২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“এটা ফারুক বনাম পাইলট নয়”

একটু পরেই ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কমিটির সভা। সক্রিয় সদস্য হিসেবে ফারুক আহমেদও তাতে উপস্থিত থাকবেন। তাই বৃহষ্পতিবার বিকেলে নফহবংি২৪.পড়স  থেকে করা ফোনটা ধরেই খুব তাড়া দিচ্ছিলেন,“তাড়াতাড়ি করতে হবে। মিটিং শুরু হয়ে যাচ্ছে।” এই তাড়ায় মিডিয়ার প্রতি বিরাগও হয়তো ছিল কিছুটা, “আপনারা তো লিখে খুব ফাটিয়ে দিচ্ছেন।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

কিন্তু খালেদ মাসুদ ইস্যুতে সাক্ষাৎকার চাইতেই প্রধান নির্বাচকের সেই তাড়া উধাও। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে পার করে ফেললেন লম্বা সময়। ফারুকের সেই দীর্ঘ জবানবন্দীর সংক্ষিপ্ত রূপটা এ রকম:

প্রশ্ন : এটা নিশ্চয়ই আপনার নির্বাচক জীবনের সবচেয়ে কঠিন সময়।

ফারুক আহমেদ : সবচেয়ে কঠিন বলবো না। বলতে পারেন, কঠিন সময়গুলোর মধ্যে একটা। চার বছর ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছি। এর মধ্যে এমন কঠিন সময় খুব একটা আসেনি।

প্রশ্ন : মাসুদকে বাদ দেওয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়াটাও নির্বাচক বিরোধী। আপনি তেমন কোনো প্রতিক্রিয়ার মুখোমুখি হননি?

ফারুক : না, এখনো না।

প্রশ্ন : বাইরে বেরুলে হওয়ার তো কথা। তাহলে কী দল ঘোষণার পর থেকেই  স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে ছিলেন!

ফারুক : (হাসি ........)। কই, আজ সকালেও তো একটা স্কুলের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গেলাম। না, আমার কাছে এসে কেউ তেমন কোনো প্রতিক্রিয়া জানিয়ে যাননি।

প্রশ্ন : মাসুদকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা বিতর্কিত হতে পারে, দল নির্বাচনী সভার সময় এটা মাথায় ছিল?

ফারুক : অবশ্যই মাথায় ছিল। আমরা জানতাম এটা কিছুতেই বিতর্কের উর্ধ্বে নয়। অবশ্যই আমাদের চিন্তাতে এটা এসেছিল।

প্রশ্ন : তারপরও বিতর্ক তৈরির ঝুঁকিটা নিলেন!

ফারুক : হ্যাঁ, ঝুঁকিটা আমাদের নিতে হয়েছে। কারণ দল নির্বাচনের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে ব্যাপক। বাংলাদেশ দলও তো পাল্টেছে গত কয়েক বছরে। এখন দল জেতার জন্যই নামে। জিততে হলে একজন উইকেটকিপারের ব্যাটিং জানাটাকেও জরুরী বলে মনে করেছি। গিলক্রিস্ট, সাঙ্গাকারাদের কথা বাদ দেই। মহেন্দ্র ধোনির কথাই ধরুন, সে যতোটা না উইকেটকিপার তার চেয়ে বেশি ব্যাটসম্যান। পাইলট যে দেশের সেরা কিপার এটা তো আমরাই স্বীকার করে আসছি। বলছিলাম দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের কথা। সেজন্যই পাইলট দলে আসেনি।

প্রশ্ন : অস্ট্রেলিয়া দলে দুইজন উইকেটকিপার রাখা হয়েছে, সংবাদ সম্মেলনে আপনাদের সামনে এ তথ্য উপস্থাপনের পর “আমরা অস্ট্রেলিয়া নই” ধরনের একটা জবাব দিয়েছিলেন। কিন্তু মাসুদকে বাদ দিয়ে মুশফিককে যে কারণে নেওয়া সেটা আবার অস্ট্রেলিয়ান চিন্তাধারা। এটা বিলাসিতা নয় ...

ফারুক : দেখুন অস্ট্রেলিয়া দুইজন উইকেটকিপার নিয়েছে কারণ গিলক্রিস্ট একটু দেরি করে দলের সঙ্গে যোগ  দেবে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবে বলে এই দেরি।

প্রশ্ন : কিন্তু আরো অনেক দলেও তো দুইজন করে উইকেটকিপার। জানতে চাইছি এটা বিলাসী চিন্তা কিনা।

ফারুক : খুব বেশি দল কিন্তু দুজন করে কিপার নেয়নি। বিলাসিতা কিনা সেটা বিশ্বকাপে গিয়ে খেলার পরে বোঝা যাবে। কিন্তু আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দল উপকৃতই হবে।

তাছাড়া এটা কিন্তু আমার একার সিদ্ধান্ত নয়। আরো দুজন নির্বাচক আছেন। কোচ এবং ক্যাপ্টেনও ছিলেন। এটা আমাদের পাঁচজনের সম্মিলিত সিদ্ধান্তে গড়া দল। কাজেই এটাকে ফারুক বনাম পাইলট বানিয়ে দিলে চলবে না।

প্রশ্ন : প্রসঙ্গটা আপনিই তুলে ফেললেন। অভিযোগ উঠেছে আপনাদের সঙ্গে ব্যক্তিগত রেষারেষির কারণেই মাসুদ বাদ গেলেন। প্রথমদিনই আপনি তা অস্বীকার করেছেন। কিন্তু কেবল সেটাকেই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে না। আপনার আরো কিছু বলার আছে...

ফারুক : বললে তো অনেক কথা বলতে হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি না। বাংলাদেশের মতো জায়গায় আমার মতো একজন লোক ব্যক্তিগত বিরোধের শোধ নেবে কাউকে দল থেকে বাদ দিয়ে, এটা কেউ বিশ্বাস করবে? আমি মনে করি, না। কমিশন বিতর্কের কথা বলবেন তো। ওরকম ঠুনকো একটা বিষয়ের জের ধরে আমি দেশের স্বার্থকে উপেক্ষা করতে পারি, এটা ভাবলেন কী করে? কমিশন বিতর্ক খুবই ছোটো একটা বিষয় ছিল।

প্রশ্ন : কিন্তু এতো এতো সংগঠন যে মাসুদকে বাদ দেওয়ার পেছনে আপনার সঙ্গে বিরোধকেই কারণ দেখাচ্ছে এবং বিবৃতি দিয়ে নিন্দাও জানাচ্ছে। এর সবই মিথ্যে?

ফারুক : দেখুন মাসুদের কিছু কিছু বিষয় দলের জন্য ক্ষতিকর ছিল। আমি সেসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম বলেই হয়তো ওর সঙ্গে সম্পর্কটা আর আগের মতো থাকেনি। পেছন ঘেঁটে দেখলে আপনারাও অনেক কিছু জানবেন। কিন্তু সেসব তো আপনারা লেখেন না।

প্রশ্ন : কিন্তু অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার বিপক্ষে মিডিয়া সবসময়ই দাঁড়িয়েছে। যতোদূর মনে পড়ে ২০০৩ বিশ্বকাপের প্রাথমিক দল থেকে অনেক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ার পর আপনিও ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলেন। আর ১৯৯৯তে মিনহাজুল আবেদীনকে প্রথমে বাদ দেওয়ার সময় তো আপনিও দলে ছিলেন।

ফারুক : গতবার কী বলেছিলাম ঠিক মনে নেই। তবে ৯৯ আর এখনকার ঘটনা কিন্তু এক নয়।

প্রশ্ন : ক্রীড়া উপদেষ্টা বলেছেন আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন...

ফারুক : এবিষয়ে আমি আগেভাগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

প্রশ্ন : আর পদত্যাগের দাবিও তো উঠছে...

ফারুক : পদত্যাগ করার মতো কিছু হয়নি। গত চার বছরে আমার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কতোটা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, তা পরিসংখ্যানই বলে দেবে। এই সময়ের মধ্যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু নীচের দিকে নামেনি। ওপরের দিকেই উঠেছে। বিশ্বকাপ দল গড়তে গিয়ে দলের স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখেছি আমরা। অপেক্ষা করুন, দেখবেন আমাদের সিদ্ধান্ত দলের ওপর ইতিবাচক প্রভাবই ফেলছে। আমি বিশ্বাস করি এই দলটা বিশ্বকাপে খুব ভালো করবে।