সংস্কারগুলো ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপেও গেল
নানামুখী মানসিক সমস্যার সমাধান নিয়ে ঘুরছেন রাজিন সালেহ। জাতীয় দলের বাইরে থাকার সময় এই ওপেনার মনোবিজ্ঞানের কোনো কোর্স করেননি, তবু প্রয়োজনে সতীর্থদের মানসিক সমস্যা সমাধানে তিনি হতে পারেন কবিরাজ।
কারণ তার কাছে আছে শিব খেরা নামের এক ভারতীয় লেখকের বই ‘তুমিও জিতবে’। মন কখনো শত্র“ হয়ে দাঁড়ালে তাকে বশে আনার নানাবিধ উপায়ে সজ্জিত বইয়ের প্রচ্ছদও যে কারো দৃষ্টি কাড়বে। ঘনিষ্ঠ এক বন্ধুর এই উপহারটাও সোমবার সকালে রাজিনের বিশ্বকাপ যাত্রায় সঙ্গী হয়েছে। মাশরাফি বিন মর্তুজারই বোধহয় এটা সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। নিজের মনের সঙ্গে তার বিরোধ যে বহুদিনের!
গত বছরের সেরা ওয়ানডে বোলারের মর্যাদায় একটাই কলঙ্ক হয়ে আছে জিম্বাবুয়েতে শেষ ওভারে ১৮ রান দিয়ে হারানো। ওই দুঃস্বপ্নের পরদিনই তার সরল স্বীকারোক্তিতে মূর্ত হয়ে উঠেছিল মনের সঙ্গে দ্বন্দ্বটা,“ কেন জানি মনে হচ্ছিল পারবো না।” জুলাই --- আগস্টের ওই সফরে বাংলাদেশ দলের সদস্য ছিলেন রাজিনও। মাশরাফির ওই ওভারটার কথা মনে করেই কিনা বললেন,“বইটা নিয়ে নিয়েছি। আমার তো লাগবেই। অন্যদেরও লাগতে পারে।”
একরকম হিসাবের বাইরে চলে যাওয়া রাজিনকে নির্বাচকরা বিবেচনায় আনতে বাধ্য হয়েছেন প্রিমিয়ার ক্রিকেট লিগে তার পারফরম্যান্সে। ১১ ম্যাচে ৪৫৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান। এক বিকেলে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওই ‘তুমিও জিতবে’ তে নিমগ্ন হয়ে থাকতে দেখে বুঝতে বাকী থাকলো না রাজিনের রানধারার রহস্য। অবশ্য সোমবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জের দিকে পা বাড়াতে বাড়াতে বলে গেলেন,“এখনো পুরো বইটা পড়া হয়নি। বাকীটা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে শেষ করবো। অনেক ভালো জিনিস আছে বইটাতে।”
আপনার লক্ষ্য কি? উত্তরে ‘ভালো খেলা’র বাইরে তাপস বৈশ্যের মুখ থেকে কে কবে অন্য কোনো শব্দ বের করতে পেরেছেন? কিন্তু নিজের চেষ্টা থাকলেই শুধূ ভালো খেলা যায় না। সেজন্য ভাগ্যটাকেও পাশে থাকতে হয়। আগেরদিন মাশরাফির বলা কথাটায় ভীষণ বিশ্বাস তাপসেরও। আর এই পেসারের সৌভাগ্যের প্রতীক সেই সোনার চেইনটা বিশ্বকাপে যাবে না তা কী করে হয়! “জাতীয় দলে প্রথম খেলে পাওয়া টাকা দিয়ে একটা সোনার চেইন বানিয়েছিলাম। ওটা না পরে খেললে আমার হয় না। গলায় থাকলেই ভালো খেলার বিশ্বাসটা আসে।” অথচ চেইনের আসল অংশটাই হারিয়ে ফেলা তাপস অজানা আশঙ্কাতেই ভুগতে শুরু করেছিলেন, “চেইনের লকেটটা ব্যাট আর বলের। এবার জিম্বাবুয়ে থেকে ফিরে বাড়ী (সিলেট) গিয়েছিলাম। খূলে রাখার পর আবার যখন পরতে গেছি, দেখি লকেটটা নেই। কোথায় খুলে পড়েছে আর খুঁজেই পেলাম না। গত দুদিনের মধ্যে সেটা তড়িঘড়ি করে আবার বানিয়ে নিয়েছি।”
হাবিবুল বাশারের ডেপুটি শাহরিয়ার নাফীসের সৌভাগ্যের সূচক অবশ্য অতো দামী কিছু নয়,“একটা স্কিনস (শরীরের সঙ্গে লেপ্টে থাকা পোশাক) আমি দেড় বছর ধরে পরছি। বিশ্বকাপেও পরবো। কেন জানি মনে হয় ওটা থাকলেই ভালো খেলি আমি। গত বছর কতো রান করলাম! না ছেঁড়া পর্যন্ত বাতিল ঘোষণা করবো না বলেই ঠিক করেছি।” বিশ্বজুড়েই ক্রিকেটারদের নানারকম সংস্কার আছে। দুয়েকজনকে বাদ দিলে ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রিকেটাররাও। দুই ‘ মোহাম্মদ’ রফিক ও আশরাফুলের জন্যই কথাটা বলা। তাদের কেউই ওসবের ধার ধারেন না। রফিক যেমন একরকম চেঁিচয়েই বললেন,“আরে, ভালো খেলতে ওইসব লাগে না।”
শুনলে নির্ঘাৎ প্রতিবাদ করতেন নাফীস। এই ওপেনারের বাম পায়ের প্যাডটা আগে পড়া চাই --- ই চাই। ব্যাট করতে নামার পর তার অমঙ্গল ঠেকানোর টোটকা। জাতীয় দলে একদম নতুন তামিম ইকবালেরও প্যাড আগে ওঠে বাম পায়ে। দুই বাহাতি ওপেনারের সংস্কারে কী দারুণ মিল! আরেক বাহাতি সাকিব আল হাসানও সংস্কারহীন নন,“ এক জোড়া মোজা আছে আমার। প্রত্যেক ম্যাচেই পরি সেগুলো। এতে আমি ভালো খেলতে পারি বলেই মনে হয়।” মুশফিকুর রহিমের সংস্কারটা স্রেফ ক্রিকেট সামগ্রী বা ক্রিকেট মাঠে আটকে নেই। তারটা আরও অনেক বেশি মানবিক আবেদনময়। ‘‘সবসময়ই আমার পকেটের মানিব্যাগে মায়ের ছবি থাকে। দেশে-বিদেশে সবসময়। কাজেই বিশ্বকাপেও ওটা আমার সঙ্গেই থাকবে। মায়ের ছবি সবসময়ের মতো বিশ্বকাপেও হবে আমার অনুপ্রেরনা’’--- জানালেন বিশ্বকাপে বাংলাদেশ দলের উইকেট আগলানোর গুরুদায়িত্ব পাওয়া মুশফিকুর।
ব্যাটিং করতে নামার আগে তার ব্যাটে কেউ হাত দিলেই ব্যর্থ হবেন বলে মনে হয় রাজিন সালেহর,“ওই সময় কাউকে আমি ব্যাট ধরতে দেই না। ধরতে চাইলে ‘পরে’ বলে এড়িয়ে যাই।” অধিনায়ক হাবিবুল বাশারের সংস্কারটা অবশ্য একটু ‘ গোপনীয়’। জানতে চাওয়ার পর প্রথমেই তাই লাজুক হাসি,“আমার একটা আন্ডারওয়্যার আছে। সব ম্যাচেই ওটা আমার পরনে থাকে।”
থাকবে বিশ্বকাপেও। তাই ওয়েস্ট ইন্ডিজে হাবিবুল বাশারদের সঙ্গে তাদের সংস্কার আর ‘লাকি চার্ম’গুলোও গেল!
