২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমি কনর্সের পাশে রজার ফেদেরার

রজার ফেদেরার। টেনিসের সর্বকালের সেরা। বিশ্বাস হচ্ছে না? সংশয় আছে এ নিয়ে? থাকতেই পারে! বয়স তো মাত্র ২৫। এখনো অনেক কিছু করার বাকি সুইস তারকার। তবে এরই মাঝে যেটুকু অর্জন করেছেন তাতে টেনিস ইতিহাসের সেরাদের সামনের কাতারেই রাখতে হচেছ তাকে। মোটা দাগে এতদিন তার যে অর্জনটির কথা বলা হতো, তা হচেছ, মাত্র সাড়ে তিন বছরের মধে ১০ টি গ্র্যান্ড স্লাম একক জিতে নেওয়া। পিট সাম্প্রাসের ১৪ টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড যে হুমকির মুখে তা বোঝা হয়ে গেছে সবার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এবার আরেকটা প্রাপ্তিও গৌরবান্বিত করেছে ফেদেরারকে। সোমবার থেকে রজার ফেদেরার টানা সবচেয়ে বেশি সপ্তাহ র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডেরও অংশীদার। এতদিন ১৬০ সপ্তাহ এক নাম্বারে থেকে রেকর্ডটির একক মালিক ছিলেন জিমি কনর্স। গত মাসের অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে কোনো টুর্নামেন্টে অংশ না নিয়েও তাকে ছুঁয়ে ফেলেছেন ফেদেরার। কনর্সকে ছাড়িয়ে যাওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার!

এতটাই আধিপত্য এখন রজার ফেদেরারের।  ২০০৪ সালের ২ ফেব্র“য়ারি থেকে পুরুষদের র্যাংকিংয়ের শীর্ষে সেই যে বসেছেন, ওখান থেকে নড়ানোই যাচ্ছে না তাকে। যাবে কী করে, বলতে গেলে প্রত্যেকটা টুর্নামেন্টই শেষ হয় ফেদেরারের একাধিপত্যের নমুনা নিয়ে। যুক্তরাষ্ট্রের জিমি কনর্সের ১৬০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড ছোঁয়াটা নিশ্চিত করেছিলেন গত বছরের নভেম্বরে। তার মানে, এর পরের সময়টায় কোর্টে না নামলেও বিশ্বসেরা তিনি থাকতেনই!

এখন পরিস্থিতি আরো অনুকুলে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে ২৭ বছরে  প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে একটা সেটও হারেননি। তাতে লাভটা হয়েছে এই যে, আবার কোর্টে না নামলেও আগামী সপ্তাহে কনর্সকে ঠিকই ছাড়িয়ে যাবেন। তখন টানা ১৬১ সপ্তাহ র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডে থাকবে শুধু একটাই নাম ---- রজার ফেদেরার।