২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানের পাহাড় গড়েও পতন রুখতে পারলো না অস্ট্রেলিয়া

মধ্যাহ্ন বিরতির সময় স্টিফেন ফ্লেমিং নিশ্চয়ই পন্টিং, গিলক্রিস্ট,সাইমন্ডস,ব্রেট লি ---বিহীন অস্ট্রেলিয়াকে টসে জিতেও ব্যাট করতে বলার জন্য আফসোস করছিলেন। অস্থায়ী অধিনায়ক মাইক হাসির সেঞ্চুরি (৮১ বলে ১০৫), ব্র্যাড হজের ৮৬ বলে অপরাজিত ৯৭ ও ক্যামেরন হোয়াইটের ১৯ বলে ৪২ রানের ঝড়ে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৩৩৬ তোলার পর তার মনে তো পরাজয়ের আশঙ্কাই ঘুরেফিরে আসার কথা! কিন্তু ইডেন পার্কের সর্বোচ্চ স্কোর গড়েও শেষরক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। রস টেলরের চমৎকার সেঞ্চুরি (১২৭ বলে ১১৭), ফুলটন ( ৬৫ বলে অপরাজিত ৭৬) ও ম্যাকমিলানের (৩০ বলে ৫২) ফিফটি আট বল বাকি থাকতেই ৫ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে নিউজিল্যান্ডকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

এ জয়ের ফলে চ্যাপেল --- হ্যাডলি সিরিজ জেতাও নিশ্চিত হয়ে গেল তাদের। নিশ্চিত হলো আরেকটা ব্যাপারও ---- র‌্যাঙ্কিং প্রবর্তনের পর এই প্রথম ওয়ানডের শীর্ষস্থান থেকে পতন হলো অস্ট্রেলিয়ার,সে জায়গায় এখন দক্ষিণ আফ্রিকা।

ইডেন পার্কের ছোট মাঠে রানের বন্যা বয়ে গেছে রোববার। ৯৯.৪ ওভারে ৬৭৩ রান (অস্ট্রেলিয়া ৩৩৬/৪ + নিউজিল্যান্ড ৩৩৭/৫), ভাবা যায়! অথচ সকালে ৫২ রানের মধ্যে ফিল জ্যাকস (৩) আর ম্যাথু হেইডেনের (২৪) ফিরে যাওয়া নিউজিল্যান্ডের আরেকটি সহজ জয়ের সম্ভাবনাই জাগাচ্ছিল। হয়েছে কিন্তু উল্টো। মাইক হাসি প্রথমে গিলক্রিস্টের বিকল্প হ্যাডিনকে নিয়ে ১৩.২ ওভারে তুললেন ৭০ রান। তারপর ব্র্যাড হজের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৬.৫ ওভারে ১৩০ রান। লু ভিনসেন্টের চার বলে তিনটি বিশাল ছক্কা মেরে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করার পর হাসি আউট হলে রানের পালে লাগে আরো পাগলা হাওয়া।

অধিনায়কের ৮ টি চার আর ৬ টি ছক্কায় সাজানো ইনিংসের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিলেন ব্র্র্যাড হজ। কিন্তু দুর্ভাগ্য তার, আবার সেঞ্চুরির কাছাকাছি এলেন আর শেষ হয়ে গেল ৫০ ওভার! দু সপ্তাহ আগে মেলবোর্নে সিবি সিরিজে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৯৯ রানে অপরাজিত ছিলেন হজ। ইনিংসের শেষ বলে মাত্র ১ রান নিতে পারায় এবার  তিনি ৯৭ রানে অপরাজিত! ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির এত কাছে গিয়ে ফিরে আসার হতাশা তাকে হয়তো সইতে হতো না শেষ দিকে ক্যামেরন হোয়াইট ১৯ বলে ৩টি চার আর ৩টি ছক্কায় ৪২ রানের অসাধারণ এক ইনিংস না খেলে।

ওই ইনিংস খেলে হোয়াইট অস্ট্রেলিয়াকে দেখিয়েছিলেন ম্যাচ জিতে সিরিজে ফেরার স্বপ্ন। পরে বোলিং এবং ফিল্ডিংয়ে চরম ব্যার্থতা দেখিয়ে পরাজয় ত্বরান্তিত করাতেও অবদান রেখেছেন এই অলরাউন্ডার। তার আর ফিল জ্যাকসের দুটো ক্যাচ মাটিতে না পরলে হয়তো অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বও সর্বশেষ ছয় ম্যাচে পঞ্চম বরন করার মাধ্যমে মাটিতে গড়াগড়ি করতো না। বলার অপেক্ষা রাখে না যে, ফ্লেমিং (৬), ভিনসেন্ট (২৬) আর স্টাইরিস (১৭) খুব ভালো না করা স্বত্বেও নিউজিল্যান্ডের জয় সম্ভব হয়েছে রস টেলর ১৬ টি ছক্কা আর ১ টি চারের সহায়তায় ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে  সেঞ্চুরি করায়।

এটাও ঠিক, ফুলটনের ৫টি চার আর ২টি ছক্কায় অপরাজিত ৭৬ আর  ক্রেইগ ম্যাকমিলানের ৭ টি চার আর ২টি ছক্কায় ৫২ রান ছাড়া নিউজিল্যান্ড জয়ের খুব কাছে হয়তো যেতো, তবে জিততে পারতো না। টেলর,ফুলটন আর ম্যাকমিলানের চোখ --- ধাঁধানো আক্রমনাত্মক ব্যাটিং দীর্ঘদিন মনে থাকবে ইডেন পার্কের দর্শকদের। অস্ট্রেলিয়ার সমর্থকদের হয়তো মনে থাকবে ফিল জ্যাকস আর ক্যামেরন হোয়াইটকে। কেন? লোপ্পা ক্যাচ মিস করে ম্যাকমিলানকে ৫ রানে নতুন জীবন দিয়েছিলেন জ্যাকস। আর ফুলটনও একবার ক্যাচ তুলে উল্টো ছক্কা পেয়ে যান ক্যামেরন হোয়াইট বল ধরে পেছনে তাকিয়ে তাকিয়ে সীমানার বাইরে চলে যাওয়ায়।

ম্যাকমিলান অবশ্য ক্যাচ তোলার হ্যাটট্রিক করেও মেতে উঠতে পেরেছেন বিজয়োল্লাসে। ৫ রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান ওয়াটসনের বলে হাসির ক্যাচে আউট হওয়ার আগের বলেও ক্যাচ দিয়েছিলেন ম্যাকগ্রাকে। ক্যাচ লুফেওছিলেন ‘দ্য পিজিয়ন’। কিন্তু আম্পায়ার ‘নো’ ঘোষণা করায় সে যাত্রাও বেঁচে যান ম্যাকমিলান।

ইডেন পার্কে রোববার ছিল নিউজিল্যান্ড আর (নেপথ্যে) দক্ষিণ আফ্রিকার হেসে ওঠার দিন। আর অস্ট্রেলিয়ার? প্রশ্ন উঠেছে, তাদের শ্রেষ্ঠত্বের দিনও শেষ কিনা। পন্টিং,গিলক্রিস্ট,সাইমন্ডস,লি ---রা ফেরার পরও দলের এই ছন্নছাড়া চেহারায় পরিবর্তন না এলে উত্তরটা অবশ্যই ‘হ্যাঁ’।

Cricinfo I  Starsports ------ এর সহায়তায়