বিশ্বকাপ নিয়ে ওদের যত কথা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ১৯৯৯-র বিশ্বকাপের পরই। আবার অবসর ভেঙ্গে ফিরে এই ২০০৭ সালেও বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য মোহাম্মদ রফিক। তাই আট বছর আগে মিনহাজুল আবেদীন ও ফারুক আহমেদদের সঙ্গে তারও অবসর ঘোষনাকে ‘হুজুগ’ বলেই মনে করা হয়েছে এতোদিন। তবে “ওই সিদ্ধান্তকে ভুল মনে করেন কিনা”- জানতে চাওয়ায় মিডিয়ার ভুল ভেঙ্গে দিলেন দেশসেরা এই বাঁ-হাতি স্পিনার,“ কোনো একটা ঘটনার জন্য আমাকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এমনকি ঘরোয়া ক্রিকেটেও আর না -ও দেখতে পারতেন আমাকে। আপনারা এসবের কিছুই জানেন না।”
এমন কিছু অজানাকে জানা এবং কিছু অদেখাও দেখা হয়ে গেল রোববার একযোগে বাংলাদেশের বিশ্বকাপ দলের সবসদস্য মিডিয়ার সামনে আসার পর। এই যেমন ফাস্ট বোলার শাহাদাত হোসেনের এমন রুপ তো আগে দেখা গেছে বলে মনে পড়ে না,“ বিশ্বকাপে আমার লক্ষ্য ব্যাটসম্যানদের মাথা ফাটানো। ফাস্ট বোলারদের তো ‘অ্যাগ্রেসিভ’ থাকতে হয়।” কথাটা রসিকতা করে বললেও ইদানীং যে বোলিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এর কারণ তার নিজেরও অজানা নয়,“সবাই বলেছেন, আমি প্রত্যেক বলে উইকেট নিতে চাই বলেই এমনটা হচ্ছিল।” সুতরাং বিশ্বকাপে সেই চিন্তাটা আর থাকবে না --- এমন আশা করাই যায়।
সবার আশা বিশ্বকাপে যেন মাশরাফি বিন মর্তুজার আগেরবারের দুঃস্মৃতি ফিরে না আসে। ২০০৩ --- এর বিশ্বকাপে বলের ওপর পা পিছলে পড়ে অ্যাংকেলে চোট নিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। সেটা মনে করে নিজের বিপদ আর ডেকে আনতে চান না বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার,“আমার কাছে মনে হয় ক্রিকেটে যতোই ভালো খেলি না কেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগ্য। সেসব মনে করলে কেবলই ভয় হয়, আমি বোধহয় খেলতে পারবো না।” ২০০৬ র সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটধারী বোলার তাই তার লক্ষ্যেই অবিচল থাকতে চাইছেন,“বল হাতে আমার এমন একটা দিনও যায়নি যেদিন আমি আতœবিশ্বাসী ছিলাম না। আমার লক্ষ্য বিশ্বকাপে একটা অঘটন ঘটানোয় দলকে সাহায্য করা। একটা বড়ো দলকে হারাতে চাই আমরা।”
সেই লক্ষ্য পূরণে অধিনায়ক হাবিবুল বাশার আরো বেশি করে সচেষ্ট হতে পারছেন এজন্য,“ বাংলাদেশ এখন অনেক পরিণত দল। আমাদের এখনকার জয়গুলো অপ্রত্যাশিত হয় না। তাছাড়া এবার আমরা অনেকগুলো জয়ের স্মৃতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।” দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তিনি। কিন্তু বিশ্বকাপে দুটো ম্যাচ খেলেও কোনো রান করতে না পারা হাবিবুল এবার রান করার তাড়নাটাও অনুভব করছেন বেশ,“অবশ্যই রান করতে হবে। নিজের জন্য এবং দলের জন্য তো অবশ্যই।”
অঘটন ঘটানোর যে স্বপ্ন, তা বাস্তব করতে হলে আফতাব আহমেদকেও রান করতে হবে। সেটা করার চেষ্টা তার থাকবেই। সেই সঙ্গে এটা যে তার একার কাজ নয় তা মনে করাতেও ভুললেন না,“আমি একটা কথা খুব বিশ্বাস করি, একতাই বল।”
তাই মোহাম্মদ আশরাফুলও রান করার দাবি মেটাতে মুখিয়ে আছেন,“ গত এক বছরে তেমন পারর্ফম করতে পারিনি। বিশ্বকাপে এবার পুষিয়ে দিতে চেষ্টা করবো।” বেশ কিছুদিন ধরেই ছয় নাম্বারে ব্যাটিং করে আসছেন। বড় ইনিংস খেলায় এটাকে কোনো সমস্যাই মনে করছেন না তিনি,“আন্তর্জাতিক ক্রিকেটে ছয় নাম্বার কিন্তু খারাপ পজিশন না। অস্ট্রেলিয়ার মাইকেল হাসি এখানে খেলেন। ইংল্যান্ডের কলিংউডও। ছয়ে খেলে ভালো কিছু করা সম্ভব বলেই মনে করি আমি।” তবে আশরাফুলের পছন্দ পাঁচ নাম্বারই,“সবসময়ই বলে এসেছি পাঁচে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আমার টেস্ট এবং ওয়ানডের প্রায় সব ভালো ইনিংসই পাঁচে ব্যাট করে খেলা।” দলের অন্য তরুণ ব্যাটসম্যানদের কাছে বিশ্বকাপ নতুন অভিজ্ঞতা হলেও তার কাছে নয়। এবার ভালো কিছুর আতœবিশ্বসটা তার আসছে ওই অভিজ্ঞতা থেকেই,“গত বিশ্বকাপে খুব খারাপ করেছিলাম আমরা। কিন্তু আমি একটা ফিফটি করেছিলাম। ওটা থেকেই আমি এবার ভালো করার বিশ্বাসটা পাচ্ছি।”
জাতীয় দলে খেলছেন খুব বেশিদিন হয়নি, এরমধ্যেই সাকিব আল হাসানের পরিণত মানসিকতা বেশ প্রশংসা পেতে শুরু করেছে অধিনায়ক হাবিবুল বাশারের। এই অলরাউন্ডারের নিজেরও উপলদ্ধি,“যত দিন যাচ্ছে ততই পরিনত হচ্ছি আমি।”
আর মাত্রই জাতীয় দলে ঢোকা তামিম ইকবাল সদর্পে ঘোষনা করে দিচ্ছেন,“সুযোগ পেলে ছোটবেলা থেকে যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলবো।” ব্যাটে --- বলে ঠিকমতো হলে ঝড়ো ইনিংসই তার কাছ থেকে পাবে বাংলাদেশ। কিন্তু খালেদ মাসুদ বিতর্কে মুশফিকুর রহিম তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন তো? মুশফিক বোঝালেন, পারবেন,“ দেখুন চাপ নিলেই চাপ। কিন্তু আমরা পেশাদার। মাঠের বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা খেলার সময় না ভাবাই ভালো।” নির্বাচকরা তাকে বেছে নিয়েছেন ব্যাটসম্যান কাম উইকেটকিপার হিসেবে। মুশফিক অবশ্য নিজেকে তা মনে করেন না,“আমি উইকেটকিপার। হ্যাঁ ,ব্যাটিংয়েও ভালো করতে হবে আমাকে। কিন্তু দলের উইকেটকিপার তো আমি একাই। আমাকে কিপিংও তো করতে হবে।”
রাজিনের পরিচয় আরো ব্যাপক। ওপেনার হলেও তাকে মিডল অর্ডারের কথা ভেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। আবার প্রয়োজনে উইকেটকিপিং করার কথাও বলা হয়েছে। এসবে কোনো সমস্যাই নেই তার,“দলের প্রয়োজনে যেখানে খেলতে বলবে, সেখানেই খেলবো।” আগের দুটো বিশ্বকাপ মিস করা জাভেদ ওমর এবার অন্তর্ভূক্তির উত্তেজনা ভুলেই থাকতে চাচ্ছেন বলে মনে হলো,“সুযোগ পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলা।”
পেস কমে গেছে এ কথা শুনতে সৈয়দ রাসেলের খারাপই লাগে। তাই বেশ দৃঢ়তার সঙ্গে বললেন,“ পেস না থাকলেও আমার বোলিংয়ে অন্য কিছু আছে। দুদিকেই বল সুইং করাতে পারি আমি। এটা আমার চ্যালেঞ্জ।” আর ইদানীং মোহাম্মদ রফিকের তুলনায় অনেক উজ্জ্বল আরেক বাঁ -- হাতি স্পিনার আব্দুর রাজ্জাক চান তার প্রথম বিশ্বকাপটাকে স্মরণীয় করে আসতে।
বিশ্বকাপের পরেই বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ডেভ হোয়াটমোরের। এটা নিয়ে প্রশ্ন আসতেই বোঝা গেল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের সঙ্গে একাকার হয়ে গেছেন তিনিও,“গত দুটো বিশ্বকাপের চেয়ে ভালো করতে হবে আমাদের। এবং আমরা সেটা করবো। কিভাবে করবো, সেটা নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। দলের সবার মতো আমিও কেবল এটা নিয়েই ভাবছি এখন।”
ভারত ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর চিন্তায় বাঁধা কী আসছে না? যখন গত কিছুদিন কেবল ছোট দলগুলোর সঙ্গেই খেলেছে বাংলাদেশ। সহ --- অধিনায়ক শাহরিয়ার নাফীস প্রতিবাদ করে উঠলেন,“গত এক বছরে আমরা অনেক ম্যাচ জিতেছি। ভালো করার জন্য এটাই রসদ। জাতীয় দলের হয়ে আমার দেড় বছরে আমরা বড় দলকেও হারিয়েছি।” সেই বড় দলের একটা শ্রীলঙ্কাও।
