২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল ফেলপসের আরেকটি বিশ্বরেকর্ড

সাঁতারে মাইকেল ফেলপস নামটা এলেই চলে আসে বিশ্বরেকর্ডের কথাও। স্বাভাবিক এ নিয়ম মেনেই আবার খবরে এসেছেন যুক্তরাষ্ট্রের এই সুপার স্টার। এবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের বিশ্বরেকর্ডই পঞ্চম বারের মতো ভেঙ্গেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শনিবার মিশৌরি গ্রাঁ প্রি --- তে  সাঁতার শেষ করেও ফেলপস প্রথমে বুঝতে পারেননি ১ মিনিট ৫৩ দশমিক ৭১ সেকেন্ড সময় নিয়ে নতুন কীর্তি গড়ে ফেলেছেন। ২১ বছর বয়সী সাঁতারুর কাছে অবশ্য গত আগস্টে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে নিজের গড়া বিশ্বরেকর্ড থেকে এক সেকেন্ডের নয়শ’ ভাগের এক ভাগ ছেঁটে দেয়া কোনো কীর্তিই নয়। এথেন্স অলিম্পিকে ৬টি সোনাসহ আটটি পদক পাওয়া ফেলপসের নজর এখন আসন্ন সাঁতার বিশ্বকাপের দিকে। আগামী মাসে  মেলবোর্নে অনুষ্ঠেয় বিশ্বকাপে ২০০ মিটার বাটারফ্লাইয়ের নতুন রেকর্ডটিকে পুরোনো করে দেয়ার ইচ্ছেটা গোপন রাখেননি মাইকেল ফেলপস। অজান্তেই যার বিশ্বরেকর্ড হয়ে যায়, তার পরিকল্পনায়ও যদি বিশ্বরেকর্ড থাকে, রেকর্ড কি তখন ধরা না দিয়ে পারে!