সিরিজে সমতা ফেরালো ভারত
প্রথমে জহির খানের ক্যারিয়ার সেরা বোলিং। তারপর রাহুল দ্রাবিড়, মহেন্দ্র ধোনি ও সৌরভ গাঙ্গুলীর দায়িত্বপূর্ণ ব্যাটিং। সব কিছুর যোগফলে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে ভারত। শ্রীলঙ্কার ৮ উইকেটে করা ২৩০ রান তারা পেরিয়ে গেছে ২১ বল হাতে রেখেই। জয়ের আনন্দ তো আছেই , অধিনায়ক দ্রাবিড়ের স্মৃতিতে বুধবারের ম্যাচটা চিরদিন জেগে থাকবে অন্য একটা কারণেও। ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি এই ম্যাচেই।
ম্যাচ হারলেই সিরিজ শেষ Ñ এমন কঠিন পরিস্থিতিতে টস করতে নেমে দুঃখই পেতে হয়েছে দ্রাবিড়কে। তবে অধিনায়কের সেই দুঃখ কিছুক্ষণের মধ্যে ভুলিয়ে দিয়েছেন জহির খান। বাজে ফর্মের জন্য বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন। তবে ফিরেই যেন আতঙ্কের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে। মারগাওয়ের নেহেরু স্টেডিয়ামে জহিরের তোপে পুড়েই শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার টপ অর্ডার। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জয়াসুরিয়াকে সৌরভের ক্যাচ বানিয়েছেন তিনি। সেই ওভারের চতুর্থ বলে অন্য ওপেনার থারাঙ্গাও এলবিডব্লু! পঞ্চম ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাঙ্গাকারাও যখন জহিরের বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন ৬ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন মহাবিপদে।
আতাপাত্তুকে (৪২) নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পথে ভালো ভাবেই এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক জয়াবর্ধনে (৩০)। কিন্তু এই জুটিতে ৭৬ রান ওঠার পর আবার আঘাত। হরভজন জয়াবর্ধনেকে এলবিডব্লুর ফাঁদে ফেলার কিছুক্ষণ পর আতাপাত্তুও আউট। ৫ উইকেটে ৯১। সেখান থেকেও যে শ্রীলঙ্কা সম্মানজনক একটা জায়গায় পৌঁছাতে পেরেছে তার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব রাসেল আরনল্ডের। দিলশানকে (৪২) নিয়ে তার ৮৯ রানের জুটিটাই লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ওয়ানডেতে নিজের সেরা বোলিং করার পথে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন জহির।
২৩১ রানের লক্ষ্য এমন কিছু কঠিন হওয়ার কথা নয়। তাছাড়া দিনের শুরুতে উইকেট পেসারদের সাহায্য করলেও ক্রমেই তা সহজ হয়ে ব্যাটসম্যানদের সামনে। কিন্তু আগের ম্যাচে ৫ রানে হেরে যাওয়ায় ভারতের দুশ্চিন্তাও কম ছিল না। রবিন উথাপ্পা না থাকায় ওপেনিংয়ে ফেরা বীরেন্দর শেবাগ শুরুটা করেছেন দারুণভাবে। কিন্তু ৯ বলে তিনটি বাউন্ডারিসহ ১২ রান করেই ‘বীরু’ আউট। দুঃসময় যেন কাটতেই চাইছে না টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানের। ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক টেন্ডুলকারও (১) বেশিক্ষণ টিকতে পারেননি।
অন্য প্রান্তে সৌরভ অবশ্য ছিলেন আস্থার প্রতিমূর্তি হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই দারুণ ফর্মে থাকা ‘প্রিন্স অফ কোলকাতা’ অল্পের জন্য ফিফটি পাননি, বান্দারার বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ৪৮ রান। তার আগে ফিরে গেছেন যুবরাজও (২১)। সৌরভের বিদায়ের পরই গড়ে ওঠে দিনের সেরা এবং সবচেয়ে চিত্তাকর্ষক জুটির। ১৩৯ বলে ১৩৩ রানের সেই জুটি গড়ে ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা দূর করে দেন দ্রাবিড় ---- ধোনি। শেষ পর্যন্ত ধোনির স্ট্রেট ড্রাইভ বোলার বান্দারার হাতে লেগে দ্রাবিড়ের (৬৭) প্রান্তের উইকেট ভেঙ্গে দেয়ায় দুর্ভাগ্যজনক সমাপ্তি ঘটে জুটিটার। ভারত তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে। ৬৭ রানে অপরাজিত থেকে ওই দূরত্বটুকু ঘুচিয়ে দেন ধোনি।
ম্যাচ জেতানো ইনিংসের পরও ম্যান অফ দি ম্যাচের পুরস্কার ধোনি বা দাবিড় পাননি, পেয়েছেন জহির। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি হবে শনিবার, বিশাখাপত্তমে।
