ভ্যালেন্সিয়ার কাছে হেরেই গেল বার্সেলোনা
ভ্যালেন্সিয়ার মাঠে সর্বশেষ চার লড়াইয়ের তিনটিতেই জয় বার্সেলোনার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল এটাই। স্যামুয়েল এ'তোকে নিয়ে গত ক’দিনের অনাকাক্সিক্ষত ঘটনার পরও তাই আশায় বুক বেঁধেছেন ফ্র্যাঙ্ক রাইকার্ড। ‘বার্সা’ কোচের সেই আশা শেষ পর্যন্ত পরিণত হলো নিরাশায়! রোববার স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র দারুণ গুরুত্বপূর্ণ এক ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার এককভাবে শীর্ষে থাকার গৌরবেও এসেছে অংশীদারিত্ব। পরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পাশে চলে এসেছে সেভিয়া। ২৩ ম্যাচ থেকে দু দলেরই সংগ্রহ ৪৬ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে যুগ্মভাবে পরের স্থানে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।
ম্যাচের আগে রাইকার্ড জানিয়েছিলেন স্যামুয়েল এ'তোকে নিয়ে জন্ম নেয়া বিতর্কিত ঘটনাগুলো তার দলের পারফরম্যান্সে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তবে তিনি যা--ই বলুন না কেন মাঠে কিন্তু তার প্রমান তেমন একটা মেলেনি। শুরু থেকে একেবারেই জ্বলে উঠতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে স্বাগতিকরাও অবশ্য ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি। তার পরও সপ্তম মিনিটেই তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু ডেভিড ভিলার এক জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ‘বার্সা’ গোলকিপার ভিক্টর ভালদেস। বিরতির আগে বলার মতো সুযোগ বলতে ওই একটাই। এ সময়ে দু দলের ধীর গতির, ম্যাড়মেড়ে খেলা দর্শকদের কিছুটা হতাশই করেছে।
দ্বিতীয়ার্ধে ঠিক তার উল্টো চিত্র। শুরু থেকেই আক্রমণে উঠে তিন মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় ভ্যালেন্সিয়া। দুটো গোলের পেছনেই বার্সেলোনার রক্ষণভাগের ব্যর্থতাও কম দায়ী নয়। প্রথম গোলের সময় ভিলা বাঁ দিক দিয়ে ঢুকে পড়ে ক্রস করেছেন মিগুয়েল অ্যাঙ্গুলোর উদ্দেশে। একেবারে ‘আনমার্কড’ অ্যাঙ্গুলোর ছুটে এসে ফাঁকা জালে বল ঠেলতে সমস্যা হয়নি। স্বাগতিক সমর্থকদের এগিয়ে যাওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতে আবার গোল। এটার উৎস আবার অ্যাঙ্গুলো। ডান দিক থেকে তার নেয়া শট ভালদেস ফিরিয়ে দিলে বল আবার ফিরে আসে অ্যাঙ্গুলোরই পায়ে। এবার আর তিনি শট নেননি, বাড়িয়েছেন পাশেই দাঁড়িয়ে থাকা ডেভিড সিলভার কাছে। সিলভার নিচু শট ০--২ গোলে পিছিয়ে দেয় ‘লা লিগা’র গত দু বারের চ্যাম্পিয়নদের।
এর ঠিক পরেই মাঠে নামেন লিওনেল মেসি। এবং এই আর্জেন্টাইন তারকাকে ঘিরেই জন্ম ম্যাচটার সবচেয়ে আলোচিত ঘটনাটার। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় মেসিকে পেছন থেকে ট্যাকল করে ফেলে দিয়েছিলেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক ডেভিড আলবেলদা। ডেকোর বোধহয় তা একেবারেই পছন্দ হয়নি। নইলে তিনি উড়ে গিয়ে আলবেলদার ওপরে পড়বেন কেন! তা থেকেই ডেকো--আলবেলদার মধ্যে ধাক্কাধাক্কি এবং দু জনেরই লালকার্ড দর্শন!
দু দলই ১০ জনে পরিণত হওয়ার পর ব্যবধান কমানোর দিকে মন দিয়েছে বার্সেলোনা। বিশেষ করে রোনালদিনহো ও মেসি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে তারা ফাটল ধরাতে পারছিলেন না। শেষ পর্যন্ত এই দু জনের কম্বিনেশনেই ইনজুরি টাইমে একটা গোল পেয়েছে ‘বার্সা’। বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করায় ফ্রিকিক পেয়েছিল তারা। রোনালদিনহোর মাটি ঘেঁষা শট ভ্যালেন্সিয়ার গোলকিপার বুঝতেই পারেননি (২--১)। তবে ব্রাজিলিয়ান তারকার মৌসুমের ষোড়শ গোল স্প্যানিশ চ্যাম্পিয়নদের আফসোসই বাড়িয়েছে শুধু ।
