২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার সর্বনাশ, রিয়াল - ভ্যালেন্সিয়ার পৌষমাস!

সামনে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। এই মুহূর্তে লিগে পয়েন্ট তালিকার শীর্ষেও তারাই। সঙ্গে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার আকাঙ্খাও। কিন্তু মৌসুমের মাঝপথে যেন বার্সেলোনার সুখের সংসারে হঠাৎ অশান্তির কালো ছায়া! স্যামুয়েল এ'তোকে নিয়ে ঝঞ্ঝাটের কারণে ‘বার্সা’র সাফল্যের পুনারাবৃত্তি সম্পর্কে এখন অনেকেই সন্দিহান। শিরোপা লড়াইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ঝামেলাতে জড়ানোয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া কিন্তু দারুণ খুশি। দু দলেরই আশা, এর ফলে বার্সেলোনা হতোদ্যম হয়ে পড়বে, পিছিয়ে পড়বে শিরোপা --- দৌড় থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

শুধু কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ডই নন, রোনালদিনহোর ওপরেও  ভীষণ ক্ষুব্ধ এ'তো! তার ক্ষোভটা এখন দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ওপরেই  যেন বেশি। রাইকার্ড অভিযোগ করেছিলেন, রোববার রেসিং সান্তান্দারের বিপক্ষে এ'তোকে বদলি হিসাবে নামাতে চাইলেও তিনি নাকি মাঠে নামতে রাজি হননি। অভিযোগটা যে একেবারেই ভিত্তিহীন, তা জানাতে বিন্দু মাত্র দ্বিধা করেননি এ'তো। তবে শুধু রাইকার্ডই নন, স্প্যানিশ লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার সমালোচনা করে রোনালদিনহোও নাকি বলেছেন, নিজের চেয়ে দলের স্বার্থই বেশি দেখা উচিৎ এ'তোর! স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান তারকার এই মন্তব্য ভাল লাগেনি তার। জবাবে সতীর্থকে এক হাত নিতেও তিনি ছাড়েননি,“যদি কোনো সতীর্থ সামনে এসে বলে ‘দল নিয়ে চিন্তা --- ভাবনা করো’, তা হলে সে নিজে তার দল নিয়ে কতটা চিন্তা করে সে সম্পর্কেই সন্দেহ জেগে উঠতে পারে যে কারো মনে! আমি রাইকার্ডের সমালোচনা করছি না। তার এবং আমার মধ্যে কোনো সমস্যা নেই। তবে কোনো সতীর্থ এ ধরনের অভিযোগ করলে তা আমার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।”

এ'তো অবশ্য এখনো পুরোপুরি ফিটনেস ফিরে পাননি। চার মাস আগে হাঁটুর ইনজুরিতে পড়ার পর সপ্তাহ দুয়েক আগে মাঠে নেমেছেন বটে, তবে তা মাত্র মিনিট পাঁচেকের জন্য। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে খেলার ব্যাপারে তিনি নিজেই যথেষ্ট সন্দিহান,“এই মুহূর্তে আমার হাঁটু বেশ অদ্ভূত আচরণ করছে। লিভারপুলের সঙ্গে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি মাঠে থাকবো আর থাকতে পারলে আমি অবশ্যই দারুণ খুশি হবো। কিন্তু সেটা না হলেও বাকি দলকে সমর্থন জানাবো ঠিকই।”

এ'তোর বক্তব্যেই পরিষ্কার রোববার চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ঘরের মাঠে শুধু এ’তোর অনুপস্থিতির সম্ভাবনাতেই নয়, তাকে ঘিরে জন্ম নেয়া বিতর্ককেও কাজে লাগাতে উদগ্রীব ভ্যালেন্সিয়া। তাদের  আর্জেন্টাইন ডিফেন্ডার রবার্তো আয়ালার কণ্ঠে তারই ইঙ্গিত,“অবশ্যই আমরা আশা করবো এটা (এ'তোকে নিয়ে ঝামেলা) বার্সেলোনাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। আশা করি ব্যাপারটা এত দূর গড়াবে যার ফলে রোববার আমরা তাদেরকে তিন গোল দিতে পারবো।”

রিয়াল মাদ্রিদের মালির মিডফিল্ডার মোহাম্মাদু দিয়ারাও মনে করছেন ‘বার্সা’র পতনের আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না,“প্রত্যেক দলেই কোনো খেলোয়াড়কে নিয়ে সমস্যা শুরু হলে তা পুরো দলের পারফরম্যান্সে কুপ্রভাব ফেলতে পারে।” রিয়ালের রিজার্ভ দলের কোচ মিশেল তো চিরপ্রতিদ্বন্দ্বীদের সমস্যাটাকে কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ,“ব্যক্তিত্বের সংঘাতের এটা তো মাত্র সূচনা। বার্সেলোনা দেখিয়েছে যে তাদের মধ্যে কতটা দ্বন্দ্ব রয়েছে। রিয়ালসহ অন্য দলগুলোর এর সুবিধা নেয়া উচিৎ। ওদের (বার্সেলোনার) সমস্যা আরো বাড়বেই।”