২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি - সমস্যা ছাড়ছেই না অস্ট্রেলিয়াকে

নিউজিল্যান্ডে যেতে না যেতেই অস্ট্রেলিয়া দলের জন্য আরেক দুঃসংবাদ ---- ব্রেট লিও পড়েছেন ইনজুরিতে! এ কারণে শুক্রবার অনুষ্ঠেয় চ্যাপেল --- হ্যাডলি ট্রফির প্রথম ম্যাচ হয়তো খেলা হবে না তার। ওদিকে অ্যান্ড্রু সাইমন্ডসকে মাঠে ফেরার জন্য তড়িঘড়ি না করতে বলেছে ডাক্তার, সেরকম করলে ক্যারিয়ারের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 11:37 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে হবে চ্যাপেল --- হ্যাডলি ট্রফির প্রথম ম্যাচ। বৃহস্পতিবার সেখানেই অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশন চলার সময় অ্যাঙ্কেলে চোট পান ব্রেট লি। সঙ্গে হাঁটুর ব্যাথাও যোগ হওয়ায় মাঠে টেকা দায় হয়ে ওঠে ৩০ বছর বয়সী ফাস্টবোলারের জন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইক হাসির জন্য এটা নিঃসন্দেহে বড় এক দুঃসংবাদ। এমনিতেই অধিনায়ক রিকি পন্টিং আর উইকেটকিপার --- ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট বিশ্রামে থাকায় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিছুটা নতুন চেহারার দল। তার ওপর নিউজিল্যান্ডে এসেই ভারপ্রাপ্ত সহ -- অধিনায়ক মাইকেল ক্লার্ক  পড়েছেন ইনজুরিতে। তার জায়গায় শুক্রবারের ম্যাচে দেখা যেতে পারে ফিল জ্যাকসকে। এবার ব্রেট লিরও বিকল্প খুঁজতে হতে পারে মাইক হাসিকে। এ ম্যাচে লি’র শূন্যতা পূরণের চ্যালেঞ্চ নিয়ে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন  মিশেল জনসন।

ওদিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল খেলানো নিয়ে শঙ্কাও আর কাটছে না। অ্যাডাম গিলক্রিস্ট তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে গিয়ে মিস করবেন বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলো। আর অ্যান্ড্রু সাইমন্ডস দলের সঙ্গে গেলেও মাঠে নামবেন ইনজুরি থেকে সেরে ওঠার পরে। তাকে একটু আগেভাগে প্রথম একাদশে পেলে অস্ট্রেলিয়ার একটা দুর্ভাবনা অন্তত কাটতো। কিন্তু এ নিয়ে তাড়াহুড়ো করলে সাইমন্ডসের সর্বনাশ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন টিম ডক্টর ট্রেফর জেমস,“  বেশি তাড়াতাড়ি মাঠে ফিরলে ওর (সাইমন্ডসের) স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বল ছোড়ার ক্ষমতা কমে যেতে পারে শতকরা দশ ভাগ পর্যন্ত।”