২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ-রিয়াল মুখোমুখি

ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটিতে রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে ৯ বার। অন্যদিকে বায়ার্ন মিউনিখ চার বার। তারপরও মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে কোনো দলই ঠিক স্বস্তিতে নেই! কারণটা অবশ্য অভিন্ন ÑÑÑ ঘরোয়া লিগে রিয়াল ও বায়ার্ন দু দলেরই সময়টা ভাল যাচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শনিবার রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শিরোপা--দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে রিয়ালকে। বায়ার্নের অবস্থা আরো খারাপ। জার্মান ‘বুন্দেসলিগা’য় আলেমেনিয়া আচেনের কাছে ০ --- ১ গোলের পরাজয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন চতুর্থ। ওটমার হিটজফেল্ড কোচ হিসেবে আবার দায়িত্ব নেয়ার পর তিন ম্যাচে এটা বায়ার্নের দ্বিতীয় হার।

মঙ্গলবার ম্যাচ আছে আরো তিনটি। ইওরোপীয় ক্লাব ফুটবলের তিন পরাশক্তি এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। তাদের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ডের সেল্টিক, ফ্রান্সের লিল এবং নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোফেন।

রিয়াল মাদ্রিদ রেকর্ড ৯ বার চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, কিন্তু মুখোমুখি লড়াইয়ে বায়ার্নই এগিয়ে। রিয়াল ---- বায়ার্ন ১৬ বারের লড়াইয়ে জার্মান পরাশক্তিরা ৯ বারই বিজয়ী। যদিও গত ৫ মৌসুমে বায়ার্নকে রিয়াল দু বার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছে -এ কথাও মাথায় রাখতে হবে। তবে এ সব পরিসংখ্যান আপাতত রিয়ালের কাছে একেবারেই গুরুত্বহীন। দলের স্পোর্টিং ডিরেক্টর ও সাবেক যুগোশ্লাভ তারকা প্রেদ্রাগ মিয়াইতোভিচের কথায় তেমনই ইঙ্গিত,“আমাদের অনেক কিছু বদলাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন এক লড়াইয়ের ক্ষেত্র। তাই ভালো পারফরম্যান্সের জন্য সম্ভাব্য সব কিছুই করতে হবে আমাদের। আর তা হলেই উজ্জীবিত হয়ে উঠবে সমর্থকরা।”

রিয়ালের কোচ ফ্যাবিও ক্যাপেলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে রবার্তো কার্লোস ও সার্জিও র্যামোসের ইনজুরি। ব্রাজিলিয়ান তারকা লেফট ব্যাক কার্লোস কাফ ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর ফিরেছেন প্র্যাকটিসে। আরেক ডিফেন্ডার সার্জিও র্যামোসের পায়ের পাতার চামড়া উঠে যাওয়ায় গত ম্যাচে মাঠে নামতে পারেননি। মঙ্গলবার ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দু জনের খেলার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয়ে থাকতেই হচ্ছে ’৯৪তে এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্য নায়ক ক্যাপেলোর। শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে লাল কার্ড দেখা ডেভিড বেকহামের অবশ্য প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত।

ঘরোয়া লিগে পারফরম্যান্স যত খারাপই হোক না কেন, এই ম্যাচকে ঘিরে আশায় বুক বাঁধছেন বায়ার্নের কোচ হিটজফেল্ড। অসুস্থতার জন্য আগের ম্যাচে খেলতে পারেননি মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস। প্রতিশ্র“তিশীল স্ট্রাইকার লুকাস পোডলস্কিও খেলেননি সেদিন। মাদ্রিদে এ দু জনের প্রথম একাদশে থাকা অনেকখানি নিশ্চিত। আর নির্ভরযোগ্য দুই খেলোয়াড়কে ফিরে পেয়ে ২০০১ সালে বায়ার্নকে এই প্রতিযোগিতার শিরোপা এনে দেয়া হিটজফেল্ডও অনেকখানি আত্মবিশ্বাসী,“রিয়ালের বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ম্যাচ হবে। একেবারেই ভিন্ন এক বায়ার্নকে দেখা যাবে এই ম্যাচে। আমি নিশ্চিত আমাদের সামনে জয়ের ভালো সুযোগ আছে ।”

সেল্টিক সফরে এসি মিলানের জন্য সবচেয়ে দুঃখজাগানিয়া তথ্যÑÑরোনালদোকে এই ম্যাচে পাচ্ছে না তারা! ইতালিয়ান সিরি ‘এ'তে শনিবার দু গোল করে ও একটি করিয়ে সিয়েনার বিপক্ষে দলের জয়ে (৪--৩) সবচেয়ে বড় ভূমিকা রাখা ‘দ্য ফেনোমেনন’ খেলতে পারছেন না আইনের মারপ্যাঁচে পড়ে। মৌসুমের মাঝপথে মিলানে যোগ দেয়ার অনেক আগেই রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে তার নাম নিবন্ধন করেছে এ মৌসুমের জন্য। আর তাই তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের এই অনুপস্থিতি। কাঁধের ইনজুরিতে পড়া এক নম্বর গোলকিপার দিদা ও পেশিতে টান পড়া স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগিও নেই দলে। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ৩০ পয়েন্ট পিছিয়ে পড়ায় সিরি ‘এ’র শিরোপা জয়ের আশা বলতে গেলে  শেষই। মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি তাই এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকিয়ে,“সিরি ‘এ'তে তৃতীয় বা চতুর্থ হওয়ার মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নেই। তাই আমাদের প্রধান লক্ষ্য এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। এই টুর্নামেন্টে যে আবার শিরোপা জিতবোই, ভক্তদের কাছে তার নিশ্চয়তা দিতে পারছি না। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, শিরোপা জয়ের জন্য সাধ্যমতো সব কিছুই করবো আমরা।’