ঘোষণার দিন সকালেই চূড়ান্ত হবে দল
সোমবারই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত করে ফেলার কথা ছিল নির্বাচকদের। কিন্তু জিম্বাবুয়েতে সিরিজ জয়ী দলের দেশে ফিরতে চার ঘন্টা বিলম্ব তা হতে দেয়নি।
দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তিটা আরো দীর্ঘ হয়েছে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের জটে। এ কারণে এদিনই নির্বাচক গোলাম নওশের প্রিন্স, কোচ ডেভ হোয়াটমোর এবং অধিনায়ক হাবিবুল বাশারকে নিয়ে নির্ধারিত দল নির্বাচনী সভা স্থগিত হয়েছে। সেটা হবে মঙ্গলবার সকালে, মানে দল ঘোষণার দিনই। দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে বাংলাদেশের তৃতীয় বিশ্বকাপের দল। “সবাই খুব ক্লান্ত। তাই আজ আমরা বসিনি। মঙ্গলবার সকালে বসেই ঠিক করবো দল”--- সোমবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স কে বলেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইদানীং ঘোষণার আগেই ফাঁস হয়ে যাচ্ছিল দল। এবার তা রুখতে এটা নতুন কৌশল কিনা কে জানে!
আগেরদিন ফারুক মোহাম্মদ রফিক ও মোহাম্মদ শরীফের ইনজুরির ব্যাপারে ফিজিওর রিপোর্টের কথা বলছিলেন। সোমবার দুপুরে দেশে ফেরার পর পল ক্লোজের কথায় বোঝা গেল ইতিবাচক রিপোর্টই দেবেন তিনি,“তাদের দুজনকেই পাওয়া যাবে বলে আশা করছি।” সঙ্গে এও যোগ করে দিচ্ছেন,“আগামীকাল (মঙ্গলবার) ওদের অবস্থা খতিয়ে দেখা হবে।” রফিক অবশ্য এয়ারপোর্টেই জানিয়ে দিয়েছেন,“এখন আর তেমন সমস্যা মনে হচ্ছে না।”
নিজ চোখে জিম্বাবুয়ে সিরিজ দেখে আসা প্রিন্স যেভাবে এই সফরের উইকেটকিপার মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন, তাতে তার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, “আমরা কিন্তু ওকে একেক ম্যাচে একেক পজিশনে ব্যাট করিয়েছি। প্রতিটা জায়গাতেই ও রান করেছে। এক কথায় দারুণ ব্যাটিং।” উইকেটকিপার না হলেও স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তার টিকে যাওয়ার গুঞ্জনটা এতে আরো জোর পাচ্ছে।
