২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহামকে ইংল্যান্ড দলে দেখতে আগ্রহী ক্যাপেলো

“আশা করি তার ভাগ্য ফিরবে আর সে ফিরতে পারবে দলে। কারণ ব্যাপারটা দারুণ আনন্দিত করবে তাকে”Ñডেভিড বেকহাম সম্পর্কে ফ্যাবিও ক্যাপেলোর এমন মন্তব্যে যে কারো ভুরু কুঁচকে যাওয়ারই কথা। প্রায় এক মাসের নির্বাসন কাটিয়ে গত সপ্তাহে ক্যাপেলোর অধীনে থাকা রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে ফিরেছেন বেকহাম । ফ্রিকিক থেকে দারুণ এক গোল করে দলের জয়ে বড় ভূমিকাও রেখেছেন তিনি। তাহলে ক্যাপেলো কোন্ দলের কথা বলছেন? প্রশ্নটার উত্তরÑÑইংল্যান্ড জাতীয় দল। বিশ্বকাপের পর স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়কত্ব। তার পর থেকে জাতীয় দলেই তিনি অপাঙক্তেয়। তবে ক্যাপেলোর আশা, খুব শিগগিরি বেকহামকে জাতীয় দলে ফেরাবেন ইংল্যান্ডের কোচ স্টিভ ম্যাকলারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এখন ম্যাকলারেনকে যে অস্বস্তিকর অবস্থার মধ্যে কাটাতে হচ্ছে ক’দিন আগে ক্যাপেলোকেও পড়তে হয়েছিল তেমন অভিজ্ঞতারই সামনে। আগামী জুলাই থেকে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বেকহামকে আর মাঠেই না নামানোর ঘোষণা দিয়ে ফেলেছিলেন ক্যাপেলো। কিন্তু স্প্যানিশ লিগে রিয়াল টানা দু ম্যাচে হেরে যাওয়ায় অনেকটা বাধ্য হয়েই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বেকহামকে রেখেছিলেন প্রথম একাদশে। তার সুফল পেয়েছিলেন সঙ্গে সঙ্গেই। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের দুর্দান্ত এক ফ্রিকিক শুরুতেই পিছিয়ে পড়া রিয়ালকে ম্যাচে ফিরিয়েছিল। ঐ ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জীবিত স্প্যানিশ ‘জায়ান্ট’রা শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল ২--১ গোলে।

ক্যাপেলো জানিয়েছেন দলের বাইরে থাকার সময়ও প্র্যাকটিসে বিন্দু মাত্র ফাঁকি দেননি বেকহাম। তার একাগ্রতা আর উৎসাহই নাকি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ক্যাপেলোকে, “সব সময়ই তার মনোভাব এক জন দুর্দান্ত পেশাদারের মতো। সে যেভাবে খেলে তা দলের ওপরে ইতিবাচক প্রভাব রাখতে বাধ্য। কারণ সব সময়ই তার খেলা থেকে ঠিকরে বেরোয় উৎসাহ আর সিরিয়াসনেস।” আর সেজন্যই ইংল্যান্ড কোচ ম্যাকলারেনের প্রতি তার আহ্বান,“নিঃসন্দেহে সব কিছু নির্ভর করছে ইংল্যান্ডের কোচের ওপরে। তবে একটা কথা বলতে পারি সে (বেকহাম) ইংল্যান্ডের জন্য ভাল কিছু করতে সক্ষম।’

এই ‘ভাল কিছু’র দিকে এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন ম্যাকলারেন। গত আগস্টে ইংল্যান্ডের কোচ হওয়ার পর পরই তিনি বাদ দিয়েছিলেন বেকহামকে। এর পর বেকহামের আর জাতীয় দলে ফেরা হয়নি। এই সময়ে ‘ইওরো ২০০৮’--এর বাছাইপর্বে খারাপ পারফরম্যান্সের মাশুল দিয়ে ইংল্যান্ড নেমে গেছে ‘ই’ গ্র“পের তৃতীয় স্থানে। এ মাসের শুরুতে ওল্ড ট্র্যাফোর্ডে স্পেনের কাছে এক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ০--১ গোলে হেরে যাওয়ায় এই মুহূর্তে ম্যাকলারেন রীতিমতো সমালোচকদের তোপের মুখে। আগামী মাসে ইসরায়েল ও অ্যান্ডোরার সঙ্গে বাছাইপর্বের ম্যাচ দুটো তাই তার জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

সেই পরীক্ষায় উৎরানোর জন্য বেকহামের দিকে কি হাত বাড়াবেন ম্যাকলারেন? তার হাতের কাছে তো ক্যাপেলোর উদাহরণটা রয়েইছে। সেই ক্যাপেলোরই আহ্বানে সাড়া দিলে ইংল্যান্ড কোচ বোধহয় ঠকবেন না!