ইংল্যান্ডের বিশ্বকাপ দলে একমাত্র চমক রবি বোপারা
অস্ট্রেলিয়াকে হারিয়ে কমনওয়েলথ ব্যাংক সিরিজের শিরোপা জয়ের স্মৃতি এখনো টাটকা। সেই সুখস্মৃতিকে সঙ্গী করেই বুধবার বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড। যে দলে চমক বলতে একটাই নাম Ñ এসেক্সের ২১ বছর বয়সী অলরাউন্ডার রবি বোপারা। অস্ট্রেলিয়ায় সিবি সিরিজ খেলে আসা দল থেকে শুধু বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যাল লোয়ে।
অধিনায়ক মাইকেল ভন এবং দুই পেসার জেমস অ্যান্ডারসন ও জন লুইস ইনজুরির সঙ্গে লড়ছেন। তবু এই তিন জনকে দলে রাখতে দ্বিধা করেননি ইংল্যান্ডের প্রধান নির্বাচক ডেভিড গ্র্যাভেনি। অবশ্য আগামী দুই সপ্তাহ চিকিৎসকরা সতর্ক দৃষ্টি রাখবেন তিন জনের ওপর। এ প্রসঙ্গে গ্র্যাভেনির বক্তব্য,“মাইকেল ভন, জেমস অ্যান্ডারসন ও জন লুইস ইনজুরি থেকে সেরে না উঠলেও তাদেরকে দলে রাখা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগে তাদের বেশ কয়েক বার (ফিটনেস) পরীক্ষার সামনে দাঁড়াতে হবে। আগামী দুই সপ্তাহ এই তিন জনের চিকিৎসা চলবে ভাল মতোই। এই সময়টায় চিকিৎসকরা তাদের অগ্রগতির খবর নিয়মিতভাবে জানাবেন নির্বাচকদের।” এদের নিয়ে উদ্বেগের পাশাপাশি একটা সুখবরও আছে ইংল্যান্ডের জন্য। পাঁজরের ইনজুরিতে পড়ে কমনওয়েলথ ব্যাংক সিরিজের শুরুতেই দেশে ফেরা কেভিন পিটারসেন এখন সম্পূর্ণ সুস্থ।
বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ২ মার্চ রওনা দেবে ইংল্যান্ড দল। ১৬ মার্চ তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘সি’ গ্র“পের অন্য দুই দল কেনিয়া ও কানাডা।
ইংল্যান্ড দল : মাইকেল ভন (অধিনায়ক), এড জয়েস, রবি বোপারা, ইয়ান বেল, অ্যান্ড্রু স্ট্রাউস, কেভিন পিটারসেন, পল কলিংউড, অ্যান্ড্রু ফ্লিনটফ, পল নিক্সন, জেমি ড্যালরিম্পল, মন্টি পানেসার, জন লুইস, জেমস অ্যান্ডারসন, লিয়াম প্লাঙ্কেট ও সাজিদ মাহমুদ।
