২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেই ফিরে যেতে হলো ব্রেট লিকে

ওয়ানডেতে প্রথমবারের মতো ১০ উইকেটে হারের লজ্জা সামলে উঠতে না উঠতে আরেকটি ধাক্কা। চ্যাপেল--হ্যাডলি সিরিজে ব্রেট লি'কে পাওয়ার সম্ভাবনাও শেষ! অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়া অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার শুক্রবারই ফিরে গেছেন দেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সিরিজটা শুরু হওয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্র্যাকটিস সেশনে বাঁ অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছিলেন লি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য। স্ক্যান রিপোর্টে দেখা গেছে অ্যাঙ্কেলের লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগামী বেশ কিছু দিন তাকে হাঁটতে হবে ক্রাচের সাহায্যে। তবে একটাই সুখের কথা, চোট পাওয়া জায়গায় কোনো হাড় ভেঙ্গে যাওয়ার লক্ষণ দেখা যায়নি। তাই অস্ত্রোপচার করানোরও প্রয়োজন পড়ছে না।

আর এটাই আশাবাদী করে তুলেছে ব্রেট লি'কে। বিশ্বকাপে খেলার ব্যাপারেও তিনি যথেষ্ট প্রত্যয়ী, “সবচেয়ে ভাল খবর হল অস্ত্রোপচার করানোর কোনো দরকার নেই। যদিও বাঁ অ্যাঙ্কেলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল (বৃহস্পতিবার) পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। পড়ে যাওয়ার পর অ্যাঙ্কেলে একটা শব্দ পেয়েছিলাম যেন। আশঙ্কা হচ্ছিল ইনজুরিটা বেশ খারাপ ধরনের হতে পারে। তবে আজ (শুক্রবার) চিকিৎসকের সঙ্গে কথা বলার পর অনেকটা হালকা বোধ হচ্ছে। যদিও কত দিনে ফিটনেস ফিরে এই মুহূর্তে তা বলা বেশ মুশকিল।”

এই ইনজুরিতে উদ্যম হারাচ্ছেন না তিনি। বরং বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলার প্রতিজ্ঞাই ফুটে উঠেছে ব্রেট লি’র কণ্ঠে, “অতীতে আমার পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে, অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাতে হয়েছে তিন বার। সে সব ইনজুরি ভাল মতোই কাটিয়ে উঠেছি আমি। আশা করি এবারেও অন্য রকম কিছু হবে না। আমি জানি যে ভাল ভাবেই মাঠে ফিরতে পারবো। বিশ্বকাপে খেলার জন্য সাধ্যমতো সব কিছুই করবো আমি।”

তিন ম্যাচের চ্যাপেল--হ্যাডলি সিরিজের জন্য ব্রেট লি’র বদলে শন টেইটকে ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দলে সুযোগ পেলেও নিউজিল্যান্ড সফরে শুরুতে তাকে নিয়ে যাওয়া হয়নি।