বিশ্বকাপের দরজা খোলা দেখছেন ইংল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটাররাও
ভাগ্যিস, শফিকুল হক হীরার ক্রমাগত অনুরোধে বিরক্ত হয়ে প্রশ্নটা শেষপর্যন্ত করতেই হয়েছিল! না হলে যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ইংল্যান্ড ‘এ’ দলের ম্যানেজার গাই জ্যাকসনের পর্যবেক্ষণটা জানাই হত না!
জ্যাকসন গত মাসেও এদেশে ঘুরে গেছেন। তাদের ম্যাচগুলো যে যে ভেন্যুতে হবে সেগুলো পরখ করতেই তাকে পাঠিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেসময় তার সঙ্গী ছিলেন সম্প্রতি মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ দেখভালের দায়িত্ব পাওয়া হীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বারবার বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের বিনীত অনুরোধ, “এই, ফ্যাসিলিটিজ কেমন একটু জিজ্ঞেস করো না।”
এখন মিরপুর স্টেডিয়ামের সুনামকে তার সুনাম বলেও মনে করেন হীরা। জ্যাকসনের কথায় তা আবারো মনে করতে পারলেন তিনি। তবে ইংল্যান্ড ‘এ’ দলের ম্যানজার বললেন এর বাইরেও, “এটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দারুণ এক স্টেডিয়াম। বগুড়ারটা এর চেয়ে ছোট হলেও বেশ ভালো। ইনডোর সুযোগ --- সুবিধাও খারাপ নয়। এসবের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটও এগুচ্ছে। আমি বলবো বাংলাদেশ ক্রিকেটের ঘুমন্ত দৈত্য।”
সুতরাং বাংলাদেশ ‘এ’ দল দুটো চারদিন ও তিনটি একদিনের ম্যাচের সিরিজে তাদের শিকার হওয়ার জন্য বসে নেই বলেই মনে হচ্ছে কোচ পিটার মুরসের। সাসেক্সের এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানের ভাষায়, “আমরা জানি এদেশের মানুষের মনের কতোটা জুড়ে ক্রিকেট আছে। এটাও জানি কতোটা কঠিন এক সফরে এসেছি। বাংলাদেশকে তাদের নিজেদের মাটিতে হারানো সহজসাধ্য হবে না কিছুতেই।”
অধিনায়ক মাইকেল ইয়ার্ডিরও তাই ধারণা, “বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানি না। তবে তারা যখন ইংল্যান্ডে খেলতে গিয়েছিল, তাদের সঙ্গে খেলেছিলাম। বাংলাদেশের ওই দলটা ছিল প্রতিভাবান। ভালো কয়েকজন ব্যাটসম্যান ও মানসম্পন্ন স্পিনার ছিল দলে। আমি নিশ্চিত এবারো প্রতিভাবান একটা দলেরই মুখোমুখি হতে যাচ্ছি আমরা।”
২০০৫ সালের ওই বাংলাদেশ দলকে ইংল্যান্ডের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা ইয়ার্ডির মনে রাখার আসল কারণটা তো বলাই হল না। হোভে সাসেক্সের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা তার ২৫৭ রানের ইনিংস। এদিন সংবাদ সম্মেলনে তাকে ওই ইনিংসটার কথাও বলতে হল, “খুব মনে আছে। ওটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার সর্বোচ্চ স্কোর। আসলে ওই দিনটা ছিল আমার।”
বাংলাদেশ সফরেও এমন কিছু দিন ফিরিয়ে আনতে চান ইয়ার্ডি। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দলে তার মতো ছিলেন এই দলের আরো চারজনÑ স্টুয়ার্ট ব্রড, আমজাদ খান, গ্রাহাম ওনিয়নস এবং ম্যাথু প্রায়োর।
এদের মধ্যে ব্রডের কথাটা একটু আলাদা করেই বলতে হয়। ইংল্যান্ডের সাবেক ওপেনার ক্রিস ব্রডের ছেলে তিনি। তবে বাবার মতো বাঁহাতি ওপেনার নন, তিনি একজন মিডিয়াম পেসার। এমন আরো একজন আছেন এই দলে, পূর্বপুরুষের নামে পরিচয় দেওয়া যেতে পারে যার। কিংবদন্তি ব্যাটসম্যান ডেনিস কম্পটনের নাতি নিক কম্পটন দাদার মতোই মিডল অর্ডার ব্যাটসম্যান। শুধু তা-ই নয়, দাদার মতো অলরাউন্ডারওÑ ক্রিকেট---ফুটবল দুটি খেলাতেই জাতীয় দলে খেলেছিলেন কম্পটন। ছোট কম্পটন এক কাঠি এগিয়ে, ক্রিকেট, ফুটবলের সঙ্গে হকি এবং গল্ফের জগতেও নাকি তার বিচরণ।
প্রাথমিক দলে থাকলেও মূল দলে না থাকায় একটু হতাশ, কিন্তু এখনো আশা ছাড়েননি ইয়ার্ডি। আর সেই আশাই ভালো করার প্রেরণা যোগাচ্ছে তাকে “যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে বিশ্বকাপ খেলার সুযোগ হয়ে যেতে পারে। এখানে (বাংলাদেশে) তাই ভালো খেলার তাড়না থাকবে।”
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ক্রিকেটাররাও তাদের মতোই আশায় থাকতে পারেন। তাহলে ভালো খেলার তাগিদটা বাড়বে এবং তাতে দলের লাভ। তাছাড়া ঘুমন্ত দৈত্য যখন বলাই হচ্ছে তখন এর কিছুটা চাক্ষুষ করানোর একটা ব্যাপারও তো আছে!
