এই প্রথম প্রত্যাশা জাগাতে পারার অনুভূতি
এক সাংবাদিক একটুখানি সময় চেয়ে রোষানলে পড়লেন ডেভ হোয়াটমোরের। বাংলাদেশ দলের কোচ সাফ বলে দিলেন,“আমি ভীষণ ব্যস্ত। পারবো না। আগামী দুদিনেও সময় হবে না আমার।” বিশ্বকাপ ছোঁয়ার অভিজ্ঞতা তার আছে। সুতরাং ওই ব্যবহারকে বিশ্বকাপ উত্তেজনায় কাবু হওয়ার ফল বলা যাচ্ছে না।
তবে তার শিষ্যদের বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ে গেছে বলেই জানালেন হাবিবুল বাশার। ১৯ ফেব্র“য়ারি সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার আগে একটুও প্র্যাকটিস করে না গেলে “পাছে শরীরে জড়তা এসে যায়” --- এই আশঙ্কা দূরে রাখতে শনি ও রোববারেও প্র্যাকটিস। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসার পর সতীর্থদের মুখাবয়বে একটা বিশ্বকাপে খেলতে যাওয়ার আনন্দের ঝিলিক খেলা করতে দেখেছেন বাংলাদেশ অধিনায়ক,“অবশ্যই যে কোনো বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আবেগতাড়িত অনুভূতি কাজ করেই। আজ সবারই একটু অন্যরকম লাগছে।”
বিশ্বকাপ থেকে অন্যরকম ভালোলাগায় আচ্ছন্ন হয়ে ফিরতে যে অনুপ্রেরণার দরকার সেটারও অভাব হচ্ছে না বলে জানিয়ে দিলেন প্র্যাকটিসের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে আসা হাবিবুল,“বিশ্বকাপের জন্য আমরা অনেক বেশি অনুপ্রাণিত। কারণ, আমরা জানি সারাবিশ্ব তাকিয়ে থাকবে আমাদের দিকে। ওখানে একটু ভালো করতে পারা মানে দেশের জন্য অনেক ইতিবাচক কিছূ নিয়ে আসা। সেজন্যই সবাই অনেক বেশি অনুপ্রাণিত।”
‘ইতিবাচক’ শব্দটাকে খোলসমুক্ত করতে গিয়ে বললেন,“ যদিও এখন ভালো খেলছি, তবু আরো প্রতিষ্ঠিত দল হতে হবে আমাদের। বিশ্বকাপের পারফরম্যান্স সেক্ষেত্রে খুব সাহায্য করবে।” আর বাংলাদেশের তৃতীয় বিশ্বকাপকে একটু অন্যরকমই মনে হচ্ছে হাবিবুলের কাছে। ওয়েস্ট ইন্ডিজে ‘একটু ভালো’ করা এবং সেই সঙ্গে এই ‘অন্যরকম’ এর ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক বলছেন,“ আমাদের কাছে আগেরগুলোর চেয়ে এবারের বিশ্বকাপটা ভিন্ন । মনে হচ্ছে, সারাদেশের মানুষের কাছেও তাই। যদিও ১৯৯৯ তে খুব ভালো খেলেছিলাম। সেবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আমার মনে হয়, সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত জয়। তবে এবার মনে হয় সবাই আমাদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছে। সবার আশা, বাংলাদেশ দল যেন বড় কয়েকটা ম্যাচে জেতে। সেই দৃষ্টিকোণ থেকে এবারের বিশ্বকাপটা আমাদের জন্য একটু ভিন্ন। আমরাও তো এবার জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছি।”
‘রসিক লোক’ বলে খ্যাতি আছে হাবিবুলের। নিজের ওই শেষ বাক্য নিয়েও একটু রসিকতা না করার মতো বেরসিক তিনি নন। হাসতে হাসতেই বললেন,“তাই বলে বিশ্বকাপ জয় কিন্তু নয়। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া অর্থে বলেছি।”
সেটা আরো আগে থেকেই বলে আসছেন। বিশ্বকাপে যাওয়ার আগে কোনো বাংলাদেশ অধিনায়কের এমন লক্ষ্যের কথা বলাও তো প্রথম! কে না জানে, প্রথম অনুভূতিটা ভিন্নই হয়!
