২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলান পাচ্ছে ফিটনেস ফিরে পাওয়া রোনালদোকে

“সিয়েনার বিপক্ষে শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে রোনালদোর। ও কঠোর পরিশ্রম করছে, ওর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে অনেক। এখন সে দারুণ উজ্জীবিত। আমাদের অন্যতম প্রতিভাবান ফুটবলারও সে”Ñ এসি মিলান কোচ কার্লো আনচেলত্তির রোনালদো--বন্দনা। এ ধরনের প্রশস্তি রোনালদোর জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই তো ফুটবল--প্রতিভার স্ফুরণ ঘটিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের প্রশংসায় সিক্ত হচ্ছেন ‘দ্য ফেনোমেনন’। তবে আনচেলত্তির প্রশংসাসূচক মন্তব্যের একটা অন্য মাত্রা নিঃসন্দেহে ধরা দেবে তার কাছে। অনেক নাটকীয়তার জন্ম দিয়ে গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলানে যোগ দেয়া রোনালদোর জন্য এমন একটা ‘টনিকের’ ভীষণ প্রয়োজন এখন। কারণ, শনিবার ইতালির সিরি ‘এ'তে প্রথম বারের মতো মিলানের হয়ে পুরো ম্যাচ খেলার সম্ভাবনার সময়টাতে কোচের এ ধরনের মন্তব্য অনেক বেশি উজ্জীবিত করে তুলতে পারে তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 12:34 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জার্ড মুলারকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড মুঠোবন্দী করলেও ২০০৬  বিশ্বকাপটা ভালো কাটেনি রোনালদোর। সেটা শুধু ফুটবলের মহাযজ্ঞে মাত্র তিন গোল করার জন্যই নয়, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্যও। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের হয়েও সময় ভালো কাটছিল না তার। ইনজুরি সমস্যা তো ছিলই , এর বাইরে কোচ ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে ঝামেলাও কম বিব্রত করেনি রোনালদোকে। সাইডবেঞ্চে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন এসি মিলানে যোগ দেয়ার। গত মাসে ৭৫ লাখ ইওরোতে নতুন ঠিকানা খুঁজে পেলেও সংশয় ছিল তার ফিটনেস নিয়ে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, কঠোর পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই ফিটনেস ফিরে পেয়েছেন তিনি। এর মধ্যে মিলানের হয়ে অভিষিক্তও হয়েছেন। গত সপ্তাহে লিভরনোর বিপক্ষে শেষ ৩০ মিনিটের জন্য নেমেছিলেন মাঠে। গোল করতে পারেননি, তবে সার্বিক বিচারে পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন তিনটি, যার  একটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।  সেদিনের পারফরম্যান্সের জন্যই সিয়েনার সঙ্গে ম্যাচে রোনালদোকে প্রথম একাদশে রাখার ব্যাপারে আনচেলত্তির ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এ মন্তব্যের একটাই অর্থ হতে পারে, তা হলো ----- ইতালির জাতীয় দলের স্ট্রাইকার আলবার্তো জিলার্দিনোর সঙ্গে মিলানের ফরোয়ার্ড লাইনে জুটি বাঁধছেন রোনালদো।

এই মুহূর্তে রোনালদোর ভালো পারফরম্যান্স মিলানের জন্যও ভীষণ দরকার। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তাদের ৮ পয়েন্ট কেটে নেয়া হয়েছে লিগ শুরু হওয়ার আগেই। সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতে জয় পেলেও তাই তারা এখন শিরোপা--লড়াই থেকে অনেক পেছনে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান ৩০ পয়েন্ট হয়ে যাওয়ায় স্বয়ং আনচেলত্তিও বোধহয় এবারের ‘স্কুদেত্তো’ (সিরি ‘এ’র শিরোপা) জয়ের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন!

তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা নিশ্চয়ই ছেড়ে দেননি। এবং সে স্বপ্ন পূরণ হওয়া তেমন কঠিনও নয়। চতুর্থ স্থানে থাকা এম্পোলির চেয়ে তারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। ইতালিয়ান লিগের আরো ২২ রাউন্ড বাকি থাকায় প্রথম চারটি দলের মধ্যে থাকার ভালো সম্ভাবনা আছে মিলানের। আর প্রথম চার দলের মধ্যে থাকতে পারলেই আগামী বারের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া নিশ্চিত হয়ে যাবে।

শনিবারই মিলানের প্রতিবেশী ইন্টার ঘরের মাঠ সানসিরোতে মুখোমুখি হবে ক্যালিয়ারির। রেকর্ড টানা ১৫ ম্যাচের বিজয়ী ইন্টারের জন্য সুখবর, এই ম্যাচেই ফিরছেন  এবারের লিগে তাদের হয়ে সবচেয়ে বেশি (১০টি) গোল করা  জা­তান ইব্রাহিমোভিচ। তিন সপ্তাহ আগে সাম্পদোরিয়া ডিফেন্ডার জিউলিও ফ্যালকোনির সঙ্গে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় এতদিন তাকে ছাড়াই খেলতে হয়েছে ইন্টারকে। এই সুইডিশ স্ট্রাইকারকে ফিরে পেয়ে শীর্ষে থাকা দলটি যে আরো উজ্জীবিত হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না!