বাংলাদেশের তৃতীয় বিশ্বকাপ অভিযাত্রা শুরু
বিশ্বকাপের প্রায় একমাস আগেই সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়ে গেল বাংলাদেশের তৃতীয় বিশ্বকাপ দল।
হাবিবুল বাশারের নেতৃত্বে ১৫ সদস্যের দলটি সকাল ৯টা ৪০ মিনিটে এমিরেটসের একটি বিশেষ ফ্লাইটে চড়ে অ্যান্টিগার উদ্দেশে উড়াল দেয়।
কোচ ডেভ হোয়াটমোরসহ দলের মোট সদস্য সংখ্যা ২০ জন। ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের এ সবচেয়ে বড় আসর।
বাংলাদেশ দল প্রথম ঘাঁটি গাড়বে অ্যান্টিগাতেই--কানাডা এবং বারমুডার সঙ্গে তিন জাতির একটি প্রতিযোগিতায় অংশ নেবে সেখানে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে সেগুলো। একমাস আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলে যাওয়ার এটাও একটা কারণ।
এদিকে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির আয়োজনে দুইটা অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ--প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।
যাওয়ার আগে বাশার পুরনো কথাই বলে গেলেন আবার--দ্বিতীয় রাউন্ডে খেলার চেষ্টা করবে বাংলাদেশ। -
বাংলাদেশের বিশ্বকাপ দল : হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, রাজিন সালেহ ও জাভেদ ওমর।
