নাঈমুদ্দিন আবার ব্রাদার্সে
ক্রুসিয়ানির পর সৈয়দ নাঈমুদ্দিনও এখন বাংলাদেশে। ব্রাদার্সের দায়িত্ব নিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতীয় দলের এই সাবেক কোচ।
এর আগেও একবার ব্রাদার্সের দায়িত্ব নিয়েছিলেন নাঈমুদ্দিন। ২০০৩ --- ০৪ মৌসুমে গোপীবাগের দলটি পরাশক্তি হয়ে আভির্ভুত হওয়ার সময়েই আনা হয়েছিল তাকে। তার প্রতিদান দিয়েছিলেন তিনি ব্রাদার্সকে ঢাকা লিগ ও জাতীয় লিগ শিরোপা উপহার দিয়ে। ঢাকার মাঠে সাফল্যের পর তার হাতে আবার ভারতের জাতীয় দল তুলে দিয়েছিল সে দেশের ফুটবল ফেডারেশন।
ওই চাকরি হারানোর পর নাঈমুদ্দিনকে আবার নিয়ে আসছে ব্রাদার্স। এবার তাদের দল তেমন ভালো হয়নি, তাই ভালো কোচ রেখে প্রথম পেশাদার লিগ জয়ের স্বপ্ন দেখছে তারা।
