২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পাকিস্তান ঘুরে দাঁড়াবে : ইনজামাম

এ মুহুর্তে সমস্যার শেষ নেই পাকিস্তান দলের । সবচেয়ে বড় সমস্যা অবশ্যই বাজে ফর্ম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ --- ১ ব্যাবধানে হারার পর তা আর অস্বীকার করবেন কিভাবে ইনজামাম --- উল হক! শনি বার দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তা স্বীকার করেছেনও পাকিস্তান অধিনায়ক । তবে বিশ্বকাপেও এ অবস্থা বজায় থাকবে বলে মনে করেন না তিনি। ইনজামামের বিশ্বাস,“ সেখানে আমরা নিশ্চয়ই ফর্ম ফিরে পাবো।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

তবে ভালো করার জন্যে অন্য একটা ব্যাপারকেও খুব গুরুত্ব দিচ্ছেন ইনজামাম। শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফকে সঙ্গে পাওয়া। এ বিষয়ে তার সরাসরি মন্তব্য,“ বিশ্বকাপ অভিযানে শোয়েব আর আসিফকে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। ওদের সত্যিই খুব দরকার।” গত অক্টোবরে ড্রাগ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ হয়ে পিসিবির সবুজ --- সংকেত পেয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই দুই ফাস্ট বোলারের যে কোনো বিকল্প নেই এ কথাও অকপটে বলেছেন ইনজামাম,“শোয়েব আর আসিফই আমাদের মূল বোলার। বিশ্বকাপে তাদের পাওয়া না গেলে সমস্যা হবে, কারণ, ভালো কোনো বিকল্প তো আমাদের হাতে নেই।”

আর সেজন্যই ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এই দুজনকে যে কোনো মূল্যে দলে দেখতে চান পাকিস্তান অধিনায়ক। তবে সেজন্য শোয়েব ---- আসিফসহ পাকিস্তান দলের প্রত্যেক সদস্যকে একটা বাধা অতিক্রম করতে হবে। আইসিসি’র কোনো বাধ্যবাধকতা না থাকলেও বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া প্রত্যেক সদস্যের ড্রাগ টেস্টের উদ্যোগ নিয়েছে পিসিবি। কেউ এই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে তাকে দল থেকে বাদ দেয়ারও ঘোষণা দিয়েছে তারা। ইনজামামের দৃঢ় বিশ্বাস, তার দলের প্রত্যেক সদস্য ড্রাগ টেস্টের বাধা সাফল্যের সঙ্গেই অতিক্রম করবেন,“শোয়েব --- আসিফসহ দলের সবার এই টেস্টে পাশ করার ব্যাপারে আমি আশাবাদী।”

যদিও দলের গুরুত্বপূর্ণ সদস্যদের  ---  বিশেষ করে শোয়েব ও আসিফের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে ইনজামামকে,“মূল খেলোয়াড়দের ইনজুরি আমাদের জন্য বড় একটা সমস্যা। আমাদের আন্তর্জাতিক সফরসূচী খুবই কঠিন।  সেজন্যই কয়েক জন ইনজুরিতে পড়েছে। অন্যরাও হয়ে পড়েছে ক্লান্ত।” হাঁটুর ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল শোয়েবের । চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শুক্রবার ফিরেছেন দেশে। ওদিকে দক্ষিণ আফ্রিকা সফরেই আসিফের কনুইতে হানা দিয়েছে ইনজুরি।

তবে সবচেয়ে বড় সমস্যা যে খেলোয়াড়দের ফর্মহীনতা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না! দক্ষিণ আফ্রিকায় তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। এটা নিয়ে ইনজামাম কিন্তু মোটেও দুশ্চিন্তাগ্রস্ত নন। সতীর্থরা যে ফর্মে ফিরবেনই এ ব্যাপারে পাকিস্তান অধিনায়কের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই,“ছেলেদের ওপরে বিশ্বাস আছে আমার। তাদের শুধু নিজেদের মেলে ধরা এবং পারফরম্যান্সের উন্নতির জন্য আরো বেশি পরিশ্রম করা দরকার।”

দক্ষিণ আফ্রিকায় দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও ইমরান নাজিরের ব্যাটিংও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তান দলকে। ইনজামাম অবশ্য বিশ্বকাপের আগে ওপেনিং নিয়ে কোনো রকম পরীক্ষা --- নিরীক্ষা না করারই পক্ষে,“(বিশ্বকাপ শুরু হতে) আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তাই হাতে থাকা ওপেনারদের ওপরেই নির্ভর করতে হবে আমাদের। অন্য এক জনকে প্রস্তুত সময় তো হাতে নেই...!”