২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের দলে মাসুদকে না রাখা “জঘন্য ও বাজে সিদ্ধান্ত”

কোচিং এডুকেশন কোর্সে অংশ নিতে আমিনুল ইসলাম এখন মালয়েশিয়ায়। দেশে থাকলে অন্যদের মতো তিনিও নিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ দলে খালেদ মাসুদের না থাকা নিয়ে হতাশাই ব্যক্ত করতেন। ‘অন্যদের’ বলতে নফহবংি২৪.পড়স এর অনুরোধে বিশ্বকাপের দল গড়ে দেওয়া অন্য পাঁচ সাবেক অধিনায়ক --- রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ লিপু, আকরাম খান এবং নাঈমুর রহমান দুর্জয়। তাদের প্রত্যেকের দলেই ‘কমন’ পড়েছিলেন মাসুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 11:00 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর এক কথায় রায় দিয়ে দিচ্ছেন,“জঘন্য ও বাজে সিদ্ধান্ত।” নির্বাচকরা যতো ক্রিকেটীয় কারণের কথাই বলুন না কেন, তিনি একমত হতে পারছেন না। বরং অক্রিকেটীয় কারণেই মাসুদ বাদ পড়েছেন বলেই মনে করেন তিনি, “নির্বাচকদের সঙ্গে পাইলটের (মাসুদ) ব্যক্তিগত বিরোধের কথা জানি। বেশ কিছুদিন ধরেই ওকে তাড়ানোর সুযোগও খুঁজছিল। আমি বলবো নির্বাচকরা সেই সুযোগটাই এবার নিলেন।” এই একটা জায়গা ছাড়া দল নিয়ে আর তেমন কোনো আপত্তি নেই নাঈমুরের। তার দলে থাকা জাভেদ ওমর ও সৈয়দ রাসেলরা আছেন।

আমিনুলের দলে জাভেদ ও রাজিন দুজনেই ছিলেন। রকিবুলের দলে তারা না থাকলেও তামিম আছেন দেখেই খুশী যতোটা, ততোটাই নাখোশ মাসুদকে না রাখায়,“আমি খুবই হতাশ হয়েছি। পাইলট দেশের সেরা উইকেটকিপার। এটা শুধু আমার কথাই নয়। নির্বাচকরাও তো বলেছেন। বলার পরও তাকে না রাখাটা অবাক হওয়ার মতোই ব্যাপার। এটা বিশ্বকাপ। এর উত্তাপই আলাদা। মুশফিকের গায়ে তা কতোটা সইবে তা নিয়ে সন্দেহ আছে আমার।” ভয়ও আছে, “চারজন ওপেনার দলে নেওয়া হয়েছে। একজন কমিয়েও তো পাইলটকে রাখা যেত। মুশফিককে ওর ব্যাক আপ হিসেবে নিলে মানতাম। নাফীস ওপেন করবেই ধরলাম। কিন্তু ওপেনার আরো তিনজন থাকায় ওরা সবাই টেনশনে থাকবে। কে খেলবে, কে খেলবে না --- এই টেনশন ক্ষতি করতে পারে, এই ভয়ও কাজ করছে আমার।”

মাসুদকে যে কতোটা প্রয়োজন ছিল সেটা বোঝানোর জন্য ভারতের উদাহরণ টানলেন গাজী আশরাফ লিপু, “রমেশ পাওয়ার কিন্তু সম্প্রতি খুবই ভালো বল করছিল। কিন্তু ভারত অভিজ্ঞ অনিল কুম্বলে ও হরভজনকেই নিয়েছে। বিশ্বকাপে মাসুদকে ভীষণ দরকার ছিল। তারওপর ওয়েস্ট ইন্ডিজে ওর সেঞ্চুরিও আছে। যাই বলুন মুশফিককে আমার ওভাররেটেড মনে হয়েছে।”

শফিকুল হক হীরা বিসিবির চাকুরে। দল নিয়ে ঝাঁঝালো কোনো মন্তব্য করলে পাছে বিপদে পড়েন, তাই অনেকটা সতর্ক। তবে নির্বাচকদের যুক্তির সঙ্গে একমত হতে পারছেন না তিনিও,“মুশফিককে ব্যাটসম্যান হিসেবে নিয়ে পাইলটকে রাখতে পারতেন নির্বাচকরা।” আর আকরাম খানও এক বাক্যেই বললেন, ভুল করেছেন নির্বাচকরা,“পাইলটকে নেয়া উচিত ছিল।” সব সাবেক অধিনায়কদের মত যখন একসূত্রে গাঁথা, তখন এটাকে বাজে সিদ্ধান্ত বলতেই হয়।