প্রথমবারের মতো ১০ উইকেটে হারলো অস্ট্রেলিয়া
ক্রিকেটের ‘মহাযজ্ঞ’ শুরু হতে আর এক মাসও বাকি নেই। অথচ তার ঠিক আগে গত দু বারের বিশ্বকাপ বিজয়ীদের জন্য এ কিসের অশনি সঙ্কেত! কমনওয়েলথ ব্যাংক সিরিজে ইংল্যান্ডের কাছে টানা তিন হারের ক্ষত শুকাতে না শুকাতেই অস্ট্রেলিয়া একেবারে বিধ্বস্ত। শুক্রবার ওয়েলিংটনে চ্যাপেল--হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের ১০ উইকেটের বিশাল পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডেতে এর আগে কখনোই ১০ উইকেটে হারার তিক্ত অভিজ্ঞতা হয়নি অস্ট্রেলীয়দের। এই নিয়ে টানা চার ম্যাচে হার মানতে হল ক্রিকেট বিশ্বের অবিসংবাদিত সেরা দলটিকে।
রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট বিশ্রামে। ইনজুরিতে পড়া অ্যান্ড্রু সাইমন্ডসের ৬ সপ্তাহের আগে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। মাইকেল ক্লার্ক আর ব্রেট লি’ও লড়ছেন ইনজুরির সঙ্গে। অর্থাৎ নিয়মিত একাদশের ৫ জন নেই। তার পরও তাসমান প্রতিবেশীদের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখার সংকল্পের কথাই শুনিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল হাসি। এই সিরিজে হেরে গেলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা তাদেরকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে যাবেÑ এমন একটা আশঙ্কাতেই প্রতিজ্ঞাটা প্রতিধ্বনিত হচ্ছিল তার কণ্ঠে। তবে শুক্রবার হাসি এবং তার দলের সমস্ত অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে। শেন বন্ডের (৫/২৩) দুর্দান্ত বোলিং এবং লু ভিনসেন্ট (অপরাজিত ৭৩) ও অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের (অপরাজিত ৭০) দায়িত্বপূর্ণ ব্যাটিং বিধ্বস্ত করে দিয়েছে তাদের।
গত মাসে হোবার্টে কমনওয়েল ব্যাংক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেও দলকে জয় এনে দিতে পারেননি বন্ড। সেই যন্ত্রণা এবার বোধহয় ভুলতে পারবেন এই ফাস্ট বোলার। প্রথম স্পেলেই তিনি ফিরিয়েছেন ওপেনার ফিল জ্যাকস ও তিন নম্বরে ব্যাট করতে নামা উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনকে। দ্বিতীয় স্পেলে তার এক হাতে নেয়া ক্যামেরন হোয়াইটের ক্যাচটার কথা ওয়েলিংটনের দর্শকরা বহু দিন মনে রাখবেন নিঃসন্দেহে । এর পর ব্র্যাড হগ ও নাথান ব্র্যাকেনকে বোল্ড করে ওয়ানডেতে চতুর্থ বারের মতো ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বন্ডের সঙ্গে মার্ক গিলেস্পি (২/২৭) ও ড্যানিয়েল ভেট্টরিও (২/২৬) ধ্বংসযজ্ঞে মেতে ওঠায় ৪৯ দশমিক ৩ ওভারে মাত্র ১৪৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪২ রান এসেছে অধিনায়ক হাসির ব্যাট থেকে।
দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ২৭ ওভারের বেশি খরচ করেননি ভিনসেন্ট ও ফ্লেমিং। দু জনের ইনিংসই সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও দুটি করে ছক্কায়। প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার জন্যই বোধহয় মিশেল জনসনকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিয়েছেন ভিনসেন্ট!
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে রোববার, অকল্যান্ডে।
