ষুনি বলা যাচ্ছে না। তাই বিশ্বকাপে তাকেও মিস করার আশঙ্কাটা থাকছেই।
গ্লেন ম্যাকগ্রার অনুমান সত্যি ধরলে চতুর্থ বারের মতো বিশ্বকাপ জয়ের ব্যাপারে অস্ট্রেলিয়া এখনো হয়তো আশাবাদী হতো। ‘দ্য পিজিয়ন” মনে করেন, ১৯৯৯ --- তে যেভাবে সবার হিসেবে বাতিল হয়ে যাওয়ার পরই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল, এবারও সেরকম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।কিন্তু সাইমন্ডস, ব্রেট লি, মাইকেল ক্লার্ক এবং হেইডেনের ইনজুরি আর গিলক্রিস্টের প্রথম রাউন্ড মিস করার জোর আশঙ্কার কথা মনে রেখেও এখন ম্যাকগ্রা এমন স্বপ্ন দেখতে পারবেন?
ব্রেট লি ছাড়া বাকিরা ফিরলে মূলত ব্যাটিংয়েই শক্তি বাড়বে অস্ট্রেলিয়ার। কিন্তু হালে তাদের সমস্যা তো বোলিং আর ফিল্ডিং। নইলে অকল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তাড়া করে ম্যাচ জেতার কৃতিত্ব নিউ জিল্যান্ডের হাতে তুলে দেওয়ার পরের ম্যাচেই কি তার চেয়ে বড় স্কোর গড়েও কেউ ম্যাচ হারে? মঙ্গলবার অবশ্য ৪১ রানে নিউ জিল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে একটা সান্ত্বনার জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন শন টেইট (২/৬০), ব্র্যাকেন (১/৪৪) , মিশেল জনসনরা (৩/৮১)। তবে পরে এলোমেলো বোলিং করে ব্যাটসম্যানদের ওপর থেকে চাপ সরিয়ে নিলে পঞ্চম উইকেটে ফুলটনের (৫১) সঙ্গে ৭৫ রান এবং ষষ্ঠ উইকেটে ম্যাককালামের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়ে তোলেন ম্যাকমিলান। এ ম্যাচে ২২ টি ওয়াইড আর ১ টি নো --- বল মিলিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বাড়তি ৩.৫ ওভার উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। ফলে আগের ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে কম (৬৭) বলে সেঞ্চুরি করে ফেলেন ম্যাকমিলান। তাকে বিদায় করে অস্ট্রেলিয়াকে আবার ম্যাচে ফিরিয়েছিলেন শেন ওয়াটসন। কিন্তু ম্যাককালাম আর গিলেস্পির (১৫ বলে ২৮) ঝড়ো ব্যাটিং ৩ বল বাকি থাকতেই জয়ের ঠিকানায় পৌঁছে দেয় নিউজিল্যান্ডকে।
১৯৯৭-এর ইংল্যান্ড সফরের পর এই প্রথম হোয়াইট ওয়াশ হলো অস্ট্রেলিয়া।
