২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলকদের সামনে সিরিজ জয় ও অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

প্রায় ৫ বছর ধরে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব এখন হুমকির সামনে! বিস্ময়কর হলেও তথ্যটা কিন্তু পুরোপুরি সত্যি। অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে পতন দুটো ‘যদি’র ওপরে নির্ভর করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রথমে বুধবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। এবং নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের চ্যাপেল --- হ্যাডলি সিরিজে হারতে হবে অস্ট্রেলিয়াকে। আর তাহলেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সবার ওপরে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা।

এমন একটা অসাধারণ অর্জনের সৌরভে দক্ষিণ আফ্রিকানরা নিশ্চয়ই আমোদিত। এর সঙ্গে যোগ হয়েছে চতুর্থ ম্যাচে পাকিস্তানকে মাত্র ১০৭ রানে অলআউট করে দিয়ে ১০ উইকেটের বিশাল জয়ের অনুপ্রেরণাও। সিরিজে ২--১ ব্যবধানে (একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে) এগিয়ে থাকা স্বাগতিকরা অবশ্য প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয় মোটেই। বরং পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কে শন পোলকের কণ্ঠে বাড়তি সতর্কতা এবং শ্রদ্ধা,“ওদের (পাকিস্তানের) রয়েছে কয়েক জন বিপজ্জনক ম্যাচ উইনার ও বিস্ময়কর প্রতিভা। একটা দল হিসাবে তারা এক সঙ্গে জ্বলে উঠলে ওদের হারানো খুবই কঠিন।” যদিও নিজেদের সামর্থ্য এবং অনুপ্রেরণা সম্পর্কে মোটেও সন্দিহান নন এই অলরাউন্ডার,“এটা আমাদের জন্য এক ধরনের øায়ুযুদ্ধ। কারণ, আমরা সত্যিই সিরিজটা জিততে চাই। যার অর্থ, ম্যাচটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা দারুণ উজ্জীবিত, কারণ হেরে গেলেই তো সিরিজটা জিততে পারবো না আমরা।”

এই ম্যাচে মোহাম্মদ আসিফকে বিশ্রাম দিতে পারে পাকিস্তান। সামনেই বিশ্বকাপ, তাই কনুইয়ের ইনজুরিতে পড়া দলের অন্যতম সেরা বোলারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় তারা। আসিফের জায়গায় সুযোগ পেতে পারেন রাও ইফতিখার আঞ্জুম।