হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া!
চ্যাপেল-হ্যাডলি সিরিজের শেষ ম্যাচ অন্যরকম এক চ্যালেঞ্জ নিয়ে হাজির অস্ট্রেলিয়ার সামনে। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ! মঙ্গলবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে এই লজ্জাও বরণ করতে হবে সিরিজ হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারানো দলটিকে।
আইসিসি র্যাংকিং প্রচলনের পর এই প্রথম ওয়ানডেতে দু’ নম্বরে নামলো অস্ট্রেলিয়া। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে আর চারটির চারটিতেই হার ---- ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার এমন দুর্দিন কখনো আসেনি। শনিবার অকল্যান্ডে ৩৩৬ করেও হেরে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক মাইকেল হাসির নেতৃত্বে দলটি শেষ ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে?
ঘুরে দাঁড়ালে সিরিজের ফলাফল বা র্যাংকিংয়ে অবশ্য কোনো পরিবর্তনের সুযোগ নেই। তবু দুটো বড় পুরস্কার পেতে পারে অস্ট্রেলিয়া। এক, হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচার সান্ত্বনা। দুই, বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগীতামূলক ম্যাচে নিজেদের খুঁজে পাওয়ার সামান্য তৃপ্তি। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল ক্লার্ক এবং ব্রেট লি --- বিহীন দল এটুকু পেলেও বোধহয় বর্তে যাবে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
