বিশ্বকাপ অভিযানের আগে হাবিবুলদের ব্যস্ততায় ভরা দিন
মঞ্চে বসেই টেবিলের নীচে কিছূ একটা খুঁজতে লাগলেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক একটা প্যাকেট বের করে আনার পরই বোঝা গেল বিষয়টা। প্যাকেট খুলে জাতীয় দলের নতুন জার্সিটা দেখালেন তিনি। কাঁচের ফ্রেমে বাঁধাই করা একটা জার্সি উপহারও দেওয়া হলো বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ইস্পাহানী মির্জাপুর চা --- এর কর্মকর্তাদের। লাল --- সবুজের পাশে এবার হলুদও জায়গা করে নেওয়া জার্সি গায়ে চড়িয়েই বিশ্বকাপের ময়দানে নামবেন হাবিবুল বাশাররা।
তবে বিশ্বকাপ শুরুর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে লম্বা প্রস্তুতিই নেবেন তারা। আইসিসির ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ আছে। তবে বাংলাদেশ দল যে সোমবারই ( ১৯ ফেব্র“য়ারি) রওনা হয়ে যাচ্ছে তার কারণ কানাডা ও বারমুডাকে নিয়ে আয়োজিত একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশও অংশ নেবে অ্যান্টিগায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে। তাই ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম গন্তব্য, প্রথম ঘাঁটি অ্যান্টিগা।
১৩ মার্চ শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রায় একমাস আগে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়ে যাচ্ছে বাংলাদেশের তৃতীয় বিশ্বকাপ দল। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইট তাদের নিয়ে অ্যান্টিগার উদ্দেশে উড়াল দেবে।
এর ঠিক আগেরদিন একটু বিশ্রামের প্রত্যাশা করতেই পারতেন ক্রিকেটাররা। কিন্তু রোববার তাদের সারাটা দিন কাটলো তুমুল ব্যস্ততায়। সাতসকালে উঠেই প্র্যাকটিসের জন্য ছুটতে হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখান থেকে দেশ ছাড়ার আগের রাতের ঠিকানা হোটেল শেরাটনে। এখানে এসেই নতুন জার্সি গায়ে চড়ানোর আগে নতুন আরেকটা অভিজ্ঞতা হয়ে গেল ক্রিকেটারদেরও। শুধু তাদেরই বলা কেন, সাংবাদিকরাও তো এর আগে একই দিনে জাতীয় দলের সব ক্রিকেটারকে মাইক্রোফোনের সামনে পাননি! হোটেলে পৌঁছার পরই তাই চটজলদি মিডিয়ার মুখোমুখি হওয়ার জন্য নিজেদের স্যুট --- টাইয়ে সাজিয়ে নিতে হলো ক্রিকেটারদের।
কিন্তু পৌনে দুটোর অনুষ্ঠান শুরু হলো তিনটারও পরে। মিডিয়ার উপচে পড়া ভিড়কে ধারন করার জন্য শেরাটনের ‘চামেলি’ এতোই ছোট যে একেক টেবিলে একেকজনকে বসিয়ে দেওয়ার পরিকল্পনা বাদ দিতে হলো। তাদের উঠিয়ে দেওয়া হলো মঞ্চে। বিলম্বের কারণে প্রশ্নোত্তর পর্বও সংক্ষিপ্ত। সবমিলিয়ে গোটা অনুষ্ঠানের করুণ চিত্রটা পছন্দ হলো না বিসিবি সাধারন সম্পাদকেরও,“খুবই অব্যবস্থাপনার ছাপ সবকিছুতে...।”
মিডিয়ার চাহিদা মেটানোর পর বিশ্বকাপে জাতীয় দলের স্পনসর হিসেবে ইস্পাহানীর নাম ঘোষণার সংবাদ সম্মেলন। এখানেই জানানো হলো এজন্য ২৫ হাজার ইউএস ডলার দিচ্ছে তারা। তবে দ্বিতীয় রাউন্ডে উঠলে প্রতি ম্যাচের জন্য তারা বাংলাদেশ দলকে আরো পাঁচ হাজার ডলার করে দেবে।
এরপর শেরাটনের সুইমিং পুলের পাশে ফটোসেশন। তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে ফটোসেশনে অংশ নিলেন ক্রিকেটাররা। শনিবার তিনি ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত ক্রীড়া বিষয়ক সেমিনারের প্রধান অতিথি। সেখানে তার বিরুদ্ধে ক্ষোভের উদগীরণ দেখে মুখ লুকিয়ে বের হয়ে যাওয়া ফোরাম নেতা গোলাম রসুল মোল্লা অ্যান্ড গংয়ের এই ফটোসেশনে ঢুকে যাওয়াটা দৃষ্টিকটু লাগলো অনেকের কাছেই।
ফটোসেশন শেষে দেওয়া রিসেপশনে সারাদেশের মতো বিশ্বকাপে হাবিবুলদের সাফল্যপ্রত্যাশী ক্রীড়া উপদেষ্টা বললেন,“ তোমরা জয়মাল্য নিয়ে আসবে সেই প্রত্যাশায় থাকলাম।” প্রত্যাশার প্রতিদান দেওয়ার সংকল্পই উচ্চারিত হলো বাংলাদেশ অধিনায়কের মুখ থেকে,“আমি এমন একটা দলকে নেতৃত্ব দিচ্ছি যেটা হারার আগে হেরে যায় না। আশা করছি বাংলাদেশ বিশ্বকাপ থেকে শূন্য হাতে ফিরবে না।”
