স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নেমে পড়েছে আইসিসি
মার্লন স্যামুয়েলস সত্যিই কোনো বাজিকরের সঙ্গে কথা বলেছেন কিনা বা বলে থাকলে ম্যাচ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন কিনা তা খতিয়ে দেখতে কাজে নেমে পড়েছে আইসিসি। সোমবার নাগপুরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে খোঁজ --- খবর নিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দুর্নীতি দমন কর্মকর্তারা।
ভারতের শহর নাগপুরেই নাকি গত মাসে ওয়েস্টইন্ডিজ --- ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলার সময় এক বাজিকরের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্লন স্যামুয়েলস। নাগপুরের পুলিশ দাবী করেছে উইন্ডিজ ব্যাটসম্যান মুকেশ কোচ্চার নামের এক বাজিকরকে নাকি ওই ম্যাচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়ে দিয়েছেন। পুলিশ অবশ্য এ --- ও বলেছে যে, স্যামুয়েলস তথ্য ফাঁস করে কোনো টাকা নিয়েছেন এমন প্রমান তারা পাননি।
তারপরও বাজিকরকে ম্যাচবিষয়ক তথ্য জানানোও তো অপরাধের পর্যায়েই পড়ে। সে অপরাধ আদৌ স্যামুয়েলস করেছেন কিনা তা যাচাই করতেই আইসিসির তিন দুর্নীতি দমন কর্মকর্তা এখন নাগপুরে। আইসিসির মুখপাত্র ব্রায়ান মারগাট্রয়ড সেখান থেকে ফোনে জানিয়েছেন তদন্তে প্রয়োজনীয় সহযোগীতা তারা পাচ্ছেন,“তারা (পুলিশ) কি তথ্য পেয়েছে সেটা দেখতে চাইছি আমরা। ওরা বেশ সহযোগীতা করছে আমাদের।” আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান তদন্ত কর্মকর্তা জেফ্রি রিস - এর নেতৃত্বে এই তদন্ত দলটি নাগপুরে তাদের কাজ সারবে দুদিনের মধ্যে। কাজ শেষে তারা রিপোর্ট জমা দেবেন আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড এবং দুর্নীতি দমন ইউনিট প্রধান পল কংডনের কাছে। স্যামুয়েলসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া দরকার মনে করলে আইসিসি সে অনুরোধ করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ।
