২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর -জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হতে পারে বাংলাদেশের

প্রায়ই হাবিবুল বাশারকে আক্ষেপ করে বলতে শোনা যায়, “কতোদিন টেস্ট ক্রিকেট খেলছি না।” এক্ষেত্রে বাংলাদেশ আর জিম্বাবুয়ের খুব একটা পার্থক্যও নেই আসলে। জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছে। কিন্তু টেস্ট না খেলার ব্যাপারটাতে বাংলাদেশ তাদের কাছাকাছিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

তবে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর থেকেই টেস্ট ক্রিকেটের স্বাদ আর জিভে নেওয়া হচ্ছে না বলে যে আক্ষেপ, সেটা এবছর কড়ায় গণ্ডায় পুষিয়ে নেওয়ার সুযোগই হয়তো অপেক্ষা করে আছে হাবিবুল বাশারদের জন্য। কেননা আইসিসির এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরেও ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি একটা দুই টেস্টের সিরিজও বোনাস হিসেবে মিলে যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) আমন্ত্রণ সেই সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে আরো।

বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা আমন্ত্রণের ব্যাপারটা নিশ্চিত করেছেন, “হ্যাঁ, ডিসেম্বর --- জানুয়ারির দিকে ওরা আমাদের ওদের দেশে খেলতে যাওয়ার নিমন্ত্রণ করেছে। এটা নিয়ে আমরা আলাপ --- আলোচনাও করছি।” তবে আমন্ত্রণে এখনই ‘হ্যাঁ’ না বলার সিদ্ধান্ত বিস্ময়কর শোনালেও তিনি সঙ্গে সঙ্গেই এর ব্যাখ্যাও দিয়ে দিলেন। যেটাকে গ্রহণযোগ্য বলেই মনে করছেন বিসিবি কর্মকর্তারা, “ডিসেম্বর --- জানুয়ারির দিকে প্রচন্ড শীত পড়ে নিউজিল্যান্ডে। ওই সময়টায় এই উপমহাদেশের দলগুলো সেখানে খুব একটা সুবিধে করে উঠতে পারে না। ভারত আর পাকিস্তানের মতো দলও নাস্তানাবুদ হয়ে এসেছে কতো! তাই আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ওদের আমন্ত্রণে এখনই সাড়া না দেওয়া। এবং ওদেরকে পাল্টা আমাদের এখানে এসে খেলার প্রস্তাব দেওয়া।”

ওই প্রস্তাবে যদি এনজেডসির সম্মতি না মেলে, তখন? সেটাও ভেবে রাখা আছে বলে জানালেন ওই কর্মকর্তা, “ওরা যদি একান্তই বাংলাদেশে আসতে না চায়, তাহলে নিউজিল্যান্ডের মতো দেশের আমন্ত্রণ রক্ষা না করাটা হবে বোকামি। সেটা আমরা কেন করবো? তখন আমরা খেলতে নিউজিল্যান্ডেই যাবো। আর যাই হোক এটা তো আমাদের ক্রিকেটারদের জন্য বড়ো একটা সুযোগ।”

ক্রিকেটারদের টেস্ট খেলার তৃষ্ণা মেটানোর এই সুযোগ এসেছে আসলে আগামী ডিসেম্বর --- জানুয়ারিতে  দু’দেশেরই কোনো সূচি না থাকায়। নিউজিল্যান্ডের অবশ্য ডিসেম্বরের শুরুর দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে অস্ট্রেলিয়ায়। এটা এফটিপি অনুযায়ী।  সেপ্টেম্বর --- অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশেরও অবসর। তার আগে এফটিপি অনুযায়ী এক বছর পর বাংলাদেশ টেস্ট খেলবে আসছে মে মাসে। দেশের মাটিতে ভারতের বিপক্ষে। এরপর জুন---জুলাইতে  টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়। এর সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে আরো দুটো টেস্ট মিলে গেলে মন্দ কী!