অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই শুরু শুক্রবার
সাম্প্রতিক সময়ে আর কোনো সিরিজ বোধহয় এতটা অস্বস্তি নিয়ে শুরু করেনি অস্ট্রেলিয়া! এমনিতেই কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বেশ বেকায়দায় আছে। তার ওপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের চ্যাপেল--হ্যাডলি ট্রফিতে দলে নেই রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট। অ্যান্ড্রু সাইমন্ডস তো ইনজুরিতে পড়ে আগেই চলে গেছেন মাঠের বাইরে। ‘মরার ওপর খাঁড়ার ঘা’-এর মতো বৃহস্পতিবার ব্রেট লি’ও অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন প্র্যাকটিসের সময়। সিরিজের প্রথম ম্যাচটি হবে শুক্রবার, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। এ ম্যাচে না-ও খেলতে পারেন ব্রেট লি। তবে এই গতিতারকার ইনজুরিটা তেমন মারাত্মক নয়।
বিশ্ব চ্যাম্পিয়নদের মানসিক চাপ অনেক গুণ বাড়িয়ে দেয়ার জন্যই যেন তাদের চোখ রাঙাচ্ছে র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার আশঙ্কা! ব্যাপারটা খুলেই বলা যাক। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ৩ ---- ১ -- এ বিধ্বস্ত করা দক্ষিণ আফ্রিকার সামনে এখন আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ওঠার সম্ভাবনা। তবে সেজন্য নিউজিল্যান্ডের কাছে সিরিজটা হারতে হবে অস্ট্রেলীয়দের। দীর্ঘ দিন ধরে যে মুকুট অস্ট্রেলিয়নদের কাছে, সেটা কি হাতবদল হয়ে যাবে?
আশঙ্কাটা কুরে কুরে খাচ্ছে ঠিকই, তবে এই ‘মহাপতন’ রুখতে রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইক হাসি,“আমরা সবাই এ সম্পর্কে (শীর্ষস্থান হাতছাড়া হওয়া) পুরোপুরি সজাগ। আমরা যে এক নম্বরে থাকতে চাই সে ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। আমাদের প্রধান লক্ষ্য খুব ভালো খেলে চ্যাপেল--হ্যাডলি ট্রফি জয় করা। আর তা করতে পারলেই আমরা এক নম্বরে থাকবো। শীর্ষস্থান ধরে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটা এমন একটা ব্যাপার যার জন্য আমরা সব সময় গর্ব বোধ করি।”
হাসির কণ্ঠে যখন শ্রেষ্ঠত্ব ধরে রাখার সংকল্প, তখন নিউজিল্যান্ড অধিনায়ক সমালোচনার জবাব দিতে ব্যস্ত! কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং স্বদেশে এখন সমালোচকদের তোপের মুখে। এই টুর্নামেন্টে তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছে বেশ জোরে--শোরেই। তাছাড়া অস্ট্রেলিয়ায় তেমন রানও পাননি ফ্লেমিং। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ একেবারে উড়িয়েই দিয়েছেন বর্তমান ক্রিকেটের সবচেয়ে দীর্ঘস্থায়ী অধিনায়ক,“নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ আমার খেলার একটা বিরাট অংশ জুড়েই থাকে। আমি আমার কাজ ভালবাসি, দলের সঙ্গে থাকতে ভালবাসি। এ সবের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ চুপচাপ বসে থাকতেই খারাপ লাগে আমার।”
